যুদ্ধের প্রভাবে কমছে রপ্তানি, স্থগিত হচ্ছে অর্ডার
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের রপ্তানি খাতে। দেশের প্রায় ৬০ শতাংশ এয়ার কার্গো মধ্যপ্রাচ্যের ট্রানজিট হাব—বিশেষ করে দুবাই, দোহা ও আবুধাবির মাধ্যমে পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে এসব রুটে ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় দ্রুত পণ্য পাঠানো কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসূর বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইট সংকটের কারণে শাকসবজি ও ফল রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। ইউকে, ইতালি ও টরন্টো—এই কয়েকটি গন্তব্যে সীমিত পরিসরে কিছু ফ্লাইট চললেও মোটের ওপর প্রায় ৮০ শতাংশ রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।’
তিনি বলেন, ‘এখন মাত্র ২০-২৫ শতাংশ পণ্য অল্প পরিসরে যাচ্ছে, সেটাও নিয়মিত নয়। বাকি ফ্লাইটগুলো চালু না হওয়া পর্যন্ত রপ্তানি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ কার্যত এয়ার কার্গো ব্যবস্থা অনেকটাই স্থবির হয়ে আছে।’
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সালমা ট্যানারির মালিক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘চলমান যুদ্ধের প্রভাব চামড়া খাতের রপ্তানিতে ভয়াবহভাবে পড়েছে। নতুন করে রপ্তানি আদেশ আসছে না, আগের অর্ডারগুলোও অনেক ক্ষেত্রে ধীর হয়ে গেছে। অনেক পণ্য প্রস্তুত থাকলেও শিপমেন্টের কোনো নির্দিষ্ট প্রোগ্রাম পাচ্ছি না।’ অর্ডারের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের ধারণা অনুযায়ী, চলমান অর্ডারের অন্তত ৫ শতাংশ স্থগিত হয়ে আছে। তবে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ না হওয়ায় এর সঠিক পরিমাণ বলা কঠিন।’
এই সংকটের কারণে পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা রপ্তানি বাজারে টিকে থাকার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এর ফলে রপ্তানিকারকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। রপ্তানিকারকরা জানান, যুদ্ধের কারণে আমদানিকারকরা এখন সতর্ক অবস্থানে রয়েছেন। অনেকেই নতুন অর্ডার দিচ্ছেন না, আবার কেউ কেউ আগের অর্ডারও স্থগিত করেছেন।
শাকসবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান লী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল হোসাইন বলেন, ‘আমরা ইউরোপ ও ইংল্যান্ডে শাকসবজি রপ্তানি করি। কিন্তু যুদ্ধের কারণে আমাদের রপ্তানি ব্যবসায় কার্যত ধস নেমেছে। বলতে গেলে এখন রপ্তানি প্রায় বন্ধ—যেটুকু হচ্ছে, তা উল্লেখ করার মতো কোনো পরিমাণ না।’
কালের আলো/এম/এএইচ


আপনার মতামত লিখুন
Array