খুঁজুন
                               
, ,
           

মানবিক বিপর্যয়ে দুর্গতদের পাশে নৌবাহিনী; বিশেষায়িত বোটে পানিবন্দিদের সরিয়ে নিচ্ছে নিরাপদ আশ্রয়ে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১২:২২ পূর্বাহ্ণ
মানবিক বিপর্যয়ে দুর্গতদের পাশে নৌবাহিনী; বিশেষায়িত বোটে পানিবন্দিদের সরিয়ে নিচ্ছে নিরাপদ আশ্রয়ে

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে দেশ। পানিতে নিমজ্জিত দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ ১১ জেলা। পানিবন্দী মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে পুরো দেশ। যতই সময় গড়াচ্ছে, বেঁচে থাকার শেষ আশ্রয়টুকুও বিলীন হওয়ার উপক্রম যেন! এরই মধ্যে ডুবে গেছে বাড়িঘর ও স্থাপনা। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ। এই মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রাত-দিন নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত কন্টিনজেন্ট।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বক্ষণিক তদারকিতে মোতায়েনকৃত কন্টিনজেন্টের সদস্যরা পানিবন্দি অসহায় ও বিপদগ্রস্ত মানুষকে বিশেষায়িত বোটের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বয়োবৃদ্ধ, নারী ও শিশুদের জীবন রক্ষায়। পাশাপাশি এসব মানুষের দিকে তাঁরা বাড়িয়ে দিয়েছে সহানুভূতি ও সহমর্মিতার হাত।

শুধু তাই নয়, প্লাবিত এলাকাসমূহে জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়ন রয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। এছাড়াও নৌবাহিনী চিকিৎসক দল পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ওষুধ, স্যালাইন ও বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সুমহান দায়িত্ব পালনের পাশাপাশি চলমান দুর্যোগেও নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করে চলেছে গৌরবদীপ্ত এই বাহিনীটির সদস্যরা। বন্যার্তদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে দুর্গত এলাকাসমূহে ইতোমধ্যে আরও ৭ হাজার লিটার জীবন রক্ষাকারী বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বাংলাদেশ নৌবাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বন্যা দুর্গত এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা ও ঢাকা নৌঅঞ্চল থেকে উদ্ধার কার্যক্রমে যোগ করেছে বিশেষায়িত স্পিড বোট ও অন্যান্য উদ্ধার সরঞ্জামাদি। চট্টগ্রাম নৌ অঞ্চল থেকে উদ্ধারকারী দলের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করতে যোগাযোগ সরঞ্জাম, ওয়াকি-টকি নিয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন নৌবাহিনীর আরেকটি দল।

একই সূত্র জানায়, বানভাসীদের সাহায্যের জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে উদাত্ত আহবান জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। নৌবাহিনী যে কোন রকমের সহযোগিতা (অর্থ, খাদ্য, চিকিৎসা) সংগ্রহ করে বন্যার্তদের নিকট পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে। বন্যার্তদের নিকট খাদ্য সামগ্রী প্রেরণের জন্য যানবাহন সহায়তা দিতেও প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী। সার্বিকভাবে দেশের এই বিশেষ দুর্যোগকালীন সময়ে নৌবাহিনী সর্বাত্মক চেষ্টায় ক্ষতিগ্রস্ত জনগণের কষ্ট ও দুর্ভোগ লাঘবের মাধ্যমে প্রকৃত অর্থেই দেশের জনগণের আশা- আকাঙ্খার মূর্ত প্রতীক হিসেবে নিজেদের মেলে ধরতে অহর্নিশ কাজ করে চলেছেন। পরিচয় দিয়েছেন নিজেদের মানবিক ও মনুষ্যত্ববোধের।

কালের আলো/এমএএএমকে

এক জমিতে মাছ-সবজি চাষ, বদলে গেছে ওয়ালি উল্লাহর সংসার

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
এক জমিতে মাছ-সবজি চাষ, বদলে গেছে ওয়ালি উল্লাহর সংসার

কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে অল্প জমিতে সমন্বিত চাষের দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. ওয়ালি উল্লাহ। ১৬ শতাংশ জমিতে পুকুর খনন করে মাছ চাষের পাশাপাশি পুকুরপাড় ও সংলগ্ন জমিতে বিষমুক্ত শাকসবজি চাষ করছেন তিনি। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কমেছে দৈনন্দিন বাজার খরচ।

ওয়ালি উল্লাহর বাড়ির দক্ষিণ পাশে তৈরি করা পুকুরে কার্প, সরপুঁটি, তেলাপিয়া ও বাটা প্রজাতির প্রায় চার হাজার পোনা রয়েছে। নিয়মিত সম্পূরক খাবার দেওয়ায় মাছগুলো বর্তমানে প্রায় ছয় ইঞ্চি লম্বা হয়েছে। পুকুরের মাছের ঘনত্ব নিয়ন্ত্রণে রাখতে মাঝেমধ্যে কিছু মাছ ধরেও পরিবারের চাহিদা মেটান তিনি।

পুকুরের পাড়ের খালি জায়গাও ফেলে রাখেননি ওয়ালি উল্লাহ। সেখানে লাউ, চিচিঙ্গা, ঝিঙা, শিম, বেগুন, পুঁইশাক ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। পাশাপাশি পেঁপে, আম ও কলার চারাও লাগিয়েছেন। পুকুরসংলগ্ন প্রায় এক বিঘা জমিতেও রয়েছে বিভিন্ন সবজির বাগান।

ওয়ালি উল্লাহ জানান, কয়েক বছর ধরে তিনি সমন্বিত পদ্ধতিতে মাছ ও সবজি চাষ করছেন। এতে পরিবারের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজার খরচও অনেক কমেছে।

স্থানীয় সাংবাদিক মো. কামাল হোসেন বলেন, পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ওয়ালি উল্লাহর উদ্যোগটি অনুকরণীয়। অল্প জায়গাকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে এমন সমন্বিত চাষ অন্যদেরও উৎসাহিত করতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ওয়ালি উল্লাহর সমন্বিত চাষ নিরাপদ খাদ্য ও সবজি উৎপাদনে অন্যদের উৎসাহিত করবে। তাকে কারিগরি সহায়তার পাশাপাশি হাইব্রিড জাতের সবজি চাষে সহযোগিতা এবং সরকারি কৃষক কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার বলেন, ১৬ শতাংশ পুকুরে মাছ চাষের উদ্যোগটি প্রশংসনীয়। তবে ভালো ফলনের জন্য পুকুরের আয়তন অনুযায়ী মাছের অনুপাত ঠিক রাখা জরুরি। এ বিষয়ে ওয়ালি উল্লাহকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।

নতুন সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরও নজর কাড়ছে তার এই সমন্বিত খামার। অল্প জমিতে পরিকল্পিতভাবে মাছ, সবজি ও ফল চাষ করে পারিবারিক পুষ্টি ও সাশ্রয়ের পাশাপাশি সম্ভাবনাময় একটি কৃষি মডেল গড়ে তুলেছেন তিনি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা, নিন্দা জানালেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা, নিন্দা জানালেন আসিফ নজরুল

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বইটি বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
পোস্টে আসিফ নজরুল বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি। তার দাবি, বইটি বিক্রয়ে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং প্রতিষ্ঠানটির দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ।
এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার আমলে এভাবে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। তখন এসব ঘটনার প্রতিবাদ করা হয়েছিল। এখন একই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ড মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল।

কালের আলো/এসকে/এমএসআইপি 

সব খাতের শ্রমিকের জন্য কর্মক্ষেত্র দুর্ঘটনা স্কিম চায় বিলস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
সব খাতের শ্রমিকের জন্য কর্মক্ষেত্র দুর্ঘটনা স্কিম চায় বিলস

দেশের তৈরি পোশাক খাতের পাশাপাশি সব খাতের শ্রমিকের জন্য অ্যামপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরও সর্বজনীন সামাজিক সুরক্ষার আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। ইআইএস পাইলট প্রকল্পের অগ্রগতি তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালে শুরু হওয়া ইআইএস পাইলট প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ২৪৮টি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ১৬১ জন নিহত শ্রমিকের উত্তরাধিকারী এবং ৮৭ জন স্থায়ীভাবে অক্ষম শ্রমিককে মোট ৪ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৫৭১ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

রানা প্লাজা ও তাজরিন দুর্ঘটনার পর শ্রমিকদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বিভিন্ন উন্নয়ন সহযোগীর সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ইআইএস প্রকল্পটি বর্তমানে তৈরি পোশাক খাতে পাইলট হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। কর্মক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে একটি পরিবার আর্থিক সংকটে পড়ে। তাই শ্রমিক ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

আইএলও-ইআইএসের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার সৈয়দ সাদ হুসাইন গিলানী জানান, প্রকল্পের আওতায় শ্রমিক ও তাদের পরিবার তিন ধরনের সুবিধা পেতে পারে। এর মধ্যে রয়েছে মজুরির ৫০ শতাংশ হারে আর্থিক সহায়তা, অক্ষম শ্রমিকদের পুনর্বাসন এবং কর্মক্ষেত্রের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তা।

ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন বলেন, ২০২২ সালে প্রকল্পটি শুরু হওয়ার পর ক্ষতিপূরণের বিষয়টি শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়েছে। সরকার, মালিকপক্ষ ও আইএলওর যৌথ উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

স্কপের যুগ্ম সমন্বয়কারী এএএম ফয়েজ হোসেন বলেন, পাইলট প্রকল্পটি শুরুতে শুধু তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ছিল। এখন দেশের সব খাতের শ্রমিককে এর আওতায় আনার প্রয়োজন রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি