বিরোধীদের সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল অরাজকতা তৈরির চেষ্টা করছে। ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল, তা সবাই দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে এসব দল কয়েকটি আসনে জয়ী হয়ে নানা ধরনের কর্মকাণ্ড করছে। বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সময় এসেছে সচেতন হওয়ার।’
বিরোধীদের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তারা সরকারকে নসিহত করে। তাদের উদ্দেশে তিনি নিজের দিকেও তাকানোর আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী তার নানাবাড়িতে আসার স্মৃতিচারণও করেন। তিনি বলেন, বহু বছর পর নানাবাড়িতে এসেছেন। সম্ভবত ১৯৮৪ সালে সেখানে গিয়েছিলেন এবং পরে ১৯৯১ সালেও গিয়েছিলেন। দেশের মানুষের জন্য কাজ করার পাশাপাশি নানাবাড়ির জন্যও কাজ করার কথা বলেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষকে বন্যার হাত থেকে রক্ষায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প এবং নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন।
উন্নয়ন কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভোটের আগে তিনি নদীটি খননের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই এখন কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম ফেনী সফর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে বাসে করে পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array