খুঁজুন
                               
শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ়, ১৪৩৩
           

১৮৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা গায়িকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
১৮৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা গায়িকার

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা। গায়িকার অভিযোগ, প্রতিষ্ঠানটি তার অনুমতি ছাড়াই পণ্যের বিজ্ঞাপনে ছবি ব্যবহার করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’র প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৮ মে) ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, গত বছর থেকে স্যামসাং তাদের টিভির প্যাকেজিংয়ে দুয়া লিপার একটি ছবি ব্যবহার করে আসছে। ছবিটি মূলত ‘অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যাল’-এ তার পারফর্ম করার সময়ের।

বিষয়টি নজরে আসার পর দুয়া লিপা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ছবিটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছিলেন। তবে তার দাবি, স্যামসাং কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।

মামলার অভিযোগে পপ তারকা উল্লেখ করেন, ‘আমার অগোচরে এবং কোনো প্রকার অনুমতি ছাড়াই আমার ছবি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না।’ তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘আমি এমন কাজের জন্য কখনোই অনুমতি দিইনি এবং ভবিষ্যতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’

গায়িকার অভিযোগের বিষয়টি সামনে আসতেই সামাজিক মাধ্যমে ডুয়ার এক ভক্ত লিখেছেন, ‘আমি টিভি কেনার কথা ভাবিওনি। কিন্তু বক্সে তার (দুয়া লিপা) ছবি দেখে এটি কেনার সিদ্ধান্ত নিই।’ অন্য এক ভক্ত জানান, শুধুমাত্র প্রিয় তারকার ছবি থাকার কারণে তিনি পণ্যটি কিনেছেন।

পপ তারকার ভাষ্যমতে, বিশ্বজুড়ে তার একটি ‘প্রিমিয়াম ব্র্যান্ড ভ্যালু’ রয়েছে। তিনি অত্যন্ত বাছাই করা কিছু কোম্পানির সঙ্গে কাজ করেন। স্যামসাংয়ের কর্মকাণ্ডে গায়িকার ব্র্যান্ড ইমেজের ব্যাপক ক্ষতি হয়েছে।

গায়িকার আইনজীবী জানিয়েছেন, স্যামসাং কপিরাইট আইন লঙ্ঘন ছাড়াও ক্যালিফোর্নিয়ার ‘রাইট-অফ-পাবলিসিটি’ আইন, ল্যানহ্যাম অ্যাক্ট এবং ট্রেডমার্ক নীতিমালা লঙ্ঘন করেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, নিখোঁজ ৫০ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, নিখোঁজ ৫০ হাজারের বেশি

ভেনেজুয়েলার উত্তর উপকূলে নতুন করে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সম্প্রতি পরপর দুটি ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিখটার স্কেলে সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ রেকর্ড করা হয়েছে। শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটিতে গত বুধবারের ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এতে রাজধানী কারাকাসের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি জানিয়েছে, সর্বশেষ এ ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে রয়টার্স জানিয়েছে, শুক্রবার মারাকাই ও কারাকাসেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে দক্ষিণ আমেরিকার দেশটিতে গত বুধবার ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন এবং ১৭২ জনের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। এ ছাড়া নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, লা গুয়াইরা রাজ্যের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় জনসাধারণের প্রবেশ সীমিত করা হবে।

সূত্র: আল জাজিরা

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মাঝরাতে কাটাবনের ভবনে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
মাঝরাতে কাটাবনের ভবনে আগুন, নিহত ২

রাজধানীর কাঁটাবনের ১৪ তলাবিশিষ্ট আল বারাকা টাওয়ারের আবাসিক ভবনের ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারী দুজনের মধ্যে এজনের নাম জনি (২৫), তার বাড়ি কিশোরগঞ্জ; অন্যজনের নাম সালাম (১৯), তার বাড়ি বগুড়ায়। তারা দুজনেই অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান।

আল বারাকা টাওয়ারের ১২ তলার ডি-১ ও ১৩ তলার ডি-১ দুটি ফ্ল্যাটে ল চেম্বার ছিল। জনি ও সালাম দুই চেম্বারের অ্যাডভোকেটের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত জনি ও সালামকে ভবনের ১৩ তলার ডি-১ ফ্ল্যাটের ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়। পরে একজনকে ঢাকা মেডিক্যালে এবং অন্যজনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। পরে দুজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ২০ মিনিটে আগুন লাগে। পরে পলাশী থেকে দুটি ইউনিট ও সিদ্দিকবাজার থেকে ৪টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালের আলো/এএন/এমএসআইপি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে ধীরগতির অভিযোগ করছেন দেশটির সাধারণ মানুষ। খবর সিএনএনের।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। শুক্রবার তিনি জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে।

এর আগে দেলসি রদ্রিগেজ ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হওয়ার তথ্য দেন। গত শুক্রবার (২৬ জুন) ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা রাজ্য পরিদর্শনকালে তিনি জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা, এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে আনুমানিক কত মানুষ নিহত হতে পারেন, সে তথ্য দেওয়া না হলেও নিখোঁজ ব্যক্তিদের তালিকা একটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ হাজার ৬০০ জনের নাম যুক্ত করা হয়েছে।

ভেনেজুয়েলার সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ২৫০টি ভবন ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। এর মধ্যে আটটি হাসপাতাল, রেডক্রস ভবন ও ফরাসি দূতাবাস ভবন রয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পকে দেশটির গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি