খুঁজুন
                               
শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া তার সাম্প্রতিক বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে ববি হাজ্জাজ বলেন, একটি পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার কিছু মন্তব্য নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বক্তব্যের কিছু অংশ ভুলভাবে বোঝা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ভুল ব্যাখ্যাও করা হয়েছে। তাই বিষয়টি পরিষ্কার করার প্রয়োজন অনুভব করেছেন।

তিনি বলেন, এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তা ও মতামত, যা কোনোভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়। আমি মূলত বলতে চেয়েছি, সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি বিশ্বমানের একটি গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার।

বক্তব্যের উদ্দেশ্য কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা বা অবদানকে খাটো করা ছিল না; বরং ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরা ছিল।

তিনি আরও বলেন, ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী, গত সতেরো বছরে দেশের উচ্চশিক্ষা খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গবেষণার প্রতি পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি, অ্যাকাডেমিক উৎকর্ষের পরিবর্তে স্বৈরাচারী সরকারের রাজনৈতিক বিবেচনা অনেক ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে এবং শিক্ষক নিয়োগ ও পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধাভিত্তিক মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

প্লেজারিজমের মতো অনৈতিক অ্যাকাডেমিক চর্চার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। আমি এসব প্রবণতার কঠোর সমালোচনা করি এবং বিশ্বাস করি, এগুলোর কোনো স্থান একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত নয়।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পডকাস্টের আলোচনাটি ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত কথোপকথন। এটি কোনো গবেষণাভিত্তিক, প্রাতিষ্ঠানিক বা নীতিগত আলোচনা ছিল না।

যদি এটি একটি আনুষ্ঠানিক অ্যাকাডেমিক বা নীতিগত আলোচনার পরিসর হতো, তাহলে বক্তব্যের ভাষা ও উপস্থাপনাও আরও কাঠামোবদ্ধ ও নির্দিষ্ট হতো।

ববি হাজ্জাজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং জাতি গঠনে তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। আমি চাই, এই বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হিসেবেই নয়, বরং বিশ্বমানের গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার একটি স্বীকৃত কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান অর্জন করুক।

তিনি আরও বলেন, বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও দায়িত্বে রয়েছেন, তারাও এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দিনে আন্তর্জাতিক মানদণ্ডে আরও সমৃদ্ধ, আরও গবেষণানির্ভর এবং আরও প্রতিযোগিতামূলক একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

ফেসবুক পোস্টে ববি হাজ্জাজ আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা এমন একটি অ্যাকাডেমিক সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে সততা, মেধা, গবেষণার মান এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা সর্বোচ্চ মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে; যেখানে প্লেজারিজম বা অন্য কোনো অনৈতিক অ্যাকাডেমিক চর্চার কোনো স্থান থাকবে না।

সেটিই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের প্রতি প্রকৃত সম্মান এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

তিনি বলেন, তারপরও আমার আংশিক বক্তব্যটি যেহেতু কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে, অনেকেই অসন্তুষ্ট হয়েছেন, আমার অনেক প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষী মর্মাহত হয়েছেন সেজন্য আমার এই বক্তব্যটি আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি এবং আশা করি এরপর এ বিষয়ে আর কোনো বিতর্ক ও ভুল বোঝাবুঝি থাকবে না।

প্রসঙ্গত, সম্প্রতি একটি পডকাস্টে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাবিকে একটি ‘কোচিং সেন্টার’ হিসেবে আখ্যা দিয়ে তুলনামূলকভাবে ব্র্যাক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি গবেষণার ক্ষেত্রে এগিয়ে আছে বলে মন্তব্য করেন৷ যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে হাইড্রোলিক টুলভ্যানের মাধ্যমে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায়। তিনি জানান, লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগি উদ্ধার করা হয়েছে এবং সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের খালি বগি মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটসহ সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া থেকে উদ্ধারকারী দল হাইড্রোলিক টুলভ্যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। রাত ৮টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার শেষে রেল চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকে পড়ে এবং ট্রেন চলাচলের সময়সূচিতে সাময়িক বিপর্যয় দেখা দেয়।

কালের আলো/এসকে/এমএসআইপি 

বর্জ্য অপসারণে গাফিলতি দেখলেন প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
বর্জ্য অপসারণে গাফিলতি দেখলেন প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তা বরখাস্ত

ঈদের বর্জ্য ও জমে থাকা ময়লা-আবর্জনা ঠিকমতো পরিষ্কার করা হয়েছে কিনা, তা সরেজমিনে দেখতে মাঠে নেমেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার চিত্র দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। বর্জ্য অপসারণে মাঠপর্যায়ের চরম গাফিলতি ও অবহেলা হাতেনাতে ধরে স্পটেই তাৎক্ষণিক ব্যবস্থা নেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এ পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। পরিচ্ছন্নতা কার্যক্রমের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রী নিজেই রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা পরিদর্শনে বের হন। কিন্তু সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, এখনো রাস্তায় রাস্তায় ঈদের বর্জ্য ও আগের জমে থাকা ময়লা পড়ে আছে।

নির্ধারিত সময় পার হওয়ার পরও জনগুরুত্বপূর্ণ এসব সড়ক পরিষ্কার না হওয়ায় এবং কর্মকর্তাদের তদারকির অভাব দেখে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। মাঠপর্যায়ের এই উদাসীনতা ও দায়িত্বহীনতার প্রমাণ পেয়ে তিনি স্পটেই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কালের আলো/এসআর/এএএন 

রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

দেশের ১৩ অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৯ মে) দুপুর ২টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকস্মিক দমকা হাওয়া ও বজ্রঝড়ের কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি