খুঁজুন
                               
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ড. এমহামেদ সাঈদ জিদানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ক‌রে‌ছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

বৈঠকে লিবিয়া-বাংলাদেশ সম্পর্ককে আরও সুদূরপ্রসারী, গতিশীল ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গত সপ্তা‌হে হওয়া এই বৈঠক নি‌য়ে ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জানায়, বৈঠকের শুরুতে উপমন্ত্রী রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যাতে পারস্পরিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে উভয় দেশের অবস্থান আরও সুদৃঢ় হয়।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, লিবিয়ার উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং তাদের নিষ্ঠা, কর্মদক্ষতা ও আমানতদারিতার মাধ্যমে তারা লিবিয়ান জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

রাষ্ট্রদূত লিবিয়া-বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ প্রেক্ষিতে তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা জোরদার, জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ, নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপ আয়োজন, বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি প্রদানের মতো বিষয়গুলো গুরুত্বসহকারে উপস্থাপন করেন।

রাষ্ট্রদূত লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ও কার্যকর সহযোগিতা কামনা করেন। তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশি নাগরিকের অপহরণ, নির্যাতন এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন উদ্বেগজনক বিষয় তুলে ধরে এসব ঘটনার প্রতিরোধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধের বিষয়েও উভয় পক্ষ গুরুত্বসহকারে আলোচনা করেন। এ প্রেক্ষিতে অনিয়মিত অভিবাসন সংক্রান্ত বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলা, অভিবাসন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অভিবাসীদের নিরাপত্তা, মানবিক ঝুঁকি হ্রাস এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যক্তির অধিকার সুরক্ষায় দ্বিপাক্ষিক সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

এছাড়া, উভয়পক্ষ স্বাস্থ্যখাতসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণে সমন্বিত ও আন্তরিকভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

কালের আলো/এসএকে

স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে বাংলাদেশ করে ১৩৩ রান। জবাবে খেলতে নেমে ২৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটিশরা।

এডিনবার্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনিং জুটিতে আসে ১৬ রান। ১৩ বলে ১২ রান করে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার দিলারা আক্তার আউট হওয়ার আগে করেন ১১ রান। আর শারমিন আক্তারের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন দলনেতা নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ২২ রান করে করেন সোবহানা মোস্তারি ও স্বর্ণ আক্তার। ২ রান করেন রাবেয়া খান।

রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি স্কটিশরা। দলনেতা ক্যাথরিন ব্রাইসের ফিফটিতে সহজ জয় পেয়ে যায় তারা। সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন ক্যাথরিন। ২৮ রান করেন ওপেনার ক্যাথেরিন ফ্রেশার। এছাড়া ডার্সি কার্টার ও সারাহ ব্রাইস ২৩ রান করে করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বর্জ্য অপসারণ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
বর্জ্য অপসারণ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: সেলিম উদ্দিন

মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন

বিএনপি নেতৃত্বাধীন সরকার কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

পশুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবি তার।

শনিবার (৩০ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। রাজধানীর অনেক এলাকায় এখনো পশুর বর্জ্য পড়ে আছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে এবং বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে। কিন্তু এসব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। পাশাপাশি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলোতেও সরকারের সমালোচনা করেন তিনি।

জামায়াত নেতা বলেন, ‘জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। যারা এমন অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় সমস্যার সমাধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি।’

কালের আলো/আরডি/এমডিএইচ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন আরোহী আহত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল।

পথে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল।

পথে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালের আলো/জেএন/এমএসআইপি