খুঁজুন
                               
বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপি’র মতবিনিময়

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপি’র মতবিনিময়

রাজশাহী মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনদুর্ভোগ লাঘব এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাম্বুলেন্স, সিএনজি, কার-মাইক্রো, হিউম্যান হলার, মিশুক ও লেগুনা মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সম্প্রতি আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় মালিক সমিতির প্রতিনিধিরা অধিযাচনকৃত যানবাহনের চালকদের বিশ্রামের ব্যবস্থা, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং পরিবহন খাত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও দাবি কমিশনারের সামনে তুলে ধরেন।

জবাবে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, পুলিশ নির্ধারিত নীতিমালা ও বিধিবিধানের আওতায় পরিচালিত হয়। ফলে সব বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়। তবে উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যৌক্তিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে।

তিনি বলেন, যত্রতত্র যানবাহনের স্ট্যান্ড স্থাপন করে সড়কে যানজট সৃষ্টি করা যাবে না। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে এমন কার্যক্রম পরিহার করে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় অ্যাম্বুলেন্স মালিকদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, রোগী ও তাদের স্বজনদের যেন কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত আর্থিক চাপের মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিটি কর্পোরেশনের সহযোগিতায় দুটি সেবাকাউন্টার স্থাপনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। প্রস্তাবিত কাউন্টার দু’টির একটিতে অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধি এবং অন্যটিতে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগী ও তাদের স্বজনরা নির্ধারিত ভাড়ায়, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশে সহজেই অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

গৌরহাঙ্গা রেলগেটকে মহানগরীর অন্যতম যানজটপ্রবণ এলাকা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সিএনজি স্ট্যান্ড পরিচালনাকারী প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি সিএনজি মালিক পক্ষকে নির্ধারিত পোশাকধারী স্বেচ্ছাসেবক প্রতিনিধি নিয়োগের আহ্বান জানান, যারা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে কাজ করবেন।

তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিএনজি চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং যানজট নিরসনের পাশাপাশি সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনাও কার্যকর হবে।

সভায় উপস্থিত মালিক সমিতির প্রতিনিধিরা জনস্বার্থে গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম, চলতি দায়িত্ব), উপ-পুলিশ কমিশনার (ফোর্স), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপ তথ‍্যমন্ত্রী।

১০জুন (বুধবার) চীনের চংচিং শহরে এ সম্মেলনের উদ্বোধন করেছেন তারা। এবারের সিএমজি সম্মেলনের প্রতিপাদ্য ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’।

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার শহর হিসেবে পরিচিত চংচিং-এ এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ ছাড়া, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।

 

তিনি দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হয়।

এ আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

সারাদেশে ৪০ দিনে গ্রেফতার ১৮৩২৮, অবৈধ অস্ত্রধারী ৩৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
সারাদেশে ৪০ দিনে গ্রেফতার ১৮৩২৮, অবৈধ অস্ত্রধারী ৩৩১

সারাদেশে পুলিশের অভিযানে ১৮ হাজার ৩২৮ জন গ্রেফতার হয়েছে। তাদেরকে গত ১ মে শুরু হওয়া চলমান বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।

বুধবার (১০ জুন) রাতে বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সারাদেশে বিভিন্ন কর্মসূচির নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগী হিসেবে ১ হাজার ৯৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি/মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী, দস্যু ও ডাকাত ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংরক্ষিত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংরক্ষিত কমিটি

বিএনপির সংসদ সদস্য আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মাইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, জামায়াতে ইসলামীর সাইফুল আলম ও রাশেদুল ইসলাম।

সংসদ নেতা তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এ কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

এর পরপরই সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনপূর্বক মনোনয়ন দেওয়া হয়।

এই কমিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে সভাপতি মনোনীত করা হয়েছে। কার্যউপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও সংসদ নেতা তারেক রহমান, ঢাকা-১৫ আসনের মো. শফিকুর রহমান, কুমিল্লা-১ আসনের ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদ।

এছাড়াও এই পুনর্গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম মণি, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রংপুর-২ আসনের এ টিএম আজহারুল ইসলাম, ঢাকা-১১ আসনের মো. নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির। স্পিকার এই কমিটির নাম ঘোষণার পর তা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ