খুঁজুন
                               
, ,
           

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার 

যুক্তরাষ্ট্রের কড়া অবরোধ সত্ত্বেও থেমে নেই ইরানের অর্থনীতির চাকা। চলতি অর্থবছরের প্রথম চার মাসে জ্বালানি তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান।

শনিবার (২৯ আগস্ট) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

ইরান বলেছে, দেশটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও বাজেটের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে।

ইরানের জ্বালানি তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফার্স জানিয়েছে, তেল বিক্রির ওই অর্থ দিয়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রায় করা ব্যয় মেটানো সম্ভব হবে।

এমন সময়ে এই হিসাব প্রকাশ করা হলো, যখন মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ও সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হচ্ছে।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে আছে হরমুজ প্রণালি। বৈশ্বিক জ্বালানি তেল পরিবহনের এক–পঞ্চমাংশই হয় এই জলপথ দিয়ে।

যুদ্ধ শুরুর পর থেকেই ইরান এই জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রণালিটি খুলে দিয়ে সেখানে অবাধ জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল।

ইরানের কর্মকর্তারা বলে আসছেন, ওয়াশিংটন সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো পূরণ না করা পর্যন্ত তেহরান পুরোপুরি হরমুজ প্রণালি খুলবে না। এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নৌ অবরোধ প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘কেউ কেউ বলেন, নিষেধাজ্ঞার কোনো প্রভাবই নেই। তাদের কী বলব, সত্যিই আমি জানি না। আমরা যুদ্ধের মধ্যে আছি এবং যুদ্ধকালীন এই পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

সম্প্রতি প্রবাস ফেরত যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্ত। এ ঘটনার পর তাদেরকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

মহানগর উত্তর ছাত্রদলের দফতর সম্পাদক শিবলী সাদিক শিবলু বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন গতকাল এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

গত শনিবার (২৯ আগস্ট) রাতে বিদেশ ফেরত এক যাত্রী ২০০ গ্রাম স্বর্ণ এনেছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী কাস্টমস ১০০ গ্রাম আটকে দেয়। পরে বাকি ১০০ গ্রাম নিয়ে তিনি তার গ্রামের বাড়িতে মাইক্রোযোগে যাচ্ছিলেন। পথে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে তাদের গাড়ি আটকে দেয় শান্ত ও রউফ এবং রিপনের লোকজন। তারা যাত্রীর কাছ থেকে জোর করে সেই ১০০ গ্রাম স্বর্ণ ছিনতাই করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী বিমানবন্দর থানায় পাঁচ জনের নামে একটি ছিনতাই মামলা করেন। সেই মামলায় অভিযান চালিয়ে দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সন্ধানী বার্তা/আরডি/এমডিএইচ

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান

প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সাক্ষাৎ করতে গেলে সরকারপ্রধান এ কথা বলেন।

সাক্ষাতে তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আন্দা ফিলিপ বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।

তারেক রহমান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। এ সময় আমাদের দলের অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবশেষে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করতে পেরেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা আশাবাদী এবং গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’

তারেক রহমান বলেন, তার সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে।

আইপিইউ সেক্রেটারি জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। ইশতেহারে শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রার প্রশংসা করে আন্দা ফিলিপ বলেন, এ ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে।

আইপিইউ সেক্রেটারি বলেন, আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।

তিনি আশা প্রকাশ করেন, তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মধ্য দিয়ে আইপিইউর সঙ্গে বাংলাদেশের সংসদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন আইপিইউ সেক্রেটারি।

সাক্ষাতে নারীর ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পায়। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ বলেন, তারা অত্যন্ত উদ্যমী ও আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

সরকারপ্রধান বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করা।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রকাশিত হলো ফারুক আহমেদের পঞ্চম বই ‘মুছে যাওয়া দিনগুলি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
প্রকাশিত হলো ফারুক আহমেদের পঞ্চম বই ‘মুছে যাওয়া দিনগুলি’

অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন অভিনেতা ফারুক আহমেদ। এবার প্রকাশিত হয়েছে তার পঞ্চম বই ‘মুছে যাওয়া দিনগুলি’। বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি ও দীর্ঘ পথচলায় দেখা-শেখা ঘটনাকে কেন্দ্র করে বইটি সাজিয়েছেন তিনি।

প্রকাশনা প্রতিষ্ঠান কিংবদন্তি থেকে প্রকাশিত বইটিতে রয়েছে মোট ১৫টি স্মৃতিনির্ভর গল্প। এর অধিকাংশ গল্পই অভিনেতার নিজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে নেওয়া। জীবনের নানা অভিজ্ঞতাকে গল্পের আকারে পাঠকের সামনে তুলে ধরেছেন ফারুক আহমেদ।

নিজের নতুন বই প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘মুছে যাওয়া দিনগুলি’ তার প্রিয় বইগুলোর একটি। বইয়ের গল্পগুলো পাঠকের ভালো লাগবে এবং তাদের হৃদয় ছুঁয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ফারুক আহমেদের চারটি বই প্রকাশিত হয়েছে। তার লেখালেখির যাত্রা শুরু হয় ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ বই দিয়ে। এরপর প্রকাশিত হয় ‘ভাঙা চশমা’, ‘আমার বলা না বলা’ এবং ‘হাও মাও খাও’।

আগের বইগুলোর পাঠকপ্রিয়তার কথাও স্মরণ করেন এই অভিনেতা। বিশেষ করে অমর একুশে বইমেলায় পাঠকদের আগ্রহ ও ভালোবাসা তাকে লেখালেখি চালিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও নিয়মিত লেখালেখি করার ইচ্ছা রয়েছে তার।

অভিনয় ও লেখালেখি একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারুক আহমেদ জানান, তিনি যে কাজই করেন, সেটি আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে করার চেষ্টা করেন। অভিনয় তার দীর্ঘদিনের ভালোবাসা। পাশাপাশি লেখালেখিও উপভোগ করেন তিনি।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন ফারুক আহমেদ। বর্তমানে কয়েকটি নতুন নাটক ও চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিনের নাট্যদল ঢাকা থিয়েটারের সঙ্গেও যুক্ত রয়েছেন এই অভিনেতা।

কালের আলো/এসএ