খুঁজুন
                               
, ,
           

গ্রিনল্যান্ডে বড় সামরিক উপস্থিতির ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
গ্রিনল্যান্ডে বড় সামরিক উপস্থিতির ঘোষণা ট্রাম্পের

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক উপস্থিতি গড়ে তোলার বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন বা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্পের দাবি, চুক্তিটি নির্দিষ্ট মেয়াদ ছাড়াই অনির্দিষ্টকাল কার্যকর থাকবে।

ট্রাম্প বলেন, তাঁর নির্দেশনায় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সমঝোতা হয়েছে। এর মাধ্যমে গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ওয়াশিংটন দীর্ঘমেয়াদে নিশ্চিত করেছে।

চুক্তির বিস্তারিত প্রকাশ না করলেও ট্রাম্প জানান, শিগগিরই গ্রিনল্যান্ডে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার কাজ শুরু হবে।

অধিগ্রহণ নয়, সামরিক উপস্থিতি জোরদার

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে নেওয়ার আকাঙ্ক্ষার কথা এর আগে একাধিকবার জানিয়েছেন ট্রাম্প। তবে নতুন চুক্তিতে দ্বীপটির মালিকানা বা রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনো বিষয় নেই। বরং এর মাধ্যমে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি স্পেস ফোর্স ঘাঁটি রয়েছে। ট্রাম্প নতুন চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘স্বপ্নপূরণ’ হিসেবে উল্লেখ করেছেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নতুন সমঝোতা উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা আরও শক্তিশালী করবে। তবে নতুন কোনো মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে কি না, সে বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

গ্রিনল্যান্ডের বাসিন্দাদের অবস্থান নিয়ে প্রশ্ন

গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। দ্বীপটির জনগণের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে। ফলে নতুন চুক্তিকে স্থানীয় বাসিন্দারা কীভাবে দেখছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

১৯৫১ সালে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা নিয়ে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতায় ওয়াশিংটন গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি পরিচালনা ও আকাশসীমা ব্যবহারের ব্যাপক অধিকার পেয়ে আসছে।

প্রতিপক্ষের প্রবেশ ঠেকাতে জোর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডকে ঘিরে ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা উদ্বেগ দীর্ঘমেয়াদে দূর হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার কৌশলগত প্রতিরক্ষাব্যবস্থার অংশ হিসেবে থাকবে এবং কোনো প্রতিপক্ষকে দ্বীপটি ও এর আশপাশের অঞ্চলে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ন্যাটোর বাইরের কোনো দেশ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সেখানে নির্দিষ্ট ধরনের ‘সংবেদনশীল বিনিয়োগের’ সুযোগ থাকবে।

ওই কর্মকর্তা আরও জানান, চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রবেশাধিকার, সামরিক ঘাঁটি স্থাপন ও আকাশসীমা ব্যবহারের অধিকার থাকবে। এমনকি ভবিষ্যতে গ্রিনল্যান্ড স্বাধীন হলেও চুক্তিটি কার্যকর থাকার বিধান রয়েছে বলে জানান তিনি।

কালের আলো/এসএ

এআইয়ের ভুলে চীনা জাহাজে হামলার প্রস্তুতি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
এআইয়ের ভুলে চীনা জাহাজে হামলার প্রস্তুতি!

চীনের একটি কার্গো জাহাজে পারমাণবিক কর্মসূচির উপকরণ রয়েছে—এআইয়ের দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে জাহাজটিতে অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। শেষ মুহূর্তে তথ্য যাচাই করতে গিয়ে ভুলটি ধরা পড়ে।

সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে চারটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরের বসন্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের সময় এ ঘটনা ঘটে। গোয়েন্দা প্রতিবেদনে চীনা জাহাজটিতে পারমাণবিক অস্ত্র কর্মসূচির উপকরণ থাকার কথা বলা হলে মার্কিন সেনারা জাহাজে ওঠার প্রস্তুতি নেয়। অভিযানের জন্য একটি সশস্ত্র দল ও সামরিক বিমানও প্রস্তুত ছিল বলে সূত্রগুলো জানিয়েছে।

পরে ওই গোয়েন্দা প্রতিবেদন আরও যাচাই করা হয়। তখন জানা যায়, প্রতিবেদনটি তৈরিতে একজন বিশ্লেষক কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়েছিলেন। চীনা জাহাজে থাকা পণ্য সম্পর্কে ব্যবহৃত এআই চ্যাটবটটি ভুল তথ্য দিয়েছিল। এক সূত্রের ভাষায়, এআই দিয়ে তৈরি প্রতিবেদনটি ছিল ‘পুরোপুরি মিথ্যা’।

তথ্যটি ভুল প্রমাণিত হওয়ায় অভিযান স্থগিত করা হয়। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনার ঝুঁকি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

বর্তমানে মার্কিন সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, লক্ষ্যবস্তু নির্ধারণ, রসদ ব্যবস্থাপনা ও সামরিক সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে। মার্কিন কর্মকর্তাদের মতে, চীনসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় পিছিয়ে না পড়তে এআই ব্যবহারের গতি ধরে রাখা জরুরি।

তবে এ ঘটনার পর এআই-নির্ভর সামরিক সিদ্ধান্তের ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ডেমোক্রেটিক পার্টির একদল মার্কিন সিনেটর সামরিক বাহিনীতে এআই ব্যবহারের সাম্প্রতিক ভুলগুলো তদন্তের আহ্বান জানিয়েছেন।

সূত্র: সিএনএন

কালের আলো/এসএ

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, দরকার নাই’: অপ্রতিমের মায়ের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, দরকার নাই’: অপ্রতিমের মায়ের ক্ষোভ

কুমিল্লায় নিহত অপ্রতিমকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা নাহিদা বেগম। একমাত্র সন্তানকে হারানোর বেদনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল অপ্রতিম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে লালমাই পাহাড়ের পাদদেশের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে মায়ের দেওয়া আইফোনটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সন্তান নিখোঁজ হওয়ার পর তাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন মা নাহিদা বেগম। তবে শেষ পর্যন্ত জীবিত সন্তানকে ফিরে পাননি তিনি।

শনিবার মরদেহ উদ্ধারের পর বিলাপ করতে করতে নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন, আমার ছেলে কী অন্যায় করেছে? আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে—আমি এটার জবাব চাই?’

অপ্রতিমের বাড়িতে এখন চলছে মাতম। দেয়ালে দেয়ালে ছড়িয়ে আছে তার হাসিমুখের স্মৃতি। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা, নির্বাক হয়ে গেছেন বাবা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে অপ্রতিম হত্যার ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে।

কালের আলো/এমএসআইপি 

পুত্র না কন্যা সন্তানের মা হলেন টলিউড তারকা সোহিনী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
পুত্র না কন্যা সন্তানের মা হলেন টলিউড তারকা সোহিনী

টলিউডের তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে এসেছে নতুন অতিথি। রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সোহিনী।

স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে সুখবরটি জানিয়েছেন সোহিনী ও শোভন। তাঁরা লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’

গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি। সোহিনীর বেবিবাম্পের ছবি প্রকাশ করে শোভনের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। এরপর থেকেই তাঁদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষায় ছিলেন নতুন অতিথির আগমনের।

২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়।

সূত্র: সংবাদ প্রতিদিন

কালের আলো/এসএ