বাংলাদেশের সঙ্গে বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি, প্রশংসায় সার্জিও গোর
বাংলাদেশের জন্য অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে বিলিয়ন ডলারের একটি অর্ডারে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এ সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি তুলে ধরেন গোর।
তিনি বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি ‘অসাধারণ চুক্তি’ হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।
সার্জিও গোরের মতে, বাংলাদেশ ও বোয়িংয়ের এ অর্ডার যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ। একই পোস্টে তিনি মার্কিন অর্থনীতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে বলেন, উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, বিপুল বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনীতি চাঙা করতে ট্রাম্প কাজ করে যাচ্ছেন।
বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিও গোর। পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন তিনি। এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন গোর।
বাংলাদেশের বিমান পরিবহন খাতের সম্প্রসারণ ও বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার ক্ষেত্রে এই বোয়িং অর্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array