খুঁজুন
                               
, ,
           

আইপিইউ মহাসচিবের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
আইপিইউ মহাসচিবের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

জাতীয় সংসদকে আরও কার্যকর এবং জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে সফররত আইপিইউ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

বৈঠকে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।

এ সময় আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রদ্রিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

তেলের দাম বাড়ল, বাসভাড়ায় নতুন ঝাঁকুনি

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
তেলের দাম বাড়ল, বাসভাড়ায় নতুন ঝাঁকুনি

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা এবার সরাসরি পড়ছে গণপরিবহনে। ডিজেলের দাম লিটারে ২০ টাকা বেড়ে ১৩৫ টাকা হওয়ার পর বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে। তবে কাগজে এই বৃদ্ধি যতটা, বাস্তবে যাত্রীর খরচ বাড়তে পারে তার চেয়েও বেশি। কারণ সরকারি ভাড়া নির্ধারণের হিসাব করা হয় নির্দিষ্ট আসনসংখ্যা ধরে।

  • ডিজেল ২০ টাকা বাড়তেই ভাড়া বাড়ানোর তোড়জোড়
  • প্রস্তাবের আগেই কোথাও কোথাও আদায় শুরু
  • আসন কম হলে বাড়বে ভাড়া আরও

বাস্তবে সেই আসনসংখ্যার চেয়ে কম যাত্রী নিয়ে চলা বাসে কিলোমিটারপ্রতি ভাড়া স্বাভাবিকভাবেই বেশি পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক বাস্তবতা—অনুমোদন চূড়ান্ত হওয়ার আগেই কয়েকটি রুটে বাড়তি ভাড়া নেওয়া শুরু হয়েছে।

প্রজ্ঞাপনের আগেই বাড়তি ভাড়া
রাজধানীর ফার্মগেট থেকে যাত্রাবাড়ী হয়ে সাইনবোর্ড পর্যন্ত দূরত্ব প্রায় ১৪ দশমিক ৪ কিলোমিটার। সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা হিসাবে ভাড়া দাঁড়ায় প্রায় ৩৭ টাকা। কিন্তু লাব্বাইক পরিবহনে আগে থেকেই এ পথে ৪০-৪৫ টাকা নেওয়া হতো। ডিজেলের দাম বাড়ার পর সোমবার সেখানে নেওয়া হয়েছে ৫০ টাকা।

দূরপাল্লার পথেও একই চিত্র দেখা গেছে। দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী কয়েকটি বাসে যাত্রীপ্রতি ৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অথচ তখনও নতুন ভাড়ার সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি।

ফলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের আগেই বাজারে তার প্রভাব পৌঁছে গেছে। প্রশ্ন উঠছে, নতুন ভাড়া অনুমোদনের পর যাত্রীর প্রকৃত ব্যয় কোথায় গিয়ে দাঁড়াবে।

কাগজের হিসাবে ১৮-২০ পয়সা, বাস্তবে কত?
বাস মালিকদের সংগঠন ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা এবং দূরপাল্লায় ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দিয়েছে। বিআরটিএর ভাড়া নির্ধারণ কমিটি অবশ্য নগর পরিবহনে ১৮ পয়সা এবং দূরপাল্লায় ২০ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে মন্ত্রণালয় এই হার কিছুটা কমাতেও পারে।

কিন্তু এখানেই শেষ নয়। দূরপাল্লার বাসের ভাড়া নির্ধারণের ভিত্তি ৫২ আসন। বাস্তবে অনেক বাসে আসন থাকে ৪০টি, আর আরামদায়ক যাত্রার জন্য কোনো কোনো বাসে ৩২ থেকে ৩৬টি আসনও রাখা হয়।

ফলে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা ভাড়া থাকলেও ৪০ আসনের বাসে তা দাঁড়ায় প্রায় ২ টাকা ৯০ পয়সা। নতুন প্রস্তাবিত ভাড়া ২ টাকা ৪৩ পয়সা হলে একই হিসাবে ৪০ আসনের বাসে তা প্রায় ৩ টাকা ১৬ পয়সায় পৌঁছাবে। অর্থাৎ ঘোষিত ভাড়া বৃদ্ধির চেয়ে যাত্রীর বাস্তব ব্যয় বাড়তে পারে বেশি।

ডিজেলের দামে রেকর্ড, পরিবহনে সরাসরি ধাক্কা
গত রোববার রাতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়। ডিজেলের নতুন দাম লিটারে ১৩৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এপ্রিলে ১৫ টাকা বাড়িয়ে ডিজেলের দাম ১১৫ টাকা করা হয়েছিল।

পেট্রোলের দাম এবার লিটারে ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা হয়েছে। তবে পরিবহন খাতে সবচেয়ে বড় চাপ তৈরি করছে ডিজেলের দাম। বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযানের মতো বাণিজ্যিক পরিবহনের বড় অংশই ডিজেলনির্ভর। পরিবহন খাতে ব্যবহৃত জ্বালানির প্রায় ৯০ শতাংশই ডিজেল।

শুধু বাস নয়, বাড়ছে পণ্য পরিবহনের খরচও
জ্বালানি ব্যয়ের প্রভাব ইতোমধ্যে পণ্য পরিবহনেও পড়তে শুরু করেছে। বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা ৯ দশমিক ৮৫ শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপ করেছে।

এর অর্থ হলো জ্বালানির বাড়তি ব্যয় শুধু যাত্রী পরিবহনের ভাড়ায় সীমাবদ্ধ থাকবে না। পণ্য পরিবহনের খরচ বাড়লে তার প্রভাব পড়তে পারে সরবরাহব্যবস্থা ও পণ্যের দামের ওপরও। নৌপথেও একই চাপ তৈরি হয়েছে। লঞ্চের সরকারি ভাড়া এখনো চূড়ান্ত না হলেও খেয়া ও নৌপথে পণ্য পরিবহনের খরচ বাড়ার খবর পাওয়া যাচ্ছে।

মালিকদের যুক্তি, যাত্রীর প্রশ্ন
বাস মালিকদের দাবি, ২০২২ সালের পর ভাড়া পুনর্নির্ধারণে জ্বালানি ছাড়া অন্যান্য ব্যয় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। তাদের হিসাবে, একই সময়ে ডলারের দাম ৮৬ টাকা থেকে বেড়ে ১২৩ টাকা হওয়ায় বাসের যন্ত্রাংশ ও আমদানি ব্যয় বেড়েছে। তবে যাত্রীর দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি ভিন্ন। আয় না বাড়লে জ্বালানি, যন্ত্রাংশ ও পরিবহন ব্যয়ের সমন্বয় শেষ পর্যন্ত কতটা যাত্রী বহন করতে পারবেন?

এখন সেই প্রশ্নের উত্তর নির্ভর করছে চূড়ান্ত ভাড়া নির্ধারণের ওপর। কিন্তু তার আগেই যদি বাড়তি ভাড়া আদায় শুরু হয়, তাহলে নতুন ভাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হবে। জ্বালানি তেলের দাম বাড়ার অর্থ শুধু পাম্পে অতিরিক্ত টাকা গোনা নয়। এর প্রভাব বাসের আসনে, ট্রাকের ভাড়ায়, নৌপথের খরচে এবং শেষ পর্যন্ত বাজারের পণ্যমূল্যেও পড়তে পারে। তাই এবার ভাড়া সমন্বয়ের আসল পরীক্ষা শুধু মালিকের বাড়তি ব্যয় মেটানো নয়—জ্বালানি মূল্যবৃদ্ধির পুরো চাপটি শেষ পর্যন্ত কতটা যাত্রীর ঘাড়ে চাপছে, সেটিই।

এম/এএইচ

গ্রিনল্যান্ডে নতুন ২ সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
গ্রিনল্যান্ডে নতুন ২ সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া একটি নতুন চুক্তির আওতায় দক্ষিণ গ্রিনল্যান্ডে স্নায়ুযুদ্ধের আমলের একটি সাবেক সামরিক ঘাঁটি পুনরায় চালু এবং পূর্ব উপকূলের একটি ঘাঁটিতে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি বাস্তবায়িত হতে যাওয়া দুইটি এলাকা হলো, নার্সারসুয়াক (Narsarsuaq) এবং মেস্টারসভিগ (Mestersvig)। ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্র তাদের ‘ব্লু ওয়েস্ট ওয়ান’ (Bluie West One) সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়ার পর নার্সারসুয়াকের জনসংখ্যা কমে মাত্র কয়েক ডজনে এসে ঠেকেছে। অন্যদিকে, মেস্টারসভিগ হলো একটি সামরিক আউটপোস্ট, যা বর্তমানে ডেনমার্কের স্পেশাল ফোর্সেস ইউনিট ‘সিরিয়াস ডগ স্লেড পেট্রোল’ (Sirius Dog Sled Patrol) ব্যবহার করে আসছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত আড়াইটায়) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের এই নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে চুক্তির মূল পাঠ এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। চুক্তি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত বিস্তারিত চূড়ান্ত নয়।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডেনমার্ক জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা এককভাবে যুক্তরাষ্ট্র বা ডেনমার্কের ওপর না ছেড়ে বরং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর (NATO) নজরদারির অধীনে আনা হচ্ছে।

দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বায়ত্তশাসিত এই ড্যানিশ ভূখণ্ড অধিগ্রহণের জন্য সামরিক বা অর্থনৈতিক শক্তি প্রয়োগের সম্ভাবনাও একসময় উড়িয়ে দেননি তিনি। ট্রাম্পের এই হুমকি গত জানুয়ারিতে চরমে পৌঁছায়, যার ফলে ন্যাটোর ভেতরে কূটনৈতিক সংকট তৈরি হয় এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ওয়াশিংটনের ওপর থেকে চাপ কমাতে আলোচনায় বসতে বাধ্য হয়।

উল্লেখ্য, স্নায়ুযুদ্ধের সময় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক স্থাপনা এবং ১০ হাজারের বেশি সেনা মোতায়েন ছিল। তবে বর্তমানে সেখানে কেবল ‘পিটুফিক স্পেস বেস’ (Pituffik Space Base) টিকে আছে, যেখানে প্রায় ১৫০ জন মার্কিন সামরিক সদস্য দায়িত্ব পালন করছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

পাসপোর্ট অধিদপ্তরের নেতৃত্বে পরিবর্তন, দায়িত্ব পেলেন আলীমুল আমীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
পাসপোর্ট অধিদপ্তরের নেতৃত্বে পরিবর্তন, দায়িত্ব পেলেন আলীমুল আমীন

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর মেজর জেনারেল মো. আলীমুল আমীন। তিনি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মেজর জেনারেল মো. আলীমুল আমীন এর আগে ১৭তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সিলেট এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, প্রায় চার বছর পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে অবসরের আগে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) এ টি এম আবু আসাদ জানান, মেজর জেনারেল নুরুল আনোয়ার ২০২২ সালের ২৬ অক্টোবর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে। এর আগেই তাকে নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে মেজর জেনারেল আলীমুল আমীন এখন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

কালের আলো/এমএসআইপি