দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত
বিদ্যুৎ সাশ্রয় ও ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে সরাসরি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার পর আবার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।’
ইতোমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামীকাল থেকে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষাও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হলো।
এর আগে ৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা চিঠিতে বলা হয়, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন ও রমজান উপলক্ষে সোমবার থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখ থাকা তারিখ পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array