খুঁজুন
                               
, ,
           

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতির জন্য হতাশাজনক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতির জন্য হতাশাজনক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, যদি আমরা এই পার্লামেন্টে জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারি, তবে তা জাতির জন্য খুবই হতাশাজনক হবে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভার পর তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, জাতীয় সংসদকে শক্তিশালী করতে এই ইউকে ভিত্তিক সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

মিলন বলেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ জুলাই আন্দোলনের পর গঠিত হওয়ায় দেশের মানুষের প্রত্যাশা ভিন্ন। সংসদই হোক আমাদের জাতীয় জীবনের সকল আলোচনা ও সমস্যা সমাধানের কেন্দ্র। সরকারি দল ও বিরোধী দল সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও জানান, সরকারি দলের বড় সংখ্যাগরিষ্ঠতার কারণে সংসদে কার্যক্রম পরিচালনায় কিছু জটিলতা রয়েছে। তাই রুলস অফ প্রসিডিউর-এ পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষের মতামতের ভিত্তিতে একটি রিপোর্ট প্রস্তুত হবে যা সংসদকে আরও শক্তিশালী করবে।

মিলন উল্লেখ করেন, আমাদের সামনে সবচেয়ে বড় বিষয় হলো জুলাই সনদ বাস্তবায়ন। প্রথম দিন থেকেই সরকারি দল ভিন্ন পথে চলেছে এবং সনদ বাস্তবায়নের জন্য এখনও শপথ গ্রহণ করেনি। তারা বিভিন্ন প্রস্তাব আনার চেষ্টা করছে।

কালের আলো/এসআর/এএএন

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্যসহ গ্রেপ্তার ৪২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্যসহ গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্যসহ মোট ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৭৯টি মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া তেজগাঁওয়ে ৬২, ওয়ারীতে ৪৬, রমনায় ৪২, লালবাগে ৪১, মতিঝিলে ৩৯, উত্তরা ৩৮ এবং গুলশানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগে পাঁচজন ও সিটিটিসিতে একজন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬টি ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/ডিএইচ/এসকে/এমএসআইপি 

রূপপুরের জ্বালানি নিয়ে বিমান রওনা, ঢাকায় পৌঁছাবে রাতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
রূপপুরের জ্বালানি নিয়ে বিমান রওনা, ঢাকায় পৌঁছাবে রাতে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি নিয়ে একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিমানটি রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহনকারী বিমানটি ইতোমধ্যে যাত্রা শুরু করেছে। নির্ধারিত সময় অনুযায়ী এটি রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় অবতরণ করবে।

রূপপুর প্রকল্পের জ্বালানি দেশে পৌঁছানো নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছিল। জ্বালানি পৌঁছানোর পর প্রকল্পের পরবর্তী কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিমানটি নিরাপদে ঢাকায় পৌঁছানোর পর জ্বালানি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

জ্বালানি তেলের প্রভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
জ্বালানি তেলের প্রভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম

বাজারে সবজি ও ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি। বরং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে রাজধানীর বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মুরগির দামও।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে পটল, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা কেজিতে ২০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন ৮০ থেকে ১৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০, টমেটো ও গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ২০ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫ টাকা বেড়ে যথাক্রমে বাজারে বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজির মধ্যে শিম ২০০ থেকে ২২০ টাকা কেজি, ফুলকপি ৬০ থেকে ৮০ টাকা এবং বাঁধাকপি ৮০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। তবে মুলার দাম কেজিতে ১০ টাকা কমে ৫০ টাকায় নেমেছে।

মুরগির বাজারেও দাম বেড়েছে। সোনালি কক কেজিতে ২০ টাকা বেড়ে ৩২০ টাকা এবং ব্রয়লার ১০ টাকা বেড়ে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিড ২৯০, লাল লেয়ার ৩৬০ এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে ইলিশের সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি। ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৯০০ থেকে ১ হাজার টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, ইলিশের সরবরাহ বাড়লেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে মাছের দামে।

বাজারে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ ও ডিমও আগের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি