তিন ঘণ্টা অপেক্ষার পরও লাগেজ মেলেনি, বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩৩৮ ফ্লাইটে লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য। যাত্রী হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে তারা বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী চার সংসদ সদস্য হলেন—শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী ও খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।
অভিযোগপত্রে বলা হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটে মদিনা থেকে ঢাকায় অবতরণ করে বিজি৩৩৮ ফ্লাইটটি। তবে অবতরণের পর তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বেশির ভাগ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ বুঝে পাননি।
ওই ফ্লাইটে অন্তত ৩৫ জন সংসদ সদস্যসহ বিপুলসংখ্যক যাত্রী ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। দীর্ঘ সময় লাগেজ না পাওয়ার পরও এর যৌক্তিক কারণ জানানো কিংবা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। এতে যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।
বিষয়টি দ্রুত সমাধান করে যাত্রীদের লাগেজ বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন চার সংসদ সদস্য।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন অভিযোগপত্রের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। সেখানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ভোগান্তির সমালোচনা করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array