খুঁজুন
                               
, ,
           

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে কাটছে দুশ্চিন্তা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ণ
রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে কাটছে দুশ্চিন্তা

কালের আলো রিপোর্ট:

আসছে গরমের দিন। চাহিদা বাড়বে বিদ্যুতের। ফলে গরমে বিদ্যুতের চাহিদা দাঁড়াতে পারে ১৮ হাজার মেগাওয়াট। এর ফলে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। তবে পুরো রমজান মাসকে লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ং এমন প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে দুশ্চিন্তা কাটতে শুরু করেছে।

জানা যায়, আগামী মার্চ দেশে গরম পড়তে শুরু করবে। একই মাসে শুরু হবে পবিত্র রমজান। শিগগিরই শুরু হচ্ছে সেচ মৌসুম। এ তিনে মিলে এবারের গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাপ থাকবে। এজন্য বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে লোডশেডিং বাড়বে। বিদ্যুৎ উৎপাদনকারীরা এবার গরমে সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন। আর চাহিদা ও সরবরাহে পার্থক্য বেশি হলে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।

সংশ্লিষ্টরা বলছেন, বকেয়া না পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনকারী উদ্যোক্তারা প্রাথমিক জ্বালানি কিনতে পারছেন না। দিনদিন সরকারের কাছে বকেয়ার পরিমাণ বাড়ছেই। গ্যাসের সংকট তীব্র হচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে হলে উচ্চ দামের ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো চালাতে হবে। এতে সরকারের ব্যয় ও লোকসান দুটোই বেড়ে যাবে। এ ছাড়া লোডশেডিং হলে মাঠ পর্যায়ে সেচেও ডিজেলচালিত সেচপাম্পের খরচ বাড়বে।

বিদ্যুৎ বিভাগ সূত্র মতে, বিদ্যুৎ চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতার কোনো ঘাটতি নেই। তবে ঘাটতি আছে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা, এলএনজি ও জ্বালানি তেলের সরবরাহে। চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় গেল দু’বছর গ্রীষ্ম মৌসুমে ব্যাপক লোডশেডিংয়ে ভুগতে হয়েছে গ্রাহককে। এবার গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে প্রায় ১৮ হাজার মেগাওয়াট। গত বছরের চেয়ে চাহিদা বেড়েছে ১১ শতাংশের মতো। একই সময়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাও বেড়েছে একই হারে। তবে গত বছরের মতোই সক্ষমতার বড় একটি অংশ বসিয়ে রাখতে হতে পারে জ্বালানির অভাবে।

একই সূত্র জানায়, বিদ্যুৎ চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতার কোনো ঘাটতি নেই। তবে ঘাটতি আছে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা, এলএনজি ও জ্বালানি তেলের সরবরাহে। চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় গেল দু’বছর গ্রীষ্ম মৌসুমে ব্যাপক লোডশেডিংয়ে ভুগতে হয়েছে গ্রাহককে। এবার গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে প্রায় ১৮ হাজার মেগাওয়াট। গত বছরের চেয়ে চাহিদা বেড়েছে ১১ শতাংশের মতো। একই সময়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাও বেড়েছে একই হারে। তবে গত বছরের মতোই সক্ষমতার বড় একটি অংশ বসিয়ে রাখতে হতে পারে জ্বালানির অভাবে। যদিও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বেসরকারি কেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ যাতে বন্ধ করতে না হয়, সেজন্য তাদের বকেয়াও পরিশোধ করা হবে। সম্পূর্ণ হয়ত করা যাবে না।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনে আসন্ন রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেছেন, আসন্ন গরম মৌসুমে (এপ্রিল-সেপ্টেম্বর) সাতশ থেকে সর্বোচ্চ ১৪শ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ১৮ হাজার মেগাওয়াট। তবে রমজানে লোডশেডিং মুক্ত রাখতে চেষ্টা করা হবে উল্লেখ করে তিনি বলেন, রমজানে বিদ্যুতের চাহিদা হবে ১৫ হাজার ৭শ মেগাওয়াট।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদ্যুতের ক্ষেত্রে প্রাথমিক জ্বালানি গ্যাসের ওপর জোর দেওয়া হচ্ছে। রমজানে লোডশেডিং মুক্ত রাখতে অতিরিক্ত চার কার্গো গ্যাস (এলএনজি) আমদানি করব। বিদ্যুৎ উৎপাদনে এখন ৯০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। রমজান মাসের জন্য ১২০ কোটি ঘনফুট এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১০ কোটি গ্যাস সরবরাহ করা হবে। এতে বিদ্যুৎ উৎপাদন বাড়বে। গ্রীষ্মে মূলত সেচ ও এয়ারকন্ডিশনের জন্য চাহিদা বেড়ে যায়। আমরা সেচে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে চাই। তবে এয়ারকন্ডিশনের লোড কমানোর চেষ্টা করা হবে।

ফাওজুল কবির খান বলেন, প্রাথমিক জ্বালানি সমস্যার কারণে লোডশেডিং করতে হয়। রোজা এবং গ্রীষ্মে মৌসুমে কী পরিমাণ অর্থের প্রয়োজন তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আমরা বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেছি। যাতে করে জ্বালানি আমদানি করতে বৈদেশিক মুদ্রার সংকট না হয়।

লোডশেডিংয়ের কারণ সম্পর্কে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, আর্থিক কারণে নয়, অপচয়ের কারণে লোডশেডিং বেশি হয়। তিনি বলেন, গ্রীষ্মে কুলিং লোডের (এসির লোড) পরিমাণ হচ্ছে ৬ হাজার মেগাওয়াট। আমরা যদি এসি তাপমাত্রা ২৪-২৫ রেখে চালাই, তাহলে দুই হাজার থেকে তিন হাজার মেগাওয়াট সাশ্রয় করা সম্ভব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার লোডশেডিং করার ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। ঢাকা থেকে লোডশেডিং শুরু হবে। শহর গ্রামে সমান লোডশেডিং হবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। সেসব কমিটির প্রতিবেদন পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বড় কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনায় যে কমিটি কাজ করছে, তাদের আইনি সহায়তা প্রয়োজন। সেটি নিয়ে কাজ চলছে। এছাড়া ট্যারিফ পুনর্মূল্যায়নের জন্য গঠিত কমিটি কাজ করছে। তিনি বলেন, কয়লাভিত্তিক কেন্দ্রের বিদ্যুতের দামের বিষয়ে একটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হয়েছে। মাতারবাড়ি কেন্দ্রের ইউনিট প্রতি খরচ হচ্ছে ৮ টাকা ৪০ পয়সা। এখন এই বেঞ্চমার্ক ধরে অন্যান্য কেন্দ্রের চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে।

কালের আলো/আরআই/এমকে

নেপালের দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মানসী পারেখ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
নেপালের দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মানসী পারেখ

নেপালের ভয়াবহ বন্যা ও দুর্যোগ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মানসী পারেখ। বর্তমানে তিনি নিরাপদে চীনে অবস্থান করছেন। সদগুরুর কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নিতে সেখানে গেছেন তিনি।

নেপালের তিব্বত সীমান্তবর্তী গিরং বন্দর এলাকায় সাম্প্রতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ২৭ আগস্ট যাওয়ার কথা ছিল মানসীর। তবে তার আগেই ওই এলাকা ছেড়ে চীনে চলে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

নেপালের বন্যার ভয়াবহতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন মানসী। একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘কী খারাপ অবস্থা হয়েছে! বৃহস্পতিবার তো এখানেই থাকার কথা ছিল আমার। মাত্র কয়েক দিন আগেই এই জায়গায় আমি গিয়েছিলাম। সকলে এত ভালোভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, সেটা ভোলার নয়। এখন তো গোটা রাজ্যই পানির নিচে।’

অন্য এক পোস্টে জীবনের অনিশ্চয়তার কথা তুলে ধরে মানসী লিখেছেন, ‘জীবন বড্ড অনিশ্চিত, কিন্তু যা ঘটেছে তা সত্যিই মন ভেঙে দিচ্ছে বারবার।’

নেপালে আটকে পড়া এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, ঈশ্বরের কৃপায় তাঁরা চীনে নিরাপদে আছেন। তাঁদের দেশে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি বন্যার মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে ইশা ফাউন্ডেশনও যথাসাধ্য চেষ্টা করছে।

নেপালের চলমান দুর্যোগে বেশ কয়েকজন ভারতীয় তারকাও আটকা পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা খরাজ মুখার্জি। অন্যদিকে বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাসও নেপালে গিয়ে দুর্যোগের মধ্যে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

নেপালের বিভিন্ন অঞ্চলে বন্যা, পাহাড়ধস ও আকস্মিক ঢলের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দুর্যোগপূর্ণ এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা কাজ করছে।

কালের আলো/এসএ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ ক্রীড়া সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিন লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও ভেবেছিল পিসিবি। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে মাঠে নামে পাকিস্তান।

লাঞ্চ বিরতিতে প্রচারিত ১৮ মিনিটের সাক্ষাৎকারটি নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের সম্প্রচারক মাইকেল আথারটন। সাক্ষাৎকারে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর দুই ছেলে। তাঁরা জানান, কারাগারে বাবার জীবন ও স্বাস্থ্য নিয়ে তাঁরা শঙ্কিত।

ইমরান খান প্রায় তিন বছর ধরে কারাগারে রয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বাবার জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে তাঁর দুই ছেলে বিভিন্নভাবে সরব হয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, লাঞ্চের বিরতির আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎকারটি নিয়ে আপত্তি জানায় পিসিবি। এরপর সম্প্রচারের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস।

সাক্ষাৎকার শেষ হওয়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরা দ্বিতীয় সেশনের জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে তাঁদের মাঠে নামার কথা ছিল এবং নির্ধারিত সময়েই মাঠে নামে দলটি।

আথারটন বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নেন। টেস্ট শুরুর আগেই স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটির একটি টিজারও প্রচার করেছিল। তবে পাকিস্তানে সিরিজটির সম্প্রচারকারী পিটিভি সাক্ষাৎকারটি প্রচার করেনি।

ইমরানের স্বাস্থ্য নিয়ে কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে ব্যাপক আলোচনা চলছে। গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট তাঁকে রাজধানী ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিলেন। তবে তাঁকে সেখানে না নিয়ে রাষ্ট্রীয় পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে অল্প সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইমরানের পরিবার ও ছেলেদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে শিফা হাসপাতালে নেওয়া হয়নি। পাশাপাশি তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

এর আগে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। তাঁদের মধ্যে ছিলেন মাইকেল আথারটনসহ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরা।

এটি ছিল ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের দ্বিতীয় চিঠি। এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন।

তবে ইমরানকে কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। সরকারের দাবি, ২০২৩ সালের আগস্টে ইমরান কারাবন্দী হওয়ার পর থেকে তাঁর পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা তাঁর সঙ্গে ৯০০ বারের বেশি দেখা করেছেন।

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং বিভিন্ন মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কালের আলো/এসএ

আজ শুরু নারী এশিয়া কাপ, কবে মাঠে নামছে বাংলাদেশ?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
আজ শুরু নারী এশিয়া কাপ, কবে মাঠে নামছে বাংলাদেশ?

আট বছর পর আবারও নারী এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের নারী এশিয়া কাপের দশম আসর।

বাংলাদেশের অবশ্য টুর্নামেন্ট শুরু হচ্ছে কয়েক দিন পর। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রথম ম্যাচ ৩১ আগস্ট, প্রতিপক্ষ এশিয়া কাপে অভিষেক হতে যাওয়া ইন্দোনেশিয়া।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে আছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

২০১৮ সালে কুয়ালালামপুরে ভারতকে হারিয়ে প্রথমবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ছেলে-মেয়ে মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে সেটিই অন্যতম বড় সাফল্য।

তবে এরপরের দুই আসরে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবার সেই ব্যর্থতা কাটিয়ে আবারও শিরোপার লড়াইয়ে ফিরতে চায় দলটি।

বাংলাদেশের প্রস্তুতিতে অবশ্য ধাক্কা এসেছে ফারিহা ইসলামের চোটে। ঊরুর চোটে গত ২৫ আগস্ট এশিয়া কাপ থেকে ছিটকে যান বাঁহাতি এই পেসার। একই কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমস থেকেও ছিটকে পড়েছেন তিনি।

ফারিহার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর।

নারী এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। সাতবারের চ্যাম্পিয়নরা এবারও অন্যতম ফেবারিট। তবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত নয়। ২০২৪ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

এবারের আসরে নতুন দল হিসেবে এসেছে ইন্দোনেশিয়া। বাছাইপর্বে তৃতীয় হয়ে মূল টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

বাংলাদেশের ম্যাচ সূচি

  • ৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
  • ৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
  • ৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশের সব ম্যাচই হবে দুবাইয়ে, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী দুই দল খেলবে ১৩ সেপ্টেম্বরের ফাইনালে।

কালের আলো/এসএ