পাঁচ দশক পেরিয়ে কোরআন শেখার পথে ৪২ প্রবীণ
মাগরিবের নামাজের পর মসজিদে নেমে আসে নীরবতা। সেই নীরবতা ভেঙে ভেসে আসে পবিত্র কোরআনের আয়াত পাঠের শব্দ। মসজিদের মেঝেতে গোল হয়ে বসে আছেন বেশ কয়েকজন প্রবীণ। কারও চুলে পাক ধরেছে, কারও শরীর নুয়ে পড়েছে বয়সের ভারে। তবুও কোরআন শেখার আগ্রহে নিয়মিত মসজিদে ছুটে আসছেন তারা।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জীবনের পড়ন্ত বেলায় এসে কোরআন শেখার এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৪২ জন প্রবীণ শ্রমজীবী। ছোটবেলা থেকে দারিদ্র্য, জীবনসংগ্রাম ও পারিবারিক দায়িত্বের কারণে যারা কোরআন শেখার সুযোগ পাননি, পাঁচ দশক পার করে তারাই এখন নিয়মিত কোরআন শিক্ষা নিচ্ছেন। পাশাপাশি শুদ্ধভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের নিয়মকানুনও শিখছেন তারা।
শুক্রবার রাতে কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে দেখা যায়, কোরআন শিক্ষা সম্পন্ন করা এসব প্রবীণ শিক্ষার্থীর হাতে কোরআন শরিফ তুলে দেওয়া হচ্ছে। ‘শেখ আব্দুস সালাম ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনা মূল্যে মাদানি পদ্ধতিতে তাদের কোরআন শিক্ষা দেওয়া হয়।
গত এক বছরের বেশি সময় ধরে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সবজি বিক্রেতাদের পাঠদান করছেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল মোমেন। সারা দিনের কাজ শেষে ক্লান্ত শরীর নিয়েও প্রতিদিন মাগরিবের পর থেকে এশার আজান পর্যন্ত মসজিদে এসে পাঠ নেন প্রবীণরা।
কোরআন উপহার পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের একজনের জন্য ছিল বিশেষ চমক। লটারির মাধ্যমে ৭০ বছর বয়সী শফিকুল ইসলাম তারাকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে ‘স্যাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’। এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালক মাওলানা ক্বারী মুয়াজ নোমানী জানান, এটি তাদের কোরআন শিক্ষা কার্যক্রমের দ্বিতীয় ব্যাচ। ২০২৫ সালের ৯ জুলাই এই ব্যাচের পাঠদান শুরু হয়। দ্বিতীয় ব্যাচের আরও তিন মাসের কার্যক্রম বাকি রয়েছে। এরপর তৃতীয় ব্যাচ শুরু হবে।
তিনি বলেন, স্থানীয় প্রবীণদের মধ্যে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিনা মূল্যের এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা কোরআন শিক্ষা ও ধর্মীয় জ্ঞানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, শেখ আব্দুস সালাম ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, ওলামা নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array