খুঁজুন
                               
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থেকেছে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও দেশপ্রেমিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বক্তৃতার শুরুতে তিনি রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে বলেন, রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরেছেন। ‘মানুষের সংশোধন ও শেখার প্রক্রিয়া সীমাহীন’–এ কথা উল্লেখ করে তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘১৯৭১ সালে যখন অনেকেই দিশেহারা, তখন জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।’

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর তিনি কোনো পদ বা ক্ষমতার দাবি না করে একজন সুশৃঙ্খল সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দেশপ্রেমের এক বিরল উদাহরণ।

তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সে সময় দিগভ্রান্ত জাতি শহীদ জিয়ার ওপর আস্থা রেখে তাকে নেতৃত্বে নিয়ে আসে এবং তিনি সফলভাবে দেশ পরিচালনা করেন। তার নেতৃত্বে দুর্ভিক্ষপীড়িত ও হতাশাগ্রস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হয় বলে তিনি উল্লেখ।
অর্থনৈতিক উন্নয়নে জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রেমিট্যান্সের সূচনা, তৈরি পোশাক খাতের ভিত্তি স্থাপন এবং কৃষি ও উৎপাদন ব্যবস্থার উন্নয়ন–সব ক্ষেত্রেই তার অবদান রয়েছে।’

তিনি বলেন, দেশের প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ধারণার মাধ্যমে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে ঐক্যবদ্ধ করার দর্শন প্রতিষ্ঠা করেন শহীদ জিয়াউর রহমান।

তিনি নারী উন্নয়ন ও সামাজিক খাতে জিয়ার অবদান তুলে ধরে বলেন, মহিলা অধিদপ্তর ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রবর্তন– এসব উদ্যোগ তার সময়েই নেওয়া হয়। এরপর খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তিনি দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে দলকে শক্তিশালী করেছেন এবং নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বর্তমান প্রজন্মের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, মানুষ এখন কর্মসংস্থান, ন্যায্যমূল্য এবং উন্নত জীবনযাত্রা চায়। তাই রাজনৈতিক বিতর্কের চেয়ে জনগণের বাস্তব সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, দেশের সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

কালের আলো/এসএকে

কালশী বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত ১২৫০ জনের মধ্যে আনসার ও ভিডিপির খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
কালশী বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত ১২৫০ জনের মধ্যে আনসার ও ভিডিপির খাবার বিতরণ

রাজধানীর কালশী বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জনের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (৩০ মে) বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় এ খাবার বিতরণ করা হয়।

গত ২৫ মে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে কালশী বস্তির অসংখ্য ঘরবাড়ি পুড়ে যায় এবং শত শত পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়। অনেক পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে দিন কাটাচ্ছে।

খাবার বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই স্বেচ্ছাসেবা দায়িত্ব পালনে ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য ও ৩৫ জন ভিডিপি সদস্য নিয়োজিত ছিলেন।

বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিচালক (উইং) শুভ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের অধিনায়ক উপপরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের অধিনায়ক উপপরিচালক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন থানার আনসার-ভিডিপি কর্মকর্তারা।

কালের আলো/এসআর/এএএন

জিয়ার রূপকল্পই ফিরিয়ে দেবে চলচ্চিত্রের সুদিন: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
জিয়ার রূপকল্পই ফিরিয়ে দেবে চলচ্চিত্রের সুদিন: মঈন খান

চলচ্চিত্রের প্রকৃত উন্নয়ন ও সুদিন ফিরিয়ে আনতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্পই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (৩০ মে) সকালে বিএফডিসি গেটে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

চলচ্চিত্রের উন্নয়নে জিয়াউর রহমানের অবদান স্মরণ করে মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতিই দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সরকারি অনুদান প্রথা, ফিল্ম আর্কাইভ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি বিটিভিকে সাদাকালো থেকে রঙিন করেছিলেন তিনি।

বিএনপি ক্ষমতায় থাকলেই চলচ্চিত্রের সবচেয়ে বেশি উন্নয়ন হয়। ‘১৭ বছরে এফডিসি ধ্বংস করা হয়েছে’ এমন মন্তব্য করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছরে সাবেক ফ্যাসিস্ট সরকার এফডিসিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের এই ক্ষতি কাটিয়ে ওঠা হবে।

জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি ও পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মেঘ। স্বাগত বক্তব্য দেন মহাসচিব ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।

কালের আলো/এসআর/এএএন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জাতির প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়িয়ে দেশের হাল ধরেছেন।

শনিবার (৩০ মে) কুমিল্লা মহানগরীর শিল্পকলা একাডেমিতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। তার জীবনাদর্শ, সততা, দায়িত্ববোধ এবং জনগণমুখী রাজনীতি আজও দেশের মানুষের কাছে অনুকরণীয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের অনুসারীদের আচরণ, দায়িত্বশীলতা, জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ যেন তাদের কর্মকাণ্ডে শহীদ জিয়ার আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন দেখতে পায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

মন্ত্রী বলেন, একটি সৎ, দায়িত্বশীল ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রত্যাশায় জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক কর্মীদের আরও দায়িত্বশীল, সংযমী ও জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে। যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা রোধে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনকে সহযোগিতার জন্য সহায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার ও দলের নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ আশা ও বিশ্বাস নিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা দল বিতর্কিত হয়।

কৃষি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে কাজ করে যেতে চাই। একই সঙ্গে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করি।

সভায় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি বলেই দেশ-বিদেশে একজন আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকিতে মাঠপর্যায়ে খোঁজখবর নিচ্ছেন এবং দায়িত্ব পালনে অবহেলা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন। জনগণের কল্যাণে নেতৃত্বের এ ধরনের সক্রিয়তা থেকে দলীয় নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত।

তিনি জনগণের সেবা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

কালের আলো/এসআর/এএএন