নানাবাড়ির স্মৃতি মনে করে যা বললেন প্রধানমন্ত্রী
বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নিজের নানাবাড়িতে যাওয়ার স্মৃতিচারণ করেন তিনি।
এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম। খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম।’
তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, একই সঙ্গে নানাবাড়ির জন্যও কাজ করতে হবে।
এর আগে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষকে বন্যার হাত থেকে রক্ষায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প এবং নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন।
উন্নয়ন কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভোটের আগে তিনি নদীটি খননের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই এখন কাজ শুরু করা হচ্ছে।
ফেনীর রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল অরাজকতা তৈরির চেষ্টা করছে। ১৯৭১ সালে তাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে এসব দল কয়েকটি আসনে জয়ী হয়ে নানা ধরনের কর্মকাণ্ড করছে। এ পরিস্থিতিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ফেনী সফর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে বাসে করে পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array