খুঁজুন
                               
রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ, ১৪৩৩
           

সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ নাগরিক– সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।

রোববার (১০ মে) ডিএসসিসির বুড়িগঙ্গা হলরুমে আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া মোকাবিলায় সমালোচনাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন।

কোথাও কাজের ঘাটতির বিষয়ে অভিযোগ বা রিপোর্ট পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়। আবদুস সালাম বলেন, মশকনিধন কার্যক্রমে ব্যবহৃত ওষুধ একাধিকবার পরীক্ষা করা হয়েছে।

মন্ত্রণালয়ের পরীক্ষায় ওষুধ কার্যকর ও গ্রহণযোগ্য বলে মত দেওয়া হয়েছে। এরপরও নতুন ওষুধ ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ে কীটতত্ত্ববিদদের মাধ্যমে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সিটি কর্পোরেশন একা কখনোই এ সংকট মোকাবিলা করতে পারবে না।

ডিএসসিসি প্রশাসক জানান, জরিপের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হবে এবং ইতোমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য প্রাণহানি কমিয়ে আনতে আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

আবদুস সালাম আরও বলেন, নর্দমা ও আবর্জনা পরিষ্কার রাখতে হবে। যেকোনোভাবেই আবর্জনামুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এ কাজে দলীয় পরিচয় নয়, পরিচ্ছন্নতাই প্রধান বিষয়।

কালের আলো/এসআর/এএএন

বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালি বাংলাদেশে তৈরি পোশাক, খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহী।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ইতালির রাষ্ট্রদূত জানান, ইতালি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

এ সময় ইতালির দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি (মেশিনারিজ) ক্রয়ের আহ্বান জানানো হয়, যা বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশে ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে সফর ও প্রীতি ম্যাচ আয়োজনের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির মধ্যে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বাণিজ্য, সামরিক, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল মাদরাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় মোট ৮৯ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (১০ মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম উপাচার্যের কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ পরীক্ষা দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো, যথাসময়ে পরীক্ষা গ্রহণ, দ্রুত ও নির্ভুলভাবে ফলাফল প্রকাশ এবং শিক্ষার্থীদের হাতে সময় মতো সনদ ও নম্বরপত্র পৌঁছে দেওয়া। তিনি বলেন, ‘বর্তমানে এক বছর মেয়াদি কামিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এ পরীক্ষার ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে। মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে শুধু পরীক্ষা পরিদর্শনই যথেষ্ট নয়। পরীক্ষা গ্রহণে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

অধ্যাপক আবু জাফর খান বলেন, যুগোপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে দেশের সব মাদ্রাসাকে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালনা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের সবাই সচেষ্ট থাকবেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আগামী দিনে দ্রুত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করার মাধ্যমে সেশনজট শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ বছর কামিল পরীক্ষার মেধাতালিকায় চূড়ান্ত বর্ষে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ছারছীনা দারুসুন্নত কামিল মাদ্রাসা, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা শীর্ষস্থান লাভ করেছে। এ ছাড়া প্রথম বর্ষে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শীর্ষস্থানে রয়েছে।

সারা দেশের ১৬৭টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ও চূড়ান্ত বর্ষ মিলিয়ে মোট ৪২ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৭ হাজার ৬২২ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রথম বর্ষে পাসের হার ৮৩ দশমিক ৫১ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে ৯৬ দশমিক ১২ শতাংশ।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

১৮৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা গায়িকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
১৮৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা গায়িকার

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা। গায়িকার অভিযোগ, প্রতিষ্ঠানটি তার অনুমতি ছাড়াই পণ্যের বিজ্ঞাপনে ছবি ব্যবহার করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’র প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৮ মে) ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, গত বছর থেকে স্যামসাং তাদের টিভির প্যাকেজিংয়ে দুয়া লিপার একটি ছবি ব্যবহার করে আসছে। ছবিটি মূলত ‘অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যাল’-এ তার পারফর্ম করার সময়ের।

বিষয়টি নজরে আসার পর দুয়া লিপা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ছবিটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছিলেন। তবে তার দাবি, স্যামসাং কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।

মামলার অভিযোগে পপ তারকা উল্লেখ করেন, ‘আমার অগোচরে এবং কোনো প্রকার অনুমতি ছাড়াই আমার ছবি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না।’ তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘আমি এমন কাজের জন্য কখনোই অনুমতি দিইনি এবং ভবিষ্যতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’

গায়িকার অভিযোগের বিষয়টি সামনে আসতেই সামাজিক মাধ্যমে ডুয়ার এক ভক্ত লিখেছেন, ‘আমি টিভি কেনার কথা ভাবিওনি। কিন্তু বক্সে তার (দুয়া লিপা) ছবি দেখে এটি কেনার সিদ্ধান্ত নিই।’ অন্য এক ভক্ত জানান, শুধুমাত্র প্রিয় তারকার ছবি থাকার কারণে তিনি পণ্যটি কিনেছেন।

পপ তারকার ভাষ্যমতে, বিশ্বজুড়ে তার একটি ‘প্রিমিয়াম ব্র্যান্ড ভ্যালু’ রয়েছে। তিনি অত্যন্ত বাছাই করা কিছু কোম্পানির সঙ্গে কাজ করেন। স্যামসাংয়ের কর্মকাণ্ডে গায়িকার ব্র্যান্ড ইমেজের ব্যাপক ক্ষতি হয়েছে।

গায়িকার আইনজীবী জানিয়েছেন, স্যামসাং কপিরাইট আইন লঙ্ঘন ছাড়াও ক্যালিফোর্নিয়ার ‘রাইট-অফ-পাবলিসিটি’ আইন, ল্যানহ্যাম অ্যাক্ট এবং ট্রেডমার্ক নীতিমালা লঙ্ঘন করেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ