খুঁজুন
                               
বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য : সমাজকল্যাণ মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা ও পুনর্বাসনের মাধ্যমে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তাদের আমরা কর্মক্ষম করে সমাজের মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই। এই জনগোষ্ঠীকে যদি কর্মক্ষম করে তোলা যায়, তাহলে তারা দেশের জন্য জনসম্পদে পরিণত হবে।

আজ (বুধবার) রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা, পুনর্বাসনের অংশ হিসেবে তাদের চাকরির ব্যবস্থা করতে সহায়তা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও আমরা সহযোগিতা করে থাকি।

তিনি বলেন, এটি একটি সমন্বিত কমপ্লেক্স, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সমাজ থেকে বিচ্ছিন্ন না থেকে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার অংশ হতে পারেন, সে লক্ষ্যে দীর্ঘদিন ধরে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার দেশসেবার সুযোগ পেয়েছে। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়ে তোলা। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, সেবা ও ব্যবস্থাপনার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করছি।

এ সময় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম, পরিচালক (যুগ্ম সচিব) সোনামণি চাকমা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

রাজশাহীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
রাজশাহীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও রাজশাহী  জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাজশাহী  মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা বুধবার (১০ জুন) সকাল ৯টায় শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে বগুড়া বিট মডেল হাই স্কুল ৭ উইকেটে  নওগাঁ জেলা স্কুলকে পরাজিত করে।

টসে হেরে নওগাঁ জেলা স্কুল ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে  রিয়াদ সর্বোচ্চ ২৬ রান করেন।

বিপক্ষ দলের  ইরফান ১ রানে ৩টি. গোলাম রোজেল ১১ ও সোজিব ৮ রানে ২টি করে উইকেট দখল করেন।

বগুড়া বিট মডেল হাই স্কুল ৭৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৭.৫ ওভারে ৩ উইকেটে টার্গেট পুর্ণ করে (৭৫রান)। দলের পক্ষে  করিম ২৭ রানে অপরাজিত থাকেন। ইরফান করেন ২২ রান।

বিপক্ষ দলের মাহি, কল্লোল ও রিয়াদ ১টি করে উইকেট নেন। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক কৃতি ফুটবলার মোঃ মুরাদুজ্জামান এলান।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক। এ সময় আগত দলের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপ তথ‍্যমন্ত্রী।

১০জুন (বুধবার) চীনের চংচিং শহরে এ সম্মেলনের উদ্বোধন করেছেন তারা। এবারের সিএমজি সম্মেলনের প্রতিপাদ্য ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’।

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার শহর হিসেবে পরিচিত চংচিং-এ এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ ছাড়া, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।

 

তিনি দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হয়।

এ আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

সারাদেশে ৪০ দিনে গ্রেফতার ১৮৩২৮, অবৈধ অস্ত্রধারী ৩৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
সারাদেশে ৪০ দিনে গ্রেফতার ১৮৩২৮, অবৈধ অস্ত্রধারী ৩৩১

সারাদেশে পুলিশের অভিযানে ১৮ হাজার ৩২৮ জন গ্রেফতার হয়েছে। তাদেরকে গত ১ মে শুরু হওয়া চলমান বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।

বুধবার (১০ জুন) রাতে বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সারাদেশে বিভিন্ন কর্মসূচির নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগী হিসেবে ১ হাজার ৯৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি/মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী, দস্যু ও ডাকাত ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ