খুঁজুন
                               
, ,
           

সিগন্যালস কোর রিক্রুটদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখার আহ্বান ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ
সিগন্যালস কোর রিক্রুটদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখার আহ্বান ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাদ্যের তালে তালে মনোমুগ্ধকর কুচকাওয়াজ। দৃঢ় কণ্ঠে জীবন উৎসর্গ করার শপথ। বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের সদস্য হওয়ার অনন্য এক গৌরব অর্জন। দৃপ্ত পায়ে এগিয়ে চলে দীর্ঘ ৯ মাসের কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত ৫৭৯ জন নবীন সৈনিক। রবিবার (০৩ নভেম্বর) যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে সিগন্যালস কোর এর রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড এর এ যেন অভূতপূর্ব এক দৃশ্য।

মনোজ্ঞ এই কুচকাওয়াজ উপভোগ করে অনুষ্ঠানের প্রধান অতিথি ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রেখে তা উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে ধাপে ধাপে আরও প্রশিক্ষিত হয়ে নিজেদেরকে নবীন সৈনিকরা তৈরি করবে বলেও তাঁর প্রত্যাশার কথা জানান। এর আগে সকালে তিনি প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে যশোর সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান।

  • অতিক্রম করতে হয়েছে অনেক চড়াই-উতরাই
  • নৈতিক মূল্যবোধ, আনুগত্য ও শৃঙ্খলা- এসব গুণাবলী দৃঢ়ভাবে ধারণ করতে গুরুত্বারোপ
  • দেশ ও জাতির উন্নতি এবং অগ্রগতিতে অবদান রাখার পরামর্শ
  • নেতৃত্ব, ভাতৃত্ববোধ ও টিম স্পিরিট তৈরিতে ভূমিকা

জানা যায়, দীর্ঘ ৯ মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করে ৫৩২ জন পুরুষ রিক্রুট ও ৪৭ জন মহিলা রিক্রুটসহ সর্বমোট ৫৭৯ জন রিক্রুট এদিন আনুষ্ঠানিকভাবে দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের শপথ গ্রহণ করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত থাকার কথা জানান দেন। নবীন সৈনিকদের জীবনের শ্রেষ্ঠতম অর্জনে উচ্ছ্বসিত তাদের অভিভাবকরাও। তাদের সন্তানরা নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এই স্বপ্নে বিভোর তাঁরাও।

শপথ গ্রহণ প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ, আনুগত্য ও শৃঙ্খলা- এসব গুণাবলী দৃঢ়ভাবে ধারণ করতে গুরুত্বারোপ করেন। পরামর্শ দেন নিরলস প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি এবং অগ্রগতিতে অবদান রাখার। এ সময় তিনি বলেন, ‘সিগন্যালস কোর এর রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি। আমি আরও আনন্দিত যে, দীর্ঘ ৯ মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করে আজ তোমরা শপথ গ্রহণ করলে। আজকের এই শুভ দিনে প্রাণপ্রিয় আমাদের মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ দেশমাতৃকার সেবা করার যে শপথ তোমরা গ্রহণ করলে দোয়া করি সর্বশক্তিমান আল্লাহ যেন তা পালনে তোমাদের সামর্থ্য দান করে। এখন থেকে সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রেখে তা উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে ধাপে ধাপে তোমরা আরও প্রশিক্ষিত হয়ে নিজেদেরকে তৈরি করবে এটিই আমাদের প্রত্যাশা।’

চারিত্রিক বিকাশের জন্য বিভিন্ন প্রচেষ্টা তোমাদের যেমন শাণিত করেছে, উল্লেখ করে জিওসি আরও বলেন, ‘আমি জেনে অত্যন্ত খুশি হয়েছি যে, সাধারণ সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তোমাদের সামরিক রীতি-নীতি, আচার-আচরণ ও চরিত্র গঠন সম্পর্কে অভ্যস্ত করা হয়েছে। মনে রাখবে চরিত্র একটি অমূল্য সম্পদ। বিভিন্ন ধরণের প্রশিক্ষণমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ তোমাদের শারীরিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, ভাতৃত্ববোধ ও টিম স্পিরিট তৈরিতে ভূমিকা রেখেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নৈতিক মূল্যবোধ, আনুগত্য, শৃঙ্খলা ও নিরলস প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি এবং অগ্রগতিতে অবদান রাখবে বলে আমি আশা ব্যক্ত করি।’

নবীন সৈনিকদের এই কুচকাওয়াজ অত্যন্ত আকর্ষণীয়, সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, ‘তোমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য্য, একাগ্রতা, আন্তরিক প্রচেষ্টা এবং সর্বোপরি তোমাদের ওপর মহান আল্লাহ’র অশেষ রহমতের জন্যই তা সম্ভবপর হয়েছে। আমি জানি তোমাদের প্রশিক্ষণের প্রতিটি পদক্ষেপেই সম্মুখীন হতে হয়েছে অনেক বাধা বিঘ্ন ও পরীক্ষা। অতিক্রম করতে হয়েছে অনেক চড়াই-উতরাই। মনে রাখবে প্রশিক্ষণ হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যা তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ। কঠোর পরিশ্রম, সহিষ্ণুতা ও দৃঢ় মনেবলের জন্যই তোমরা সফলভাবে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছো, এজন্য আমি তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন।’

রিক্রুট ব্যাচ ২০২৪ এর ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠানে যশোর ও খুলনা অঞ্চলের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকরা ও প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। এই বছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে রিক্রুট নূর মোহাম্মদ বিবেচিত হয়েছেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

কালের আলো/এমএএএমকে

কভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ, আশুলিয়ায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
কভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ, আশুলিয়ায় নিহত ৭

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এফএনএস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা কারখানার ভেতরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে একটি কাবার ভেতর থেকে পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়ে। এতে জয়নাব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামে আরও এক আহত ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় সাতজনে।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, একটি কভার্ড ভ্যানের ভেতরে থাকা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

কালের আলো/এমএসআইপি 

ডিজেল-কেরোসিন-অকটেন-পেট্রোলের দাম বাড়ল ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
ডিজেল-কেরোসিন-অকটেন-পেট্রোলের দাম বাড়ল ২০ টাকা

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়।

নতুন দামে ডিজেলের মূল্য ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। সর্বশেষ বড় ধরনের মূল্য সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে নিয়মিত এ দাম সমন্বয় করা হয়।

কালের আলো/এমএসআইপি 

অটোরিকশা উচ্ছেদ নয়, নিবন্ধন ও ফিটনেসের আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
অটোরিকশা উচ্ছেদ নয়, নিবন্ধন ও ফিটনেসের আওতায় আনার দাবি

ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ বন্ধ বা উচ্ছেদ না করে আধুনিকায়ন, নিবন্ধন, ফিটনেস সনদ, চালকদের প্রশিক্ষণ ও বৈধ বিদ্যুৎ সংযোগের আওতায় এনে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে ঢাকা মহানগর ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সামাদ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবু বকর বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ বা উচ্ছেদের পরিবর্তে আধুনিকায়ন, নিবন্ধন, ফিটনেস সনদ, চালকদের প্রশিক্ষণ, বৈধ বিদ্যুৎ সংযোগ, নির্ধারিত রুট ও সড়ক ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, এর মাধ্যমে একদিকে যাত্রী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে এ খাতের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত চালক, মালিক ও শ্রমজীবী মানুষের জীবিকা ও অধিকারও সুরক্ষিত থাকবে।

১০ দফা দাবি

সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশার আধুনিকায়ন ও ফিটনেস সনদ প্রদান। পাশাপাশি বাণিজ্যিক লাইসেন্স ও জোনভিত্তিক রুট পারমিট চালুর দাবি জানানো হয়েছে।

চালকদের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বিশেষ ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা এবং প্রতিটি অটোরিকশা গ্যারেজে ডি-৩ ক্যাটাগরির বৈধ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবিও রয়েছে।

এ ছাড়া গ্যারেজ থেকে সরকারের প্রাপ্য বিদ্যুৎ বিল ও রাজস্ব যথাযথভাবে আদায়, সিটি করপোরেশনের প্রধান সড়কে অটোরিকশার জন্য পৃথক ‘লো-স্পিড লেন’ এবং জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকার প্রধান সড়কে পৃথক লেন নির্ধারণের দাবি জানানো হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রধান ও ফিডার সড়ক বিবেচনায় বৈজ্ঞানিকভাবে সর্বোচ্চ পাঁচ লাখ অটোরিকশার সিলিং নির্ধারণ, দেশের পরিবহন ব্যবস্থার আইনি কাঠামোর মধ্যে এ যানবাহনকে অন্তর্ভুক্ত করা এবং নীতিনির্ধারণে মালিক-শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও রয়েছে।

আধুনিক প্রযুক্তিতে রূপান্তরের দাবি

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, অটোরিকশা খাতের সমস্যার স্থায়ী সমাধান শুধু নিষেধাজ্ঞা বা উচ্ছেদের মাধ্যমে সম্ভব নয়। প্রযুক্তিগতভাবে আধুনিক, নিরাপদ, নিবন্ধিত ও আইনসম্মত কাঠামোর মধ্যে এ খাতকে নিয়ে আসা প্রয়োজন।

তারা বলেন, অটোরিকশা বন্ধের অন্যতম কারণ হিসেবে ব্রেকিং সিস্টেম ও অনিরাপদ বডি স্ট্রাকচারের বিষয়টি তুলে ধরা হচ্ছে। এ কারণে বুয়েট অনুমোদিত আধুনিক ব্রেকিং সিস্টেম ও নিরাপদ ডিজাইনের ই-রিকশা দেশীয় প্রযুক্তিতে উৎপাদনের সুযোগ দিতে হবে।

একই সঙ্গে পুরোনো অটোরিকশাগুলো আধুনিক ও নিরাপদ প্রযুক্তিতে রূপান্তরের জন্য তিন থেকে পাঁচ বছরের নির্দিষ্ট সময়সীমা দেওয়ার দাবি জানান তারা।

নেতারা বলেন, ১০ দফা দাবি নিয়ে চালক-মালিক প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। আইন মেনে নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মো. আবু বকর ছিদ্দিক এবং কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন ও শরিফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি