খুঁজুন
                               
, ,
           

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

৪৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক—সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহমেদ (২০)-মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে স্থানীয় ভারতীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহ করে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর নিহতের সঙ্গী অন্য দুই যুবক তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

বিজিবি আরও জানায়, নিহত যুবকসহ ওই তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

কালের আলো/এসআর/এএএন

অচল টিউবওয়েল, নিরাপদ পানির সংকটে হাওড়ের মানুষ

সুনামগঞ্জ সংবাদদাতা,কালের আলো
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
অচল টিউবওয়েল, নিরাপদ পানির সংকটে হাওড়ের মানুষ

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে নিরাপদ খাবার পানির তীব্র সংকট। পুরোনো টিউবওয়েলগুলো থেকে পানি না ওঠায় কয়েক হাজার পরিবার পড়েছে চরম দুর্ভোগে। কোথাও একটি সরকারি টিউবওয়েলের ওপর নির্ভরশীল ১৫টি পরিবার, আবার কোনো গ্রামে শত শত পরিবারের জন্য অচল হয়ে আছে একাধিক নলকূপ। পানির অভাবে রান্না, গোসলসহ দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সংকট চললেও প্রয়োজনীয় গভীর নলকূপ স্থাপন এবং বিশুদ্ধ পানি সরবরাহের কার্যকর ব্যবস্থা এখনো নিশ্চিত হয়নি। ফলে অনেক পরিবারকে দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। কোনো কোনো এলাকায় বাধ্য হয়ে পুকুরের দূষিত পানিও ব্যবহার করছেন বাসিন্দারা।

পানির স্তর নেমেছে ৪০-৪৫ ফুট গভীরে
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলছেন, ভৌগোলিক ও জলবায়ুগত পরিবর্তনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের কারণে হাওড়াঞ্চলে পানির স্থিতিশীল স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। অনেক এলাকায় পানির স্তর ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ থেকে ৪৫ ফুট গভীরে চলে গেছে। ফলে প্রচলিত হ্যান্ডপাম্প দিয়ে আগের মতো পানি তোলা সম্ভব হচ্ছে না। দিরাই ও শাল্লা উপজেলার ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিশেষ করে মার্চ ও এপ্রিল মাসে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার হ্যান্ডপাম্প থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায় না।

এক টিউবওয়েলের ওপর নির্ভর ১৫ পরিবার
দিরাই পৌরসভার পূর্ব চন্ডিপুর গ্রামের সাবিনা বেগম জানান, তাঁদের ১৫টি পরিবারের পানির একমাত্র ভরসা ছিল একটি সরকারি টিউবওয়েল। কিন্তু সেটিতে পানি না ওঠায় সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশুদের গোসল করানোর জন্য দূরের এলাকায় যেতে হচ্ছে। এমনকি রান্নাবান্নার কাজেও পাশের পুকুরের পচা পানি ব্যবহার করতে হচ্ছে বলে জানান তিনি।

শাল্লা উপজেলার বাসিন্দা সন্দীপন তালুকদার বলেন, তাঁদের গ্রামে প্রায় ৪০০ পরিবারের বসবাস। সেখানে ১৪টি টিউবওয়েল অচল হয়ে পড়েছে। খাবার পানি সংগ্রহ করতেই মানুষকে হিমশিম খেতে হচ্ছে। গোসলসহ দৈনন্দিন প্রয়োজন মেটানোও কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে চান্দপুর এলাকার বাসিন্দা গীর্ব্বান প্রসাদ রায় শংকু জানান, গ্রামের পুরোনো অধিকাংশ টিউবওয়েলেই পানি উঠছে না। নিরাপদ খাবার পানির জন্য নারীদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হচ্ছে। গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ভিড়ও তৈরি হচ্ছে।

গভীর নলকূপ স্থাপনের দাবিতে নারীদের অবস্থান
পানির সংকট নিরসনে বৃহস্পতিবার চান্দপুর গ্রামের অন্তত ৪০ জন নারী উপজেলা পরিষদে অবস্থান নেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গভীর নলকূপ স্থাপনের দাবি জানান। নারীদের অভিযোগ, গ্রামের অন্তত ৫০টি পরিবার দীর্ঘদিন ধরে নিরাপদ খাবার পানির সংকটে রয়েছে। পুরোনো কোনো টিউবওয়েলেই পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। তাই দ্রুত গভীর নলকূপ স্থাপন করে পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

ইউনিয়নভেদে অচল অধিকাংশ টিউবওয়েল
রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন চন্দ্র দাস জানান, তাঁর ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ টিউবওয়েল থেকে পানি উঠছে না। ইউনিয়নের ১১টি নতুন পাড়ায় একটি টিউবওয়েলও নেই। এতে এসব এলাকার বাসিন্দারা বিশুদ্ধ খাবার পানি সংগ্রহে চরম ভোগান্তিতে পড়েছেন। তাঁর মতে, ইউনিয়নে দেড়শ গভীর নলকূপ স্থাপন করা গেলে নিরাপদ পানির চাহিদা পূরণে সহায়তা হবে। তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদও একই ধরনের সংকটের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ টিউবওয়েল বিকল হয়ে পড়েছে। এ অবস্থায় ইউনিয়নে অন্তত ৫০০টি টিউবওয়েল প্রয়োজন।

দুই উপজেলায় প্রয়োজন সাত হাজার টিউবওয়েল
জনস্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, দিরাই ও শাল্লা উপজেলার প্রায় ৭৫ হাজার পরিবার এবং চার লাখের বেশি মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে অন্তত সাত হাজার টিউবওয়েল প্রয়োজন। তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রচলিত হ্যান্ডপাম্পের পরিবর্তে বিকল্প প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী উজ্জ্বল খান বলেন, ভৌগোলিক ও জলবায়ুগত পরিবর্তন এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের কারণে তাঁদের আওতাধীন ৯টি ইউনিয়নে পানির স্থিতিশীল স্তর ক্রমাগত নিচে নামছে। অনেক এলাকায় পানির স্তর ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ থেকে ৪৫ ফুট গভীরে নেমে গেছে। তিনি জানান, এ পরিস্থিতি বিবেচনায় ২০২৩-২৪ অর্থবছর থেকে প্রচলিত ৬ নম্বর হ্যান্ডপাম্পের পরিবর্তে সাবমারসিবল পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুষ্ক মৌসুমে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার হ্যান্ডপাম্প থেকে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না।

পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প ঝুলে আছে
দিরাই পৌরসভায়ও নিরাপদ পানির সংকট প্রকট। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পৌর এলাকায় অন্তত ৪০ হাজার মানুষের বসবাস। তবে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত না হওয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছ থেকে স্যানিটেশনসংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার জানান, পানি পরিশোধন করে সরবরাহের কাজের প্রস্তুতি চলছে। এর আগে সাবেক মেয়র প্রকল্পের জন্য ভূমি বরাদ্দ দিলেও কাজ বাস্তবায়িত হয়নি। পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের টেন্ডার হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা যায়নি। সব মিলিয়ে দিরাই ও শাল্লার হাওড়াঞ্চলে নিরাপদ খাবার পানির সংকট এখন জনজীবনের বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু প্রকল্প গ্রহণ নয়, দ্রুত গভীর নলকূপ স্থাপন ও কার্যকর পানি সরবরাহব্যবস্থা চালু করতে হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি

নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা এক্সপ্রেসওয়েতে

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা এক্সপ্রেসওয়েতে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা কমানো ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পুরো ৫৫ কিলোমিটার মহাসড়ককে আধুনিক নজরদারির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এ ব্যবস্থা চালু হলে অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিংসহ ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়ের করা যাবে। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। পদ্মা সেতু চালুর পর এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনক হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চার বছরে ৫৮৯ দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫২ জনের
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৩৫ কিলোমিটার অংশ মুন্সিগঞ্জ জেলার মধ্য দিয়ে গেছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৫ অক্টোবর পর্যন্ত চার বছরে এই সড়কে অন্তত ৫৮৯টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫২ জন। আহত হয়েছেন অন্তত ৯৫০ জন যাত্রী ও পথচারী। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চালকদের ঘুম ঘুম ভাব, অসচেতনতা, অতিরিক্ত গতি, বিপজ্জনকভাবে ওভারটেকিং এবং ট্রাফিক আইন উপেক্ষা করার কারণে এ মহাসড়কে বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে।

পুরো মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা
সম্প্রতি মুন্সিগঞ্জের উন্নয়নকাজ এবং মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, পুরো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েকে এআই ক্যামেরার আওতায় আনার জন্য একটি সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশের জাতীয় মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে এই প্রযুক্তির আওতায় আনার কাজ চলছে। এরপর জেলা ও আঞ্চলিক মহাসড়কেও এআই ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক নজরদারির পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, সড়ক আইন অমান্যকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা
এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার জানান, এক্সপ্রেসওয়ের পুরো অংশ এআই ক্যামেরার আওতায় এলে অতিরিক্ত গতি ও বিপজ্জনক ওভারটেকিং তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হবে। তার ভাষ্য অনুযায়ী, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে মানবীয় হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়েরের ব্যবস্থা থাকবে। এতে চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে।

সাধারণ সিসিটিভির পাশাপাশি এআই নজরদারি
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মো. মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনা নিয়ন্ত্রণে মহাসড়কে ইতোমধ্যে গতিসীমা-সংক্রান্ত সাইনবোর্ড এবং বিভিন্ন পয়েন্টে সাধারণ সিসিটিভি ক্যামেরা চালু রয়েছে। তবে অতিরিক্ত গতি ও বিপজ্জনক ওভারটেকিং ছাড়াও আকস্মিক ইউটার্ন, চালকদের অসচেতনতা এবং ট্রাফিক আইন না মানার কারণে দুর্ঘটনা ঘটছে। শীতকালে ঘন কুয়াশাও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তার মতে, এআই প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালু করা গেলে এসব অনিয়ম শনাক্ত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

মেট্রোরেলে সংরক্ষিত আসনে বসা নিশ্চিত করল ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
মেট্রোরেলে সংরক্ষিত আসনে বসা নিশ্চিত করল ভ্রাম্যমাণ আদালত

রাজধানীর মেট্রোরেলে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে তাদের বসা নিশ্চিত করতে তদারকি চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আগারগাঁও ও শাহবাগ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমটিসিএলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত চলে।

সংরক্ষিত আসনে বসার ব্যবস্থা নিশ্চিত
অভিযানের অংশ হিসেবে মেট্রোরেলের কোচে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত ‘অগ্রাধিকার আসন’ বা প্রায়োরিটি সিট তদারকি করা হয়। এসব আসনে নির্ধারিত যাত্রীদের বসার ব্যবস্থা নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোরেলের প্রতিটি কোচে শুরু থেকেই প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সুবিধার্থে অগ্রাধিকার আসন সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে যাত্রীদের সচেতন করতে প্রতিটি স্টেশনে নিয়মিত ঘোষণা প্রচার করা হয়।

আগারগাঁওয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ
আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় ফুটপাত ও আশপাশের জায়গা দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানপাট এবং বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব স্থাপনার কারণে যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল বলে জানানো হয়েছে।

অভিযানের মাধ্যমে স্টেশন এলাকায় যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

শাহবাগেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এদিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায়ও পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএমটিসিএলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল কবিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করা ভাসমান দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা
মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সংরক্ষিত আসন ব্যবহারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ডিএমটিসিএলের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি