বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো বিজিবির ত্রাণ, মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ডিজির
সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। টানা কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। এতে করে হাজারো মানুষ রয়েছেন চরম দুর্ভোগে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার (২২ জুলাই) সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। বিজিবি সদর দপ্তর জানায়, সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাদুর্গত লালপুর গুচ্ছগ্রাম এলাকা পরিদর্শন করেন মহাপরিচালক। তিনি সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় বন্যাদুর্গত এলাকার চিকিৎসাসেবা বঞ্চিত এসব মানুষকে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। দেশের মানুষের কল্যাণে মানবিক দায়িত্ববোধের ধারাবাহিকতায় বিজিবির ত্রাণ, উদ্ধার ও চিকিৎসাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি মহাপরিচালক।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সংকট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব।’ তিনি বলেন, ‘যেকোনো দুর্যোগ ও জাতীয় সংকটময় মুহুর্তে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।’
কালের আলো/জেএন/এমকে


আপনার মতামত লিখুন
Array