খুঁজুন
                               
, ,
           

বরিশাল-চট্টগ্রামসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
বরিশাল-চট্টগ্রামসহ পাঁচ বিভাগে বেশি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে বরিশালসহ পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (৩১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্তও বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালের আলো/এম/এসআইপি

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:২০ অপরাহ্ণ
বাংলাদেশের স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্রের এই সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার প্রয়োজনীয় উপকরণ রয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI 360, Jhpiego, JSI ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেশের দুর্গম এলাকাসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
মার্কিন দূতাবাস বলছে, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা এবং স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই সহায়তা দেওয়া হচ্ছে।
দেশজুড়ে মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।

কালের আলো/এমএসআইপি

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ প্রায় দেড় ঘণ্টাব্যাপী রায় ঘোষণা করেন।
আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক উপস্থিত ছিলেন।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। একই মামলায় অভিযুক্ত অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকা শিশুটির ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল অভিযোগপত্র দেয়। মাত্র ১৩ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় এবং ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন।
ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি হাইকোর্টে হয়। শুনানি শেষে আজ হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন উচ্চ আদালত।

কালের আলো/এসকে/এমএসআইপি

ত্রিশালে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
ত্রিশালে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কালের আলো/এসকে/এমএসআইপি