খুঁজুন
                               
, ,
           

গুপ্তরা দেশে নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গুপ্তরা দেশে নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

বরিশাল ও ফরিদপুর প্রতিবেদক, কালের আলো:

দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। নতুন জালেম, যাদের মানুষ ‘গুপ্ত’ হিসেবে চেনে, সেই জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু নারীদের নিয়ে কীভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে।’

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, ‘দেশে নারী-পুরুষ সবাই মিলে কাজ করে। এমনকি কৃষিকাজেও পুরুষের সঙ্গে নারীরা কাজ করছেন ফসল উৎপাদনে। বিশেষ করে, গার্মেন্টস শিল্প টিকিয়ে রেখেছেন নারীরা। আর গুপ্ত রাজনৈতিক দলটি প্রকাশ্যে সেই নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করছে। মা-বোনের প্রতি শ্রদ্ধা নেই, সেই দলের কাছ থেকে দেশ অগ্রগতি আশা করতে পারে না।’

তিনি বলেন, ‘দেশে নারীদের শক্তিশালী অবস্থান রয়েছে। নারীদের ঘরে বন্দি করে রেখে দেশের উন্নয়ন কোনও দিনই সম্ভব নয়। দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। গুপ্ত সংগঠন নারী সমাজের বিরুদ্ধে অপমানজনক শব্দ ব্যবহার করে তাদের দূরে ঠেলে রাখতে চাচ্ছে।’ গুপ্ত সংগঠনের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘কুমিল্লা জেলায় বাড়ি গুপ্ত সংগঠনের এক নেতা তার নেতাকর্মীদের বলেছেন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণের পা ধরতে, নির্বাচনের পর জনগণ তাদের পা ধরবে।’ এসব লোক নির্বাচিত হলে দেশের কী অবস্থা হবে তা ভেবে দেখতে বলেন তিনি।

তিনি বলেন, ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা বিনামূল্যে করেছিলেন। এইচএসসি পর্যন্ত মেয়েরা বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। আগামীতে আমরা দায়িত্ব পেলে নারীদের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের শিক্ষার সঙ্গে সঙ্গে কর্মজীবী করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে দেশের বড় একটি অংশ বেকার যুবক। তাদের কর্মক্ষম করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হবে। ভোলার গ্যাস ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

বরিশাল অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এ অঞ্চলে কৃষিজমি বেশি। এ কারণে কৃষকও ফসল উৎপাদনে বেশি মনোযোগী। কিন্তু সেভাবে তারা মূল্য পাচ্ছে না। তারা যাতে ফসলের ন্যায্য মূল্য পান এ জন্য একাধিক হিমাগারের ব্যবস্থা করা হবে। সেই হিমাগারে উৎপাদিত ফসল রাখা হলে কৃষক তার ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবে। ‘কৃষকদের জন্য কার্ডের ব্যবস্থা করা হবে। সেই কার্ড দিয়ে কৃষক তার জমি অনুপাতে সার ও বীজসহ বিভিন্ন কৃষি পণ্য বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। এমনকি যাদের ১০ হাজার টাকা কৃষি ঋণ রয়েছে, দেশের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তা মওকুফ করা হবে।’

‘ভোলাকে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বরিশাল-ভোলা ব্রিজ করা হবে। উন্নত চিকিৎসার জন্য ভোলায় মেডিক্যাল স্থাপন করা হবে। শের ই বাংলা মেডিক্যাল কলেজে চিকিৎসার উন্নয়ন করা হবে। বিশেষ করে, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট এবং বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করা হবে।

‘বরিশালের বেশির ভাগ এলাকা নদী ভাঙনকবিলত। ভাঙনের কারণে সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। এমনকি মা-বাবার কবরও ধরে রাখতে পারছেন না। এ অবস্থার পরিবর্তন আনতে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। আর এসব উন্নয়ন সম্ভব হবে ধানের শীষকে নির্বাচিত করলে। এ জন্য ১২ ফেব্রুয়ারি কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি বলেন, ‘যারা যে বিষয়ে পারদর্শী তাদের সে বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞ করে গড়ে তোলা হবে। দেশের জনগণের মাঝে পরিবর্তন করতে পারলে দেশ এগিয়ে যাবে।’

তারেক রহমান জানান, ১৯৭৮ সালে তার বাবা জিয়াউর রহমান পল্লী বিদ্যুতের লাইন চালু করেছিলেন। এরপর তার মা বেগম খালেদা জিয়া বরিশালকে বিভাগ করেন। বরিশাল নিয়ে তার অনেক পরিকল্পনা রয়েছে। তা সম্ভব হবে নির্বাচনে বিজয়ী হওয়ার পর। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন– বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের প্রার্থী রাজীব আহসান, ঝালকাঠী-২ (ঝালকাঠী-সদর) আসনের ইলেন ভুট্টো, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আবুল হোসেন খান, বরগুনা-২ আসনের নুরুল ইসলাম মণি, বরিশাল-৫ (সদর) আসনের মজিবর রহমান সরোয়ার, ভোলা-১ (ভোলা সদর) আন্দালিব রহমান পার্থ, ভোলা-৩ আসনের হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের অ্যাডভোকেট জয়নুল আবেদীন, পটুয়াখালী-১ আসনের আলতাফ হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ অন্যরা।

তারেক রহমানের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নযোগ্য
বরিশালে বিএনপির বিভাগীয় জনসমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেগুলো বাস্তবায়নযোগ্য বলেই মনে করছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষের বক্তব্যে উঠে এসেছে অতীত অভিজ্ঞতা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং বিএনপির শাসনামলের নানা উদাহরণ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলস পার্কে বিএনপির বিভাগীয় জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নই হবে দলের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, ১৩ তারিখ থেকেই দেশ পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। তিনি আরও বলেন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন, স্বাস্থ্যখাতের উন্নয়নসহ অনেক কাজ করতে হবে। ক্ষমতায় গেলে গৃহিণীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, নদীভাঙন রোধ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন।

সমাবেশে অংশ নেওয়া বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোসলেম গাজী বলেন, তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একটি রাজনৈতিক ধারার প্রতিনিধি।

তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পর দেশকে নতুন দিশা দিয়েছেন। আর তার মা দেশনেত্রী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেখিয়েছেন কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। এই পরিবার জানে রাষ্ট্র চালাতে হয় কীভাবে। বরিশালের মহিপুর থেকে আসা প্রবীণ সমর্থক মাহতাব ভুইয়া বলেন, অতীতে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার অনেকটাই বাস্তবায়ন করেছে।

গ্রামগঞ্জে সড়ক নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, কৃষিতে ভর্তুকি সবই মানুষ চোখে দেখেছে। সেই ধারাবাহিকতার কারণেই তারেক রহমানের কথায় আমরা আস্থা রাখছি। তিনি আমাদের আস্থার প্রতীক। বাবুগঞ্জ থানার এক তরুণ সমর্থক তসলিম মিয়া বলেন, আমরা রাজনীতি দেখি ভবিষ্যতের জন্য। তারেক রহমান তরুণদের কথা বলেছেন, চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরির কথা বলেছেন। এ কারণেই তরুণ প্রজন্ম তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বাস করি, নির্বাচনে জয়ী হয়ে তিনি সবসময় আমাদের পাশে থাকবেন।

ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা
দল সরকার গঠন করলে এবং ফরিদপুরে বিভাগ গঠন করলে যদি জনগণের উপকার হয়, উন্নয়ন ত্বরান্বিত হয় তবে জেলাটিকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সফরের অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে তিনি ফরিদপুরবাসীকে এ আশ্বাস দেন। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ, সেই বিশ্বাস থেকেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।

ফরিদপুর অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা নদীভাঙনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত পদ্মা ও সংশ্লিষ্ট নদীভাঙন সমস্যার কার্যকর সমাধান করা হবে। কৃষিখাতে পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকদের জন্য বিশেষ কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সহজে বীজ, সার ও কীটনাশক পাওয়া যাবে।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন এবং ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হটিয়ে স্বাধীনতা রক্ষা করা হয়েছে।

একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, এক গুপ্ত দলের নেতা মা-বোনদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ইতিহাস সাক্ষী, ১৯৭১ সালেও তাদের ভূমিকা ছিল কলঙ্কজনক। ভাষণে দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষি, শিল্প ও কর্মসংস্থানে সঠিক নীতি ও সুশাসন থাকলে এই অঞ্চল দেশের অর্থনীতির চালিকাশক্তি হতে পারে।

কালের আলো/এমএএইচ/এইচএন

হরমুজে ট্যাংকারে হামলা, মধ্যপ্রাচ্যে ৯ হাজার মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
হরমুজে ট্যাংকারে হামলা, মধ্যপ্রাচ্যে ৯ হাজার মার্কিন সেনা

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তুর আঘাতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হামলার ঘটনায় ট্যাংকারটির নাবিকেরা নিরাপদে রয়েছেন। তবে জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হামলার পেছনে কারা ছিল, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে প্রায় ৯ হাজার অতিরিক্ত মার্কিন সেনা ও নৌসদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তৃতীয় একটি বিমানবাহী রণতরিও ওই অঞ্চলের দিকে যাচ্ছে। এতে অক্টোবরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করতে পারে।

হরমুজে ট্যাংকারে আগুন

ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এর পর জাহাজটিতে আগুন ধরে যায়। নাবিকেরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। তবে জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাংকারটি কোন দেশের পতাকা বহন করছিল, সেটিও প্রকাশ করা হয়নি। জাহাজটিতে অপরিশোধিত তেল নাকি এলএনজি ছিল, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। সাম্প্রতিক সময়ে এ জলপথে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যে যাচ্ছে ৯ হাজার মার্কিন সেনা

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্র প্রায় ৯ হাজার সেনা, নাবিক ও মেরিন সদস্য নিয়ে একটি নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই বাহিনীতে ৭ হাজারের বেশি নাবিক এবং প্রায় ২ হাজার মেরিন সদস্য রয়েছেন। তাদের বহনকারী নৌবহরে রয়েছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডিনেস গ্রুপ।

থিওডোর রুজভেল্টের সঙ্গে রয়েছে ইউএসএস চোসিন ক্রুজার। অন্যদিকে মাকিন আইল্যান্ড গ্রুপে রয়েছে উভচর অবতরণকারী জাহাজ ইউএসএস জন পি. মার্থা ও ইউএসএস অ্যাঙ্কোরেজ।

অক্টোবরের শেষে তিন বিমানবাহী রণতরি

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বাহিনী মধ্যপ্রাচ্যে পৌঁছালে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা তিনটিতে দাঁড়াতে পারে। বর্তমানে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন ওই অঞ্চলে রয়েছে।

নতুন মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়বে। এ পদক্ষেপের সময় ইরানকে ঘিরে কূটনৈতিক আলোচনা ও সামরিক উত্তেজনা—দুই দিকই সামনে রয়েছে।

ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে টানাপোড়েন

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব তাঁর কাছে যথেষ্ট মনে হয়নি। একই সঙ্গে তিনি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি।

ইরানও যুক্তরাষ্ট্রের অবস্থানের জবাব দেওয়ার কথা জানিয়েছে। ফলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ

এদিকে সাম্প্রতিক একটি বিমান-সংক্রান্ত ঘটনার পেছনে ইরানের সংশ্লিষ্টতার প্রাথমিক ইঙ্গিত পাওয়ার দাবি করেছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে আসেনি।

ট্রাম্প বলেছেন, ইরানের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এমন অভিযোগের বিষয়ে পাল্টা বক্তব্যও এসেছে।

সব মিলিয়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা, ইরানকে ঘিরে কূটনৈতিক অচলাবস্থা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে প্রায় ৯ হাজার মার্কিন সেনা মোতায়েন—তিনটি ঘটনাই অঞ্চলটির সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কালের আলো/এসএ

 

অরাজকতা সৃষ্টি করলে সরকার কঠোর হবে: নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
অরাজকতা সৃষ্টি করলে সরকার কঠোর হবে: নুরুল ইসলাম মনি

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, সরকারের সরলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ‘তায়কোয়ান্দো ফেডারেশন ক্লাব প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

নুরুল ইসলাম মনি বলেন, সরকার সবার সঙ্গে নিয়ে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। তবে কেউ এই সুযোগের অপব্যবহার করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে হয়েছে। দেশের স্বার্থের বাইরে কোনো কার্যক্রমে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

চিফ হুইপ বলেন, দেশের বিভিন্ন সমস্যা সংসদে আলোচনা করে সমাধানের সুযোগ রয়েছে। তাই রাস্তায় অরাজক পরিস্থিতি সৃষ্টি না করে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানান তিনি। বিরোধী দলের সদস্যদেরও সংসদে এসে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান নুরুল ইসলাম মনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার প্রভাব বাংলাদেশেও পড়ছে। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হলে সরকার অভিযান চালিয়ে ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

লংমার্চ ও আন্দোলন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, আন্দোলনের নামে অরাজক পরিস্থিতি তৈরি করা কাম্য নয়। তার ভাষ্য, কোনো পক্ষ যদি পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, সরকার তা মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলদারিত্বসহ কোনো অনিয়মকে সরকার বৈধতা দেয় না। প্রয়োজন হলে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশের মানুষের জীবনযাত্রার উন্নয়ন, স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর গুরুত্বারোপ করে নুরুল ইসলাম মনি বলেন, সরকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফ এবং কৃষক কার্ড দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

তায়কোয়ান্দো প্রতিযোগিতা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দেশের তরুণদের স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা বাড়াতে খেলাধুলার গুরুত্ব রয়েছে। এ ধরনের আয়োজন তরুণদের নিজেদের গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান শেষে নুরুল ইসলাম মনি তায়কোয়ান্দো ফেডারেশন ক্লাব প্রতিযোগিতার উদ্বোধন করেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

নাসার নতুন মিশন, আইএসএসে চার নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
নাসার নতুন মিশন, আইএসএসে চার নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের নতুন একটি মহাকাশচারী দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে তারা মহাকাশ স্টেশনে পৌঁছে ডকিং সম্পন্ন করেন। সেখানে তারা প্রায় ছয় মাস অবস্থান করবেন।

নতুন ক্রু সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের জেসিকা ওয়াটকিন্স ও লুক ডেলানি, কানাডার জোশুয়া কুটরিক এবং রাশিয়ার সের্গেই তেরেতিয়াতনিকভ।

৭ ঘণ্টা ৫৫ মিনিটে আইএসএসে পৌঁছাল ক্যাপসুল

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ক্রু-১৩ মিশনের চার সদস্যকে নিয়ে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের ৭ ঘণ্টা ৫৫ মিনিট পর স্পেসএক্সের ‘গ্রেস’ নামের ড্রাগন ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি ডকিং পোর্টে যুক্ত হয়।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো মার্কিন মহাকাশযানের আইএসএসে পৌঁছানোর সবচেয়ে দ্রুততম সময়ের রেকর্ড।

নাসা টিভিতে সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, ঘণ্টায় প্রায় ১৭ হাজার ৫০০ মাইল বা ২৮ হাজার ১৬৩ কিলোমিটার বেগে মহাকাশে ছুটতে থাকা ক্যাপসুলটি ধীরে ধীরে আইএসএসের দিকে এগিয়ে যাচ্ছে।

ডকিং সম্পন্ন হওয়ার পর মাটিতে থাকা নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা জানান, ড্রাগনের ‘হার্ড ক্যাপচার’ সম্পন্ন হয়েছে।

এরপর ক্যাপসুলের হ্যাচ বা দরজা খুলে নতুন চার সদস্য চাপ-নিয়ন্ত্রিত সংযোগপথ দিয়ে মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন।

লিকের কারণে পিছিয়েছিল উৎক্ষেপণ

ক্রু-১৩ দলের মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আইএসএসে পৌঁছানোর কথা ছিল। তবে ড্রাগন ক্যাপসুলে একটি লিক ধরা পড়ায় তাদের উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়।

মহাকাশযান উৎক্ষেপণের পর আইএসএসে পৌঁছাতে কত সময় লাগবে, তা মহাকাশ স্টেশনের অবস্থান ও উৎক্ষেপণের সময় ক্যাপসুলটি স্টেশন থেকে কতটা দূরে ছিল—এসব বিষয়ের ওপর নির্ভর করে।

এর আগে যুক্তরাষ্ট্রের মাটি থেকে উৎক্ষেপণ করা সর্বশেষ একটি ক্রুকে আইএসএসে পৌঁছাতে ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছিল।

পুরোনো ক্রুর কাছ থেকে দায়িত্ব নেবে নতুন দল

ক্রু-১৩ দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা বর্তমান ক্রু-১২ দলের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে।

ক্রু-১২ দলের সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, ফ্রান্সের সোফি আদেনো এবং রাশিয়ার আন্দ্রেই ফেদায়েভ।

আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে ক্রু-১২ দলের সদস্যরা আগামী সোমবারের মধ্যে পৃথিবীতে ফিরে আসতে পারেন।

২০৩০ সালের দিকে শেষ হতে পারে আইএসএসের যাত্রা

প্রায় ২৫ বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে নিয়মিতভাবে মানুষের বসবাস ও বৈজ্ঞানিক গবেষণা চলছে। তবে পুরোনো হয়ে যাওয়া এই মহাকাশ স্টেশনকে ২০৩০ সালের দিকে কক্ষপথ থেকে সরিয়ে পৃথিবীর কোনো একটি মহাসাগরে পতন করানোর পরিকল্পনা রয়েছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা চুক্তিতে টানাপোড়েন তৈরি হলেও আইএসএসকে ঘিরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্যান্য অংশীদার দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে।

নতুন ক্রু-১৩ দলের ছয় মাসের মিশনেও মহাকাশ গবেষণা ও স্টেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে।

কালের আলো/এসএ