খুঁজুন
                               
, ,
           

সেনাপ্রধানের কুয়েত সফরে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতিতে নতুন মাত্রা; দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
সেনাপ্রধানের কুয়েত সফরে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতিতে নতুন মাত্রা; দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

প্রায় তিন দশক যাবত নিরাপদ ও আধুনিক কুয়েত গঠনে নিজেদের মেধা ও শ্রম দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। মরুভূমির এই দেশ পুনর্গঠনে এখন কাজ করছেন ৫ হাজারের বেশি সেনা সদস্য। এটি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের পর কোন বৈদেশিক দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যক মোতায়েন। উষ্ণ মরুভূমির প্রতিকূল আর বৈরী আবহাওয়ায় দক্ষতা আর পেশাদারিত্বের সঙ্গে তাঁরা নিজেদের গৌরব আর সুনামকে দেদীপ্যমান করেছেন।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পরিশ্রম, দক্ষতা, সাহস আর নিষ্ঠার ওপর বরাবরই আস্থাশীল দেশটির আমির উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশের অংশগ্রহণ এবং পরবর্তীতে অপারেশন কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল জেনারেল ওয়াকার-উজ-জামান’র তিন দিনের কুয়েত সফরের মধ্যে দিয়ে দুই দেশের এই সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জানা যায়, বাংলাদেশের সেনা সদস্যদের নিষ্ঠা, নৈতিক মনোবল, সাহস ও আত্মত্যাগকে বিশেষ মর্যাদায় দেখে আসছে ভ্রাতৃপ্রতিম দেশ কুয়েত। তাঁরা উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন বাংলাদেশি সেনাদের। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার (১৯ ফেব্রুয়ারি) তিন দিনের কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন। এর আগে কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফের আমন্ত্রণে প্রতিনিধিদলটি গত ১৬ ফেব্রুয়ারি কুয়েত সফরে যায়।

তাঁর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একই রকম মত প্রকাশ করে সামরিক কূটনীতিকরা মনে করছেন, সেনাপ্রধানের সরকারি এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সফরকালে সেনাপ্রধান কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবাহ জাবের আলআমেদ আলসাবা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ডা. আব্দুল্লাহ মেশাল মুবারক আব্দুল্লাহ এ. আলসাবাহ ও কুয়েত ন্যাশনাল গার্ডের সচিব লেফটেন্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার হাশেম আব্দুল রাজ্জাক আল-রিফাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সফরকালে সেনাপ্রধান কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস্ (বিএমসি) সদর দপ্তর পরিদর্শনসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশি মিলিটারি কন্টিনজেন্টের অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে অফিসার্স অ্যাড্রেস এবং দরবার নেন। এছাড়াও সেনাপ্রধান সফরকালে কুয়েত আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেন।

আইএসপিআর আরও জানায়, জেনারেল ওয়াকার-উজ-জামানের এই সফরের মধ্যদিয়ে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে।

কালের আলো/এমএএএমকে

নেপালের দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মানসী পারেখ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
নেপালের দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মানসী পারেখ

নেপালের ভয়াবহ বন্যা ও দুর্যোগ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মানসী পারেখ। বর্তমানে তিনি নিরাপদে চীনে অবস্থান করছেন। সদগুরুর কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নিতে সেখানে গেছেন তিনি।

নেপালের তিব্বত সীমান্তবর্তী গিরং বন্দর এলাকায় সাম্প্রতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ২৭ আগস্ট যাওয়ার কথা ছিল মানসীর। তবে তার আগেই ওই এলাকা ছেড়ে চীনে চলে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

নেপালের বন্যার ভয়াবহতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন মানসী। একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘কী খারাপ অবস্থা হয়েছে! বৃহস্পতিবার তো এখানেই থাকার কথা ছিল আমার। মাত্র কয়েক দিন আগেই এই জায়গায় আমি গিয়েছিলাম। সকলে এত ভালোভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, সেটা ভোলার নয়। এখন তো গোটা রাজ্যই পানির নিচে।’

অন্য এক পোস্টে জীবনের অনিশ্চয়তার কথা তুলে ধরে মানসী লিখেছেন, ‘জীবন বড্ড অনিশ্চিত, কিন্তু যা ঘটেছে তা সত্যিই মন ভেঙে দিচ্ছে বারবার।’

নেপালে আটকে পড়া এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, ঈশ্বরের কৃপায় তাঁরা চীনে নিরাপদে আছেন। তাঁদের দেশে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি বন্যার মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে ইশা ফাউন্ডেশনও যথাসাধ্য চেষ্টা করছে।

নেপালের চলমান দুর্যোগে বেশ কয়েকজন ভারতীয় তারকাও আটকা পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা খরাজ মুখার্জি। অন্যদিকে বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাসও নেপালে গিয়ে দুর্যোগের মধ্যে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

নেপালের বিভিন্ন অঞ্চলে বন্যা, পাহাড়ধস ও আকস্মিক ঢলের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দুর্যোগপূর্ণ এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা কাজ করছে।

কালের আলো/এসএ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ ক্রীড়া সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিন লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও ভেবেছিল পিসিবি। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে মাঠে নামে পাকিস্তান।

লাঞ্চ বিরতিতে প্রচারিত ১৮ মিনিটের সাক্ষাৎকারটি নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের সম্প্রচারক মাইকেল আথারটন। সাক্ষাৎকারে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর দুই ছেলে। তাঁরা জানান, কারাগারে বাবার জীবন ও স্বাস্থ্য নিয়ে তাঁরা শঙ্কিত।

ইমরান খান প্রায় তিন বছর ধরে কারাগারে রয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বাবার জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে তাঁর দুই ছেলে বিভিন্নভাবে সরব হয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, লাঞ্চের বিরতির আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎকারটি নিয়ে আপত্তি জানায় পিসিবি। এরপর সম্প্রচারের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস।

সাক্ষাৎকার শেষ হওয়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরা দ্বিতীয় সেশনের জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে তাঁদের মাঠে নামার কথা ছিল এবং নির্ধারিত সময়েই মাঠে নামে দলটি।

আথারটন বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নেন। টেস্ট শুরুর আগেই স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটির একটি টিজারও প্রচার করেছিল। তবে পাকিস্তানে সিরিজটির সম্প্রচারকারী পিটিভি সাক্ষাৎকারটি প্রচার করেনি।

ইমরানের স্বাস্থ্য নিয়ে কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে ব্যাপক আলোচনা চলছে। গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট তাঁকে রাজধানী ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিলেন। তবে তাঁকে সেখানে না নিয়ে রাষ্ট্রীয় পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে অল্প সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইমরানের পরিবার ও ছেলেদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে শিফা হাসপাতালে নেওয়া হয়নি। পাশাপাশি তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

এর আগে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। তাঁদের মধ্যে ছিলেন মাইকেল আথারটনসহ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরা।

এটি ছিল ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের দ্বিতীয় চিঠি। এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন।

তবে ইমরানকে কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। সরকারের দাবি, ২০২৩ সালের আগস্টে ইমরান কারাবন্দী হওয়ার পর থেকে তাঁর পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা তাঁর সঙ্গে ৯০০ বারের বেশি দেখা করেছেন।

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং বিভিন্ন মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কালের আলো/এসএ

আজ শুরু নারী এশিয়া কাপ, কবে মাঠে নামছে বাংলাদেশ?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
আজ শুরু নারী এশিয়া কাপ, কবে মাঠে নামছে বাংলাদেশ?

আট বছর পর আবারও নারী এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের নারী এশিয়া কাপের দশম আসর।

বাংলাদেশের অবশ্য টুর্নামেন্ট শুরু হচ্ছে কয়েক দিন পর। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রথম ম্যাচ ৩১ আগস্ট, প্রতিপক্ষ এশিয়া কাপে অভিষেক হতে যাওয়া ইন্দোনেশিয়া।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে আছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

২০১৮ সালে কুয়ালালামপুরে ভারতকে হারিয়ে প্রথমবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ছেলে-মেয়ে মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে সেটিই অন্যতম বড় সাফল্য।

তবে এরপরের দুই আসরে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবার সেই ব্যর্থতা কাটিয়ে আবারও শিরোপার লড়াইয়ে ফিরতে চায় দলটি।

বাংলাদেশের প্রস্তুতিতে অবশ্য ধাক্কা এসেছে ফারিহা ইসলামের চোটে। ঊরুর চোটে গত ২৫ আগস্ট এশিয়া কাপ থেকে ছিটকে যান বাঁহাতি এই পেসার। একই কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমস থেকেও ছিটকে পড়েছেন তিনি।

ফারিহার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর।

নারী এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। সাতবারের চ্যাম্পিয়নরা এবারও অন্যতম ফেবারিট। তবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত নয়। ২০২৪ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

এবারের আসরে নতুন দল হিসেবে এসেছে ইন্দোনেশিয়া। বাছাইপর্বে তৃতীয় হয়ে মূল টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

বাংলাদেশের ম্যাচ সূচি

  • ৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
  • ৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
  • ৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশের সব ম্যাচই হবে দুবাইয়ে, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী দুই দল খেলবে ১৩ সেপ্টেম্বরের ফাইনালে।

কালের আলো/এসএ