জাতীয় পুরস্কার থেকে ভেনিসের মঞ্চে সুনেরাহ, নতুন ইতিহাসের অপেক্ষা
প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে আলোচনায় আসা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের সিনেমার জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন।
‘নো ডোরাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহর। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এ সায়রা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান।
ভেনিস চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুনেরাহ। তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এটি শুধু চলচ্চিত্রটির সঙ্গে জড়িত সবার জন্য নয়, আমাদের দেশের সিনেমার জন্যও আনন্দের মুহূর্ত। আমিও ভেনিসে যাচ্ছি।’
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে অভিনেত্রী বলেন, এটি একটি সুন্দর চলচ্চিত্র এবং এতে কাজ করে তিনি সত্যিই আনন্দ পেয়েছেন। পরিচালক রুবাইয়াত হোসেন ও পুরো টিমের প্রশংসা করে সুনেরাহ জানান, সিনেমাটির প্রতিটি কাজ অত্যন্ত পরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছে এবং এ চলচ্চিত্র নিয়ে তিনি গর্বিত।
ভেনিসে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা ও চলচ্চিত্রকর্মীদের সঙ্গে দেখা করার সুযোগকেও বড় অভিজ্ঞতা হিসেবে দেখছেন সুনেরাহ। তার আশা, এই উৎসব থেকে নতুন অনেক কিছু শেখার এবং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনকে কাছ থেকে জানার সুযোগ হবে।
আন্তর্জাতিক দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। সুনেরাহর বিশ্বাস, এত মর্যাদাপূর্ণ একটি উৎসবে প্রদর্শিত হওয়ায় সিনেমাটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং প্রশংসা অর্জন করবে।
পরিচালক রুবাইয়াত হোসেনের কাজের ধরন নিয়েও উচ্ছ্বসিত সুনেরাহ। তার মতে, রুবাইয়াত শুধু দক্ষ নির্মাতাই নন, ব্যক্তিগতভাবেও অসাধারণ একজন মানুষ। শুটিং শেষ হওয়ার পরও তিনি নিয়মিত শিল্পীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং কাজের খোঁজ নিতেন।
সুনেরাহর মতে, একটি ভালো চলচ্চিত্রের জন্য শক্তিশালী গল্প, দক্ষ নির্মাতা, ভালো টিম ও চমৎকার অভিনয়—সবকিছুর সমন্বয় প্রয়োজন। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ এসব উপাদানই রয়েছে বলে মনে করেন তিনি।
এটাই অবশ্য সুনেরাহর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অভিজ্ঞতা নয়। এর আগে নুহাশ হুমায়ূন পরিচালিত ‘মশারি’ (২০২২) চলচ্চিত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন তিনি।
ভবিষ্যতে অর্থবহ কাজ বেছে নেওয়ার ব্যাপারে আরও সচেতন থাকার কথাও জানিয়েছেন সুনেরাহ। বর্তমানে বেশ কয়েকটি টেলিভিশন নাটক নিয়ে ব্যস্ত তিনি। ভেনিস সফর শেষে নতুন চলচ্চিত্রের কাজ নিয়ে সিদ্ধান্ত নেবেন এই অভিনেত্রী।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array