খুঁজুন
                               
, ,
           

স্বতন্ত্র ইউনিট হিসেবে আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু, দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান সেনাপ্রধানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ
স্বতন্ত্র ইউনিট হিসেবে আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু, দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান সেনাপ্রধানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করেছে আর্মি এয়ার ডিফেন্স কোর। সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রামের হালিশহর আর্টিলারী সেন্টার ও স্কুলে এই কোরের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়।

এতে একজন ইউনিট অধিনায়ক, একজন মহিলা অফিসার, জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং একজন সৈনিককে শোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ প্রদান করেন সেনাপ্রধান। তিনি এডহক আর্মি এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালকের হাতে নবগঠিত ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’ এর পতাকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর সকল আর্টিলারি ব্রিগেডের কমান্ডার এবং আর্টিলারি ইউনিটসমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন।

এর আগে সেনাপ্রধান চট্টগ্রামের হালিশহর আর্টিলারী সেন্টার ও স্কুলে এসে পৌঁছলে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো.মাইনুর রহমান, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান ও আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম আতিকুর রহমান তাকে অভ্যর্থনা জানান।

সম্মান ও গৌরব এই মূলমন্ত্র ধারন করে রেজিমেন্ট অব আর্টিলারির সদস্যরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারে অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘রেজিমেন্ট অব আর্টিলারির প্রতিটি সদস্য আগামী দিনে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত রেজিমেন্ট অব আর্টিলারির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে নিজের বক্তব্যে রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারির সকল সদস্যদের প্রতি তিনি আহবান জানান। রেজিমেন্ট অব আর্টিলারির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়েও আলোকপাত করেন সেনাপ্রধান।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান চট্টগ্রামের ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড সংলগ্ন খিল্লাপাড়ায় ৫০০ শয্যা বিশিষ্ট চট্টগ্রামের আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই হাসপাতাল নির্মাণ সুদক্ষ চিকিৎসক তৈরীর পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

কালের আলো/এমএএইচইউ

ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ চান ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের প্রতি ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প বিশ্বের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ কার্যকরের আহ্বান জানান। তার এ বক্তব্যের পর অধিবেশনকক্ষে উপস্থিত নেতাদের কাছ থেকে সংক্ষিপ্ত করতালিও শোনা যায়।

ইরানকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, একসময় দেশটি মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করত। তবে এখন সেই অবস্থান আর নেই বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের বক্তব্যের সময় ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা ও দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়টি সামনে আসে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের সময় জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইরান সরকারের বিরোধী কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হন। তাদের হাতে স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা ইরানে স্বৈরশাসনেরও নিন্দা জানান।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে সেই বিরোধের পাশাপাশি ইরানের ওপর আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

কালের আলো/এমএসআইপি 

ইসির ভোটযাত্রায় হঠাৎ ব্রেক

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
ইসির ভোটযাত্রায় হঠাৎ ব্রেক

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কয়েক সপ্তাহ ধরে দৃশ্যমান প্রস্তুতি চালালেও হঠাৎ করেই সেই তৎপরতায় ছন্দপতন ঘটেছে নির্বাচন কমিশনে (ইসি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের পর এবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘোষিত সংলাপও স্থগিত করেছে কমিশন। ফলে নির্বাচন আয়োজনের দৃশ্যমান প্রস্তুতি এগোলেও বাস্তবে ভোটের সময়সূচি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

  • তফসিলের আগেই দুই গুরুত্বপূর্ণ কর্মসূচি স্থগিত
  • মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় নিয়ে উঠছে প্রশ্ন
  • চূড়ান্ত সময়সূচি এখনও অনিশ্চিত

প্রস্তুতির বড় অংশ শেষ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অধরা
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ইতোমধ্যে এগিয়ে নিয়েছিল ইসি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটকেন্দ্র নির্ধারণ, নতুন আচরণবিধি প্রণয়ন, বাজেট প্রস্তুত এবং ভোটের সামগ্রী কেনাকাটার মতো কার্যক্রম শেষের দিকে নেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে বৈঠকের প্রস্তুতিও ছিল সেই ধারাবাহিকতার অংশ।

গত ২৭ আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার সময়সূচির সঙ্গে ভোটের তারিখ সমন্বয়ের কথাও তখন জানানো হয়েছিল।

সাত ধাপে ভোটের প্রাথমিক ছক
এরপর গত ১৪ সেপ্টেম্বর কমিশনের বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আরও নির্দিষ্ট পরিকল্পনার কথা সামনে আসে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ১২ নভেম্বর থেকে সাত ধাপে ৮০টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শেষ ধাপের ভোট গত ২৭ মে শেষ করার পরিকল্পনাও ছিল। আইনি জটিলতামুক্ত ও নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ৬৪ জেলায় একযোগে ভোট শুরু করার লক্ষ্যও তুলে ধরা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার ইঙ্গিতও ছিল কমিশনের বক্তব্যে।

সরকারের বক্তব্যে প্রকাশ পেল সমন্বয়ের ঘাটতি
তবে এই পরিকল্পনার পরদিনই তৈরি হয় নতুন প্রশ্ন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিছু জানে না। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ইসি সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত সময়সূচি ছিল প্রাথমিক। ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা বলা হয়।

জুনের আগেই ভোট, কিন্তু তারিখ নেই
১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সানাউল্লাহ জানান, আগামী বছরের জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার বিষয়ে অংশীজনদের মধ্যে ঐকমত্য হয়েছে। তবে বন্যায় শিক্ষা কার্যক্রমের ক্ষতি এবং পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোট শুরুর নির্দিষ্ট তারিখ তখনও ঘোষণা করা হয়নি। এই পর্যায় থেকেই নির্বাচনী প্রস্তুতির গতি দৃশ্যত কমতে শুরু করে। ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্ধারিত সভা বাতিল করে কমিশন। এরপর ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্ধারিত তিন দিনের সংলাপও স্থগিত করা হলো।

সামনে সমন্বয় নাকি নতুন সময়সূচি?
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানিয়েছেন, আপাতত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত রয়েছে; পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরপর দুই গুরুত্বপূর্ণ কর্মসূচি স্থগিত হওয়ায় প্রশ্ন উঠেছে—কমিশন কি কেবল প্রস্তুতির সময়সূচি পুনর্বিন্যাস করছে, নাকি স্থানীয় সরকার নির্বাচনের পুরো পরিকল্পনাতেই পরিবর্তন আসছে? এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে এর স্পষ্ট উত্তর মেলেনি। ফলে ভোটের আয়োজন নিয়ে প্রস্তুতি যতটা এগিয়েছে, চূড়ান্ত সময়সূচি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের প্রশ্নটি ততটাই অনির্ধারিত রয়ে গেছে।

কালের আলো/এএইচ/এমকে

নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এ ছাড়া বাণিজ্য, উন্নয়ন ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

কালের আলো/এমএসআইপি