খুঁজুন
                               
, ,
           

৪১ বছর আগের আবেগময় স্বর্ণালী স্মৃতিতে বিমান বাহিনী প্রধান, দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে আপস না করার বার্তা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
৪১ বছর আগের আবেগময় স্বর্ণালী স্মৃতিতে বিমান বাহিনী প্রধান, দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে আপস না করার বার্তা

কালের আলো রিপোর্ট:

‘সেই-যে আমার নানা রঙের দিনগুলি’-রবিঠাকুরের এই গানটিই সম্ভবত তাঁর কন্ঠে গুঞ্জরিত হচ্ছিল। আবেগ আর অকৃত্রিম ভালোবাসার পানসিতে চড়ে ফিরলেন ৪১ বছর আগের স্মৃতিতে। সুখমাখা সেই স্বর্ণালী স্মৃতি আজও যেন জ্বলজ্বল তাঁর ভুবনে। সময়ের অবিশ্রান্ত ধারায়, যাপিত জীবনের ব্যস্ততার ঘূর্ণিপাকের ভেতরেও নিজের বক্তব্যে গভীর সেই অনুভবকেই মোটা দাগে তুলে আনলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। অবারিত আনন্দের ফল্গুধারায় উচ্ছ্বসিত কন্ঠেই উচ্চারণ করলেন- ‘আজ থেকে ৪১ বছর পূর্বে এই একাডেমির একজন গর্বিত ক্যাডেট ‘চির উন্নত মমশির’ এর সামনে এই প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি স্মৃতিকাতর।’ বুধবার (২৮ মে) চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে নিজের জীবনের প্রারম্ভিক অনন্য মুহুর্তের কথা বলতে গিয়ে এমনই বর্ণিল এক মায়াজালেই নিজেকে যেন আচ্ছন্ন করলেন তিনি।

স্মৃতির পথ ধরেই খানিক সময়ের জন্য নিজেকে সমর্পণ করলেন হারানো সেই সময়ের সীমারেখায়। বাস্তবতার স্পর্শে অন্তরের গভীরে লুকিয়ে থাকা সেকালকে বেঁধে দিলেন একালের সঙ্গে; এক অসাধারণ মায়ার মিতালীতে। পেশাদারিত্বের গভীর নির্যাসে দূরদৃষ্টির পরিচয়বহ, দিকনির্দেশনামূলক এবং সুমিত ভাষায় জ্ঞানোদ্দীপক এক দীর্ঘ বক্তব্যই উপস্থাপন করলেন বিমান বাহিনী প্রধান। অন্তরমথিত ভালোবাসায় সেই বক্তব্যে কালের বিবর্তনে উন্নয়নের ধারাবাহিকতায় শক্তিশালী ও সক্ষম সশস্ত্র বাহিনী, দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা-বাদ যায়নি কোন কিছুই। জানিয়ে দিলেন দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোন আপস না করার কথা। বললেন, ‘আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন রকম আপস করা হবে না।’

প্রাণোচ্ছল উপস্থিতিতে মেধাবী ক্যাডেটদের চোখের তারায় তখন খেলা করছে দেশমাতৃকার সেবার অমিত সম্ভাবনার স্বপ্ন। বাদ্যের তালে তালে আর পায়ের ছন্দে চট্টগ্রামের বিএমএ প্যারেড গ্রাউন্ড তখন মুখর। দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষণের পর ৮৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে কমিশন লাভ করা ১৫৫ জন নবীন সেনা কর্মকর্তাদের সেই স্বপ্নকে যেন আরও স্বার্থক ও মহিমান্বিত করলেন বিমান বাহিনী প্রধান। উপদেশ দিলেন সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যেকোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার।

বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখার। তিনি স্মরণ করিয়ে দিলেন বর্তমান ও ভবিষ্যতের যুদ্ধের ময়দানে এককভাবে সফলতা বয়ে আনা সম্ভব নয়। দেশ ও সশস্ত্র বাহিনীর উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে এবং ফিউচার ব্যাটেল ফিল্ডের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে সাহসী ও বলিষ্ঠ পথচলায়।

  • নবীন নেতৃত্বকে অভিনন্দন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
  • বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আস্থা ও ঐক্যের প্রতীক
  • সেনাবাহিনী দেশের জাতীয় জরুরি প্রয়োজনে সরকারকে সহায়তা করতে সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ
  • ভবিষ্যতে বিএমএ’র নাম বিশ্ব দরবারে আরও ব্যাপ্তি লাভ করবে
  • ‘ফিউচার ব্যাটেল ফিল্ড’ হবে ডায়নামিক

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো.মাইনুর রহমান, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান ও বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল এমরান তাকে স্বাগত জানান।

আইএসপিআর আরও জানায়, এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সর্বমোট ১৫৫ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন ১২৮ জন পুরুষ ও ২৩ জন মহিলা অফিসার। এছাড়াও কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে আছেন ৪ জন ফিলিস্তিনি অফিসার। তাঁরা নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমন্ডিত ‘সোর্ড অব অনার’ অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র অফিসার মো. আব্দুল ওয়াদুদ মাসুম ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। বিদেশি ক্যাডেটদের মধ্যে ফিলিস্তিন এর অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে ‘বিএমএ ট্রফি অফ এক্সিলেন্স’ লাভ করেন। পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এরপর অনুষ্ঠানে আগত অতিথি, প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের অভিভাবকরা নবীন অফিসারদের র‌্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আস্থা ও ঐক্যের প্রতীক
নিজের বক্তব্যের শুরুতেই বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘বক্তব্যের শুরুতে আমি বিনম্রচিত্তে স্মরণ করছি জাতির সূর্য সন্তান, ৭১’র শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা দেশ মাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন একটি স্বাধীন-সার্বভৌম দেশ ও লাল-সবুজের পতাকা। মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আস্থা ও ঐক্যের প্রতীক। দেশের প্রয়োজনে যেকোন ক্রান্তিলগ্নে প্রজ্ঞা, কর্তব্যবোধ, বুদ্ধিমত্তা, দেশপ্রেম ও সাহসের সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনী সব সময় ঝাঁপিয়ে পড়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমির প্রতিটি ধূলিকণা অটুট রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্য সদা তৎপর। আমি স্বাধীনতা পরবর্তীকালে পার্বত্য চট্টগ্রামসহ দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল সদস্যের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একজন গর্বিত সহযোগী।’

ভৌগোলিক অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন রকম আপস করা হবে না
বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ। সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়, আমাদের পররাষ্ট্র নীতি এটি। কিন্তু আমাদের ভৌগোলিক অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন রকম আপস করা হবে না, দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ বিমান বাহিনী প্রধানের। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্র্যাডিশনাল থ্রেটসহ সকল বাহ্যিক ও আন্ত:রাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। তাঁরই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে। আমাদের সেনাবাহিনী প্রকৃত পক্ষে দেশের জাতীয় জরুরি প্রয়োজনে সরকার এবং তাঁর অসামরিক সংস্থাগুলোকে সহায়তা করতে সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও বিশ্বের শান্তিরক্ষা, মানবিক সহায়তা কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্ব পালনেও সদা প্রস্তুত।’

বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার আহ্বান পূরণসহ একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা একটি আধুনিক, সুশিক্ষিত ও দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা জেনে আনন্দিত হবেন যে, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন ইনডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিংয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন নিজেদের সক্ষমতা বাড়বে তেমনি আমাদের পরনির্ভরশীলতাও হ্রাস পাবে। সেই সঙ্গে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।’

ভবিষ্যতে বিএমএ’র নাম বিশ্ব দরবারে আরও ব্যাপ্তি লাভ করবে
দেশপ্রেমে উজ্জীবিত, যোগ্য ও দক্ষ কর্মকর্তা একটি পেশাদার বাহিনীর প্রাণস্বরূপ উল্লেখ করে বিমান বাহিনী প্রধান বলেন, ‘সেনাবাহিনীর একজন কর্মকর্তা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সূচনা করে তাঁর সামরিক জীবন। এখান থেকেই তৈরি হয় সামরিক বাহিনীর একেকজন দক্ষ কর্মকর্তা। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মিলিটারি একাডেমি এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা বিদ্রোহীর যুগশ্রেষ্ঠ বাণী ‘চির উন্নত মমশির’ কে হৃদয়ে ধারন করে সামরিক নেতৃত্ব তৈরির নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত অফিসারদের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বন্ধুপ্রতীম বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটগণও এই একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করছে। ভবিষ্যতে এই একাডেমির নাম বিশ্ব দরবারে আরও ব্যাপ্তি লাভ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

নবীন নেতৃত্বকে অভিনন্দন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
নবীন অফিসার ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের ও গৌরবের। আজ হতে তোমাদের ওপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। কারণ বিএমএতে দীর্ঘ তিন বছর কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা সেনাবাহিনীতে কাক্সিক্ষত কমিশন লাভ করতে যাচ্ছো। এজন্য তোমাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।’ বিমান বাহিনী প্রধান বলেন, ‘আজ থেকে ৪১ বছর পূর্বে এই একাডেমির একজন গর্বিত ক্যাডেট ‘চির উন্নত মমশির’ এর সামনে এই প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি স্মৃতিকাতর এবং একই সঙ্গে নবীন নেতৃত্বের প্রতি কিছু দিকনির্দেশনা দেওয়া আমার কর্তব্য বলে মনে করছি। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর ওপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকভাবে পালন করবে এটিই তোমাদের কাছে আমার প্রত্যাশা।

এই একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করছো তাঁর যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনে তোমরা সর্বদা সচেষ্ট থাকবে। তোমাদেরকে যেকোন ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যেকোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব সময় সর্বাগ্রে এরপর প্রতিষ্ঠান ও অধীনস্থদের সম্মান, কল্যাণ ও সুখ-স্বাচ্ছন্দ্য এবং সবশেষে আসবে তোমার নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য। সামরিক বাহিনীতে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধের প্রগাঢ় মিশ্রণে সবাইকে এক সঙ্গে নিয়ে সফল হতে হবে’-যোগ করেন বিমান বাহিনী প্রধান।

‘ফিউচার ব্যাটেল ফিল্ড’ হবে ডায়নামিক
বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে নির্দেশনা প্রদান করেন বিমান বাহিনী প্রধান। নবীন সামরিক কর্মকর্তাদের তিনি বলেন, ‘তোমাদেরকে বুদ্ধিবৃত্তিক, মানসিক ও শারীরিকভাবে যোগ্য হতে হবে। উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আত্মপ্রত্যয়, দৃঢ় মনোবল এবং উন্নত পেশাদারিত্বের মাধ্যমে প্রতিটি কাজেই উদ্যোগী মনোভাব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। মনে রাখবে, বর্তমান ও ভবিষ্যতের যুদ্ধের ময়দানে এককভাবে সফলতা বয়ে আনতে পারবে না। ‘ফিউচার ব্যাটেল ফিল্ড’ হবে ডায়নামিক সেখানে সাফল্য নির্ভর করবে যৌথ প্রশিক্ষণ, সশস্ত্র বাহিনীর হলিস্টিক উন্নয়ন ও রিসোর্সের সঠিক ব্যবহারের মাধ্যমে। তিন বাহিনীর মধ্যে জয়েন্টনেস হচ্ছে যুদ্ধের সাফল্যের অন্যতম প্রয়োজনীয়তা বা নেসেসিটি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ ও সশস্ত্র বাহিনীর উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে এবং ফিউচার ব্যাটেল ফিল্ডের জন্য নিজেদের প্রস্তুত রাখতে তোমাদের কর্ম ও পথচলা হবে সাহসী ও বলিষ্ঠ। মনে রাখবে, সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসেবে নিজেকে গড়ে তোলাই হবে তোমাদের জীবনে সর্বোচ্চ সফলতা।’

সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকাশক্তি, মন্তব্য করে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আরও বলেন, ‘এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়। বিএমএতে তোমাদেরকে নৈতিক শিক্ষাসহ কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলার প্রয়াস ছিল। কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। আমার বিশ্বাস, বাংলাদেশ মিলিটারি একাডেমির উন্নত ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা ভবিষ্যত কর্মক্ষেত্রে তোমাদেরকে সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাসী করে তুলতে পারবে। তোমরা ভুলে যাবে না, তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে-খাওয়া মানুষের অবদান রয়েছে। তুমি এখন দেশের সম্পদ। তোমার কোন ক্ষয় বা অপচয় দেশের জন্য ক্ষতি। সেকারণে কোন ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে নিজের তথা দেশের ক্ষতি হতে বিরত থাকতে হবে।’

কালের আলো/এমএএএমকে

নেপালের দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মানসী পারেখ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
নেপালের দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মানসী পারেখ

নেপালের ভয়াবহ বন্যা ও দুর্যোগ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মানসী পারেখ। বর্তমানে তিনি নিরাপদে চীনে অবস্থান করছেন। সদগুরুর কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নিতে সেখানে গেছেন তিনি।

নেপালের তিব্বত সীমান্তবর্তী গিরং বন্দর এলাকায় সাম্প্রতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ২৭ আগস্ট যাওয়ার কথা ছিল মানসীর। তবে তার আগেই ওই এলাকা ছেড়ে চীনে চলে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

নেপালের বন্যার ভয়াবহতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন মানসী। একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘কী খারাপ অবস্থা হয়েছে! বৃহস্পতিবার তো এখানেই থাকার কথা ছিল আমার। মাত্র কয়েক দিন আগেই এই জায়গায় আমি গিয়েছিলাম। সকলে এত ভালোভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, সেটা ভোলার নয়। এখন তো গোটা রাজ্যই পানির নিচে।’

অন্য এক পোস্টে জীবনের অনিশ্চয়তার কথা তুলে ধরে মানসী লিখেছেন, ‘জীবন বড্ড অনিশ্চিত, কিন্তু যা ঘটেছে তা সত্যিই মন ভেঙে দিচ্ছে বারবার।’

নেপালে আটকে পড়া এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, ঈশ্বরের কৃপায় তাঁরা চীনে নিরাপদে আছেন। তাঁদের দেশে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি বন্যার মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে ইশা ফাউন্ডেশনও যথাসাধ্য চেষ্টা করছে।

নেপালের চলমান দুর্যোগে বেশ কয়েকজন ভারতীয় তারকাও আটকা পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা খরাজ মুখার্জি। অন্যদিকে বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাসও নেপালে গিয়ে দুর্যোগের মধ্যে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

নেপালের বিভিন্ন অঞ্চলে বন্যা, পাহাড়ধস ও আকস্মিক ঢলের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দুর্যোগপূর্ণ এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা কাজ করছে।

কালের আলো/এসএ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, স্কাই স্পোর্টসের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ ক্রীড়া সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিন লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও ভেবেছিল পিসিবি। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে মাঠে নামে পাকিস্তান।

লাঞ্চ বিরতিতে প্রচারিত ১৮ মিনিটের সাক্ষাৎকারটি নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের সম্প্রচারক মাইকেল আথারটন। সাক্ষাৎকারে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর দুই ছেলে। তাঁরা জানান, কারাগারে বাবার জীবন ও স্বাস্থ্য নিয়ে তাঁরা শঙ্কিত।

ইমরান খান প্রায় তিন বছর ধরে কারাগারে রয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বাবার জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে তাঁর দুই ছেলে বিভিন্নভাবে সরব হয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, লাঞ্চের বিরতির আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎকারটি নিয়ে আপত্তি জানায় পিসিবি। এরপর সম্প্রচারের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস।

সাক্ষাৎকার শেষ হওয়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরা দ্বিতীয় সেশনের জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে তাঁদের মাঠে নামার কথা ছিল এবং নির্ধারিত সময়েই মাঠে নামে দলটি।

আথারটন বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নেন। টেস্ট শুরুর আগেই স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটির একটি টিজারও প্রচার করেছিল। তবে পাকিস্তানে সিরিজটির সম্প্রচারকারী পিটিভি সাক্ষাৎকারটি প্রচার করেনি।

ইমরানের স্বাস্থ্য নিয়ে কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে ব্যাপক আলোচনা চলছে। গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট তাঁকে রাজধানী ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিলেন। তবে তাঁকে সেখানে না নিয়ে রাষ্ট্রীয় পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে অল্প সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইমরানের পরিবার ও ছেলেদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে শিফা হাসপাতালে নেওয়া হয়নি। পাশাপাশি তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

এর আগে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। তাঁদের মধ্যে ছিলেন মাইকেল আথারটনসহ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরা।

এটি ছিল ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের দ্বিতীয় চিঠি। এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন।

তবে ইমরানকে কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। সরকারের দাবি, ২০২৩ সালের আগস্টে ইমরান কারাবন্দী হওয়ার পর থেকে তাঁর পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা তাঁর সঙ্গে ৯০০ বারের বেশি দেখা করেছেন।

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং বিভিন্ন মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কালের আলো/এসএ

আজ শুরু নারী এশিয়া কাপ, কবে মাঠে নামছে বাংলাদেশ?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
আজ শুরু নারী এশিয়া কাপ, কবে মাঠে নামছে বাংলাদেশ?

আট বছর পর আবারও নারী এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের নারী এশিয়া কাপের দশম আসর।

বাংলাদেশের অবশ্য টুর্নামেন্ট শুরু হচ্ছে কয়েক দিন পর। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রথম ম্যাচ ৩১ আগস্ট, প্রতিপক্ষ এশিয়া কাপে অভিষেক হতে যাওয়া ইন্দোনেশিয়া।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে আছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

২০১৮ সালে কুয়ালালামপুরে ভারতকে হারিয়ে প্রথমবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ছেলে-মেয়ে মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে সেটিই অন্যতম বড় সাফল্য।

তবে এরপরের দুই আসরে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবার সেই ব্যর্থতা কাটিয়ে আবারও শিরোপার লড়াইয়ে ফিরতে চায় দলটি।

বাংলাদেশের প্রস্তুতিতে অবশ্য ধাক্কা এসেছে ফারিহা ইসলামের চোটে। ঊরুর চোটে গত ২৫ আগস্ট এশিয়া কাপ থেকে ছিটকে যান বাঁহাতি এই পেসার। একই কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমস থেকেও ছিটকে পড়েছেন তিনি।

ফারিহার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর।

নারী এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। সাতবারের চ্যাম্পিয়নরা এবারও অন্যতম ফেবারিট। তবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত নয়। ২০২৪ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

এবারের আসরে নতুন দল হিসেবে এসেছে ইন্দোনেশিয়া। বাছাইপর্বে তৃতীয় হয়ে মূল টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

বাংলাদেশের ম্যাচ সূচি

  • ৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
  • ৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
  • ৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশের সব ম্যাচই হবে দুবাইয়ে, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী দুই দল খেলবে ১৩ সেপ্টেম্বরের ফাইনালে।

কালের আলো/এসএ