খুঁজুন
                               
, ,
           

সমালোচনার মাঝেও দেড়শ কোটির ‘দ্য প্যারাডাইস’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
সমালোচনার মাঝেও দেড়শ কোটির ‘দ্য প্যারাডাইস’

মুক্তির পর থেকেই নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছে দক্ষিণী তারকা নানির বড় বাজেটের সিনেমা ‘দ্য প্যারাডাইস’। অতিরিক্ত হিংস্রতা, একের পর এক অ্যাকশন দৃশ্য এবং একটি নারী চরিত্রের উপস্থাপন নিয়ে প্রশ্ন উঠলেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি।

মুক্তির মাত্র ষষ্ঠ দিনেই বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই বড় এই মাইলফলক ছুঁয়ে ফেলেছে নানির সিনেমাটি।

ছয় দিনে ভারতে আয় ১২০ কোটি

বক্স অফিসবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ছয় দিনে ভারতে ‘দ্য প্যারাডাইস’-এর নেট আয় দাঁড়িয়েছে ১০১ কোটি ৫০ লাখ রুপি। একই সময়ে দেশটিতে সিনেমাটির গ্রস সংগ্রহ হয়েছে প্রায় ১২০ কোটি রুপি।

প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে ভারতে ৫ হাজার ৭৭২টি প্রদর্শনী থেকে সিনেমাটি আয় করেছে ৪ কোটি ৪০ লাখ রুপি। এর মধ্য দিয়ে ভারতের বাজারে ছবিটির আয় ধারাবাহিকতা ধরে রেখেছে।

বিদেশের বাজারেও ভালো সংগ্রহ

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শক টানছে ‘দ্য প্যারাডাইস’। ষষ্ঠ দিনে বিদেশের বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ৫০ লাখ রুপি।

এতে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৫০ লাখ রুপি। ভারতের ১২০ কোটি রুপির সঙ্গে বিদেশের বাজারের আয় যোগ করলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ১৫০ কোটি ৫০ লাখ রুপি।

অর্থাৎ মুক্তির প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই দেড় শ কোটি রুপির ঘর পার করেছে নানির এই বড় বাজেটের সিনেমা।

হিংস্রতা ও অ্যাকশন নিয়ে প্রশ্ন

বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সিনেমাটির বিষয়বস্তু ও নির্মাণ নিয়েও আলোচনা চলছে। সমালোচকদের একাংশ ছবির অতিরিক্ত হিংস্রতা এবং অ্যাকশন দৃশ্যের আধিক্য নিয়ে আপত্তি তুলেছেন।

তাদের মতে, সিনেমায় প্রতিটি অ্যাকশন দৃশ্যকে আগেরটির চেয়ে আরও তীব্র করে তোলার চেষ্টা করা হয়েছে। একের পর এক নৃশংস দৃশ্যের উপস্থাপন অনেক দর্শকের কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে বলেও সমালোচনা রয়েছে।

তবে সিনেমাটিকে ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে সুব্বলক্ষ্মী নামের একটি নারী চরিত্রকে কেন্দ্র করে।

সুব্বলক্ষ্মী চরিত্র ঘিরে বিতর্ক

সিনেমায় সুব্বলক্ষ্মী দরিদ্র পরিবারের এক তরুণী। অর্থের প্রয়োজনেই সে নিজের কিছু ইঙ্গিতপূর্ণ ভিডিও তৈরি করে বিক্রি করে।

সমালোচকদের প্রশ্ন, চরিত্রটি কেন এমন পরিস্থিতির মধ্যে পড়েছে, তার নিজের ইচ্ছা কী কিংবা সেই বাস্তবতার সঙ্গে সে কীভাবে লড়াই করছে—এসব বিষয় যথেষ্ট গভীরভাবে তুলে ধরা হয়নি।

বরং চরিত্রটির শরীর ও ভিডিও তৈরির বিষয়টি যেভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে, তা নিয়েই বেশি আলোচনা হয়েছে।

‘সিঙ্গেল শট অভিনেত্রী’ সংলাপ ঘিরে আপত্তি

বিতর্ক আরও তীব্র হয় সুব্বলক্ষ্মীর মাকে ঘিরে একটি সংলাপের কারণে। সেখানে তিনি মেয়েকে ‘সিঙ্গেল শট অভিনেত্রী’ হিসেবে উল্লেখ করেন।

সমালোচকদের একাংশের মতে, চরিত্রটির শরীর ও যৌন আবেদনকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তাতে নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের প্রশ্ন উঠেছে।

এ নিয়ে বিতর্কটি শুধু একটি দৃশ্য বা সংলাপ গ্রহণযোগ্য কি না, সেখানেই সীমাবদ্ধ থাকেনি। বরং সিনেমার মূল বক্তব্যের সঙ্গে নারী চরিত্রটির উপস্থাপনা কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিতর্কের মধ্যেও দর্শক টানছে সিনেমা

‘দ্য প্যারাডাইস’ প্রান্তিক মানুষের জীবন ও বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হলেও নারী চরিত্রটির উপস্থাপন নিয়ে ওঠা প্রশ্ন সেই বক্তব্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—এ নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ভিন্নমত তৈরি হয়েছে।

তবে এসব বিতর্কের প্রভাব এখন পর্যন্ত সিনেমাটির বক্স অফিস সংগ্রহে বড় ধাক্কা তৈরি করেছে—এমন চিত্র পাওয়া যাচ্ছে না। বরং মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও ধারাবাহিকভাবে আয় করে মাত্র ছয় দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে নানির ‘দ্য প্যারাডাইস’।

কালের আলো/এসএ

নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য নতুন সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি কিছুটা কমলেও এর অন্তর্নিহিত ঝুঁকি এখনো উল্লেখযোগ্য থাকায় নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এতে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে বহাল রাখা হয়েছে। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

ডেপুটি গভর্নর জানান, গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির ১৪তম সভায় সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কমলেও দীর্ঘমেয়াদে তা নিয়ন্ত্রণে আসার যথেষ্ট প্রমাণ এখনো নেই। বৈশ্বিক জ্বালানির দাম, হরমুজ প্রণালীর পরিস্থিতি, দেশে জ্বালানির নিয়ন্ত্রিত মূল্যের সমন্বয় এবং নতুন বেতন কাঠামোর সম্ভাব্য প্রভাব মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে পারে।

মুদ্রানীতিতে বলা হয়েছে, আগেভাগে নীতি শিথিল করা হলে মূল্যস্ফীতির প্রত্যাশা বাড়তে পারে। এতে মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপের চিত্রও তুলে ধরা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। একই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশ হতে পারে বলে ধারণা করা হয়েছে। ওই সময়ে শিল্প উৎপাদন ০ দশমিক ২৮ শতাংশ সংকুচিত হয়েছে।

অর্থনীতিতে গতি ফেরাতে বিভিন্ন খাতে সহায়তার উদ্যোগের কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ কারখানা পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকাসহ মোট ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ এবং কৃষি, সিএমএসএমই ও রপ্তানি বহুমুখীকরণে পুনঃঅর্থায়ন প্রকল্পের কথা মুদ্রানীতিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বেসরকারি খাতে ঋণের চাহিদা ও বিতরণ এখনো দুর্বল। ২০২৬ সালের আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। বিনিয়োগে ধীরগতি, ঋণগ্রহীতাদের উচ্চ ঝুঁকি ও ব্যাংকিং খাতের দুর্বলতাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের অনুপাত ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছানোর তথ্যও দেওয়া হয়েছে।

বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবছরে ব্যালেন্স অব পেমেন্টসের উদ্বৃত্ত ছিল ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি দেখা দিয়েছে। এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ১৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

আগামী দিনের অর্থনীতির ঝুঁকি হিসেবে মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালীর সম্ভাব্য বিঘ্ন, বিশ্ববাজারে জ্বালানি ও সারের উচ্চমূল্য, কঠোর বৈশ্বিক মুদ্রানীতি, অভ্যন্তরীণ জ্বালানি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা, রাজস্ব খাতের চাপ এবং ব্যাংকিং খাতের দুর্বলতার কথা উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রক্রিয়া ব্যাহত না করে অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করাই মুদ্রানীতির প্রধান চ্যালেঞ্জ। এ জন্য বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

বাংলাদেশে রোবট ফোন আনল অনার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
বাংলাদেশে রোবট ফোন আনল অনার

বাংলাদেশের বাজারে স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ, টেলিভিশন, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইসসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে বড় পরিসরে স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে অনার বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রোবট ফোন প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে এসব পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে নতুন লোগোও উন্মোচন করা হয়।

স্মার্টফোনের পাশাপাশি আসছে টিভি-ল্যাপটপ

অনুষ্ঠানে জানানো হয়, এতদিন বাংলাদেশে মূলত স্মার্টফোনের জন্য পরিচিত থাকলেও এখন পণ্যের পরিধি বাড়াতে যাচ্ছে অনার। এর অংশ হিসেবে দেশের বাজারে ল্যাপটপ ও টেলিভিশন নিয়ে আসার প্রস্তুতি চলছে।

অনারের টেলিভিশন সিরিজে ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন আকারের পর্দার মডেল থাকবে। এর মাধ্যমে স্মার্টফোনের পাশাপাশি ঘর ও ব্যক্তিগত ব্যবহারের অন্যান্য প্রযুক্তিপণ্যের বাজারেও নিজেদের উপস্থিতি বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

অনারের দক্ষিণ-পূর্ব এশিয়ার জিটিএম পরিচালক লিও পেই বলেন, বাংলাদেশে অনারের যাত্রা স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে শুরু হলেও এখন ফোন তাদের বৃহত্তর স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের একটি অংশ। ফোন, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ ও টেলিভিশনকে পারস্পরিকভাবে সংযুক্ত করে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাজ করার উপযোগী করে তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশে তৈরি হচ্ছে প্রযুক্তিপণ্য

বাংলাদেশে অনারের অংশীদার স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অনার বর্তমানে বাংলাদেশে প্রযুক্তিপণ্য তৈরি করছে। এসব পণ্যের মান বিশ্বের শীর্ষস্থানীয় কারখানায় তৈরি পণ্যের সমমানের বলে দাবি করেন তিনি।

তিনি জানান, ধাপে ধাপে অনারের আরও বিভিন্ন প্রযুক্তিপণ্য বাংলাদেশের বাজারে নিয়ে আসা হবে।

প্রথমবার প্রদর্শিত রোবট ফোন

‘অনার কানেক্ট’ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনারের তৈরি রোবট ফোন। বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত এই ডিভাইসটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের পাশাপাশি আগ্রহ দেখান নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরাও।

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী রোবট ফোনটি হাতে নিয়ে বলেন, ডিভাইসটি দিয়ে পরীক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি হতে পারে। তাঁর মতে, প্রচলিত ফিল্ম ক্যামেরা আকারে বড় হওয়ায় অনেক জায়গায় শুটিং করা কঠিন হয়ে পড়ে। কিন্তু রোবট ফোনটি বিভিন্ন জায়গায় স্থাপন করে তুলনামূলক কঠিন পরিস্থিতিতেও শুটিং করা সম্ভব হতে পারে।

আসছে নতুন ফ্ল্যাগশিপ ফোন

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববাজারে ২৮ সেপ্টেম্বর উন্মোচিত অনারের ম্যাজিক৯ প্রো ম্যাক্স মডেলটি শিগগিরই বাংলাদেশের বাজারে আনা হবে।

এর পাশাপাশি অনুষ্ঠানে প্রদর্শন করা হয় অনারের ম্যাজিক ভি৬ ভাঁজযোগ্য ফোন, বিভিন্ন ট্যাবলেট, ইয়ারবাড, হেডফোন, স্মার্টঘড়ি, স্মার্ট গ্লাস, ল্যাপটপ ও টেলিভিশন।

অনার বাংলাদেশের ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুন এবং পণ্য ও বিপণনপ্রধান সৈয়দ মো. বদরুল আরেফিনও অনুষ্ঠানে বক্তব্য দেন।

নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে শুধু স্মার্টফোন বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে পরস্পরের সঙ্গে সংযুক্ত বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে একটি সমন্বিত স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে অনার বাংলাদেশ।

কালের আলো/এসএ

হাসপাতালে দালাল ও ওষুধ প্রতিনিধিদের দৌরাত্ম্য বন্ধে কঠোর স্বাস্থ্য বিভাগ

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
হাসপাতালে দালাল ও ওষুধ প্রতিনিধিদের দৌরাত্ম্য বন্ধে কঠোর স্বাস্থ্য বিভাগ

রাজশাহী বিভাগের ৮ জেলা সদর হাসপাতাল ও ৬৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলামের নির্দেশনায় মাঠপর্যায়ে কার্যক্রমটি তদারকি করছেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান।

বিভাগীয় পরিচালক প্রতি মাসে বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করছেন। পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চিকিৎসকদের হাসপাতাল চত্বরে দালালদের প্রবেশ এবং কর্মঘণ্টায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবস্থান ঠেকাতে কঠোর নির্দেশনা দিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নিয়মিত তদারকি ও অভিযানের ফলে বিভাগের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পরিবর্তন এসেছে। বিশেষ করে রাজশাহী জেলার পবা, দুর্গাপুর, মোহনপুর, চারঘাট, পুঠিয়া, বাঘা, গোদাগাড়ী, তানোর ও বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল জাহিদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও বিভাগীয় পরিচালকের কঠোর নির্দেশনার পর হাসপাতাল চত্বরকে দালালমুক্ত করা হয়েছে।

নাটোর জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান চালানো হচ্ছে। নাটোর সদর হাসপাতালে অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ চলছে। রাজশাহী বিভাগে বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছেন।

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান বলেন, সরকারি হাসপাতাল গরিব মানুষের ভরসার জায়গা। সেখানে দালাল বা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কোনো স্থান নেই। রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালালদের আইনের আওতায় আনা হয়েছে। চিকিৎসাসেবার মান বাড়াতে এ অভিযান অব্যাহত থাকবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি