খুঁজুন
                               
, ,
           

সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বাস্তবমুখী পদক্ষেপ সেনাবাহিনীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বাস্তবমুখী পদক্ষেপ সেনাবাহিনীর

কালের আলো রিপোর্ট:

বছরের পর বছর ধরে চলছে পরিবেশদূষণের মহামারি। হাজার বছর আগের সেই সবুজ পৃথিবী এখন আর নেই। দূষণের কালো চাদরে ঢেকে গেছে পুরো বিশ্ব। পরিবেশ বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলেও নির্বিচারে গাছ কাটার ফলে সেই পরিবেশই হুমকির মুখে পড়েছে। পরিবেশ রক্ষার জন্য দেশের শতকরা ভূমির ২৫ শতাংশ বনভূমি দরকার। কিন্তু দেশে কাগজে-কলমে রয়েছে মাত্র ১৭ শতাংশ। এমন বাস্তবতায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল, সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে সকলকে অন্ততপক্ষে একটি করে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানকে সফল করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’-চলতি বছরের জাতীয় বৃক্ষরোপণ অভিযানে সময়োপযোগী ও প্রাসঙ্গিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যকে বাঁচাতে প্রকৃতিবান্ধব কর্মপন্থায় সরকারের সঙ্গে নিজেদের একীভূত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সবুজায়নের সামাজিক আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে দেশের সকল সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকাসহ দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই অভিযান চলবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এমনটিই জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃক্ষরোপণের মতো কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে যত্নবান হওয়ার পরামর্শ দিয়ে এ সময় সেনাপ্রধান বলেন, ‘দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্যে।’ এ সময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো.ফয়জুর রহমান, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও লজিস্টিক এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমানসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, সম্মিলিতভাবে সবুজ বিপ্লব গড়তে সেনাবাহিনীর প্রতিটি ডিভিশনে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে একই দিনে। এদিন পৃথক পৃথকভাবে ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মো.মঈন খান, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়ার এরিয়ার কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তারিক হাসনাত, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক পরিবেশ গঠনে সেনাবাহিনীর বাস্তবমুখী পদক্ষেপ সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালের আলো/এমএএএমকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য মিরাজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য মিরাজের

ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়ে মুখ খুলেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক এবং ক্রিকেটারদের এ বিষয়ে কোনো আপত্তি ছিল না।

শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরাজ বলেন, সবাই বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত ছিলেন এবং ভারতে গিয়ে খেলতে ক্রিকেটারদের কোনো সমস্যা ছিল না। তার ভাষায়, প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন বিশ্বকাপে অংশ নেওয়া, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক নিয়েও কথা বলেন মিরাজ। তিনি আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে একটি সিরিজ খেলতে মুখিয়ে আছে বাংলাদেশ দল এবং ঘরের মাঠে ভালো ক্রিকেট উপহার দিতে চায়।

এছাড়া আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের আরও উন্নতির ওপর জোর দেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে দল।

বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের প্রশংসা করে মিরাজ বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি নতুন কাঠামো তৈরির চেষ্টা করছেন, যা ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তার বিশ্বাস।

কালের আলো/এসএ

সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া ঘন ঘন বদলি বা পদায়ন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে এই দুই পদের কর্মকর্তা-কর্মচারীদের কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, সব বিভাগীয় কমিশনার এবং দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে সার্ভেয়ার ও কানুনগো পদে কর্মরত জনবল রয়েছে। এ দুটি পদ রাজস্ব প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। কিন্তু লক্ষ্য করা যায়, সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন কর্মস্থল বদলির কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সার্ভেয়ার ও কানুনগো পদে কমপক্ষে দুই বছর নিরবচ্ছিন্নভাবে একই কর্মস্থলে থাকা প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে বদলির তদবির করা চাকুরি বিধিবিধানের পরিপন্থি কাজ। তাই প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া স্ব-স্ব কর্মস্থল বা পদায়ন করা স্থান থেকে অন্যত্র বদলি বা পদায়ন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কালের আলো/এসএকে

যৌথবাহিনীর ক্যাম্পে পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
যৌথবাহিনীর ক্যাম্পে পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে সীতাকুণ্ড থানায় এজাহারনামীয় ৩৪ জন ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলাটি করা হয়।

চট্টগ্রামের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিম উদ্দিন বলেন, কিভাবে পানিতে বিষাক্ত কিছু মেশানো হলো তা তদন্ত করতে গিয়ে সাপ্লাই লাইন কেটে প্লাষ্টিক দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। ওখানে পানির দুটি লাইন দুইদিকে গেছে।

একটি স্থানীয় স্কুলের দিকে অন্যটি যৌথবাহিনীর ক্যাম্পের দিকে। দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সাপ্লাই লাইনের চাবি বন্ধ করে সেটি কেটে পাইপের ভেতরে বিষাক্ত কেমিক্যাল ঢুকিয়ে দিয়ে পুনরায় লাইনটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেয়।

তিনি বলেন, এখানে যৌথবাহিনী থাকুক তা সন্ত্রাসীরা চায় না। তারা এর আগেও এখানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করেছে।

ক্যাম্পে হামলা করেছে, নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সবশেষে পানিতে বিষ মিশিয়েছে। এ ঘটনায় বাহিনীর ৩-৪ জন সদস্য অসুস্থ হলেও প্রাথমিক চিকিৎসায় এখন সুস্থ আছে। পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

রোববার (২৬ জুলাই) সকালে ক্যাম্পে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পানি পান করতে গিয়ে দুর্গন্ধ ও পানিতে সাদা ফেনা দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পানি পান করা থেকে বিরত থাকেন।

পরে পানির সরবরাহ লাইনের ট্যাংক খুলে সেখানেও ফেনা দেখতে পাওয়া যায়। পানির সরবরাহ লাইনের কাছাকাছি এলাকা থেকে বিষের একটি খালি কৌটাও উদ্ধার করা হয়।

কালের আলো/এসকে/এমএসআইপি