খুঁজুন
                               
, ,
           

আমদানির দায়ে রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলারের নিচে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
আমদানির দায়ে রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলারের নিচে

জ্বালানি তেলসহ বিভিন্ন আমদানির দায় পরিশোধের চাপের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (২৯ মার্চ) দিনশেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজার্ভ কমার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত বিভিন্ন দেশের সঙ্গে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের কারণেই রিজার্ভ কমেছে। তবে, প্রবাসী আয়ের প্রবাহ ভালো থাকায় রিজার্ভের ওপর চাপ কিছুটা কম। অন্যথায় রিজার্ভ আরও কমে যেতে পারত।’

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে রিজার্ভ এখনও সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এর আগে ১৬ মার্চ রিজার্ভ ছিল ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের একটি অভ্যন্তরীণ হিসাব রয়েছে, যা নিয়মিত প্রকাশ করা হয় না। সূত্র জানায়, নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) বা ব্যয়যোগ্য রিজার্ভ বর্তমানে প্রায় ২৬ বিলিয়ন ডলারের কাছাকাছি।

বর্তমান রিজার্ভ দিয়ে প্রতি মাসে গড়ে সাড়ে ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় ধরে প্রায় পাঁচ মাসের আমদানি খরচ মেটানো সম্ভব।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকা প্রয়োজন। সেই বিবেচনায় বাংলাদেশ এখনও স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

কালের আলো/এসএকে

১২ ঘণ্টার জন্য প্যারোলে কারামুক্ত দীপু মনি

মুন্সিগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
১২ ঘণ্টার জন্য প্যারোলে কারামুক্ত দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে রাজধানীর কলাবাগানে নেওয়া হচ্ছে তাকে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে থাকবেন।

এর আগে বুধবার দুপুরে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলী। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। পরে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর রাজধানীর কলাবাগানে যাবেন দীপু মনি। সেখানে তার স্বামীর মরদেহ থাকবে। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেন। সর্বশেষ গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনিকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

তৌফিক নেওয়াজ অসুস্থ থাকার কথা জানিয়ে গত ২৭ মে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলী। মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে পরে আর সাড়া মেলেনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ দিন পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। হাইকোর্টে কয়েকটি মামলায় জামিন পেলেও আরও মামলা থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

কেনিয়ায় মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ
কেনিয়ায় মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মিশেল সেনসি-কন্তুগি ও তার স্ত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে মধ্য কেনিয়ার মাউন্ট ওলোলোকওয়েতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন।

ইকুয়েডরের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মিশেল সেনসি-কন্তুগি ও তার স্ত্রী রয়েছেন। টেলিভিশন সংস্থা তেলেমুন্দোর নির্বাহী হোসে সুয়ারেজও দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে পাঁচ মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এক মুখপাত্র জানান, মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে।

দুর্ঘটনার পর কেনিয়ার রেড ক্রস জানায়, দুর্গম ভূখণ্ড ও দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্টের কার্যালয় নিহত গোয়েন্দা প্রধানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের স্বজন ও প্রিয়জনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কালের আলো/এমএসআইপি

মিরপুরে অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জব্দ ৭০ ব্যাটারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
মিরপুরে অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জব্দ ৭০ ব্যাটারি

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। অভিযানে ২৫ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ৭০ ব্যাটারি জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জের জন্য ব্যবহৃত ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় মোট ৭০টি ব্যাটারি জব্দ করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ ও পিওএম ফোর্সের সদস্যরা সহযোগিতা করেন। জননিরাপত্তা নিশ্চিত এবং বিদ্যুতের অবৈধ ব্যবহার প্রতিরোধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কালের আলো/এমএসআইপি/ডিএইচ