খুঁজুন
                               
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার

সরকারি দলের সদস্যদের উদ্দেশ্য করে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের (সবার) কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনের ২১তম দিনে সরকারি দলের এক সংসদ সদস্যের বক্তব্যের পাল্টা জবাব দিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

তার আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া তথ্যের কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১৪০০ শহীদের কথা বলা হয়েছে, সেখানে বিরোধীদলীয় নেতা গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে কীভাবে ১২০০ শহীদের বাসায় যাওয়ার দাবি করেন। একে তিনি ইতিহাসের নতুন বিকৃতি এবং ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ সদস্য আমাকে কোট করে একটি কথা বলেছেন। বিষয়টি জুলাই শহীদদের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা যদি ৮০০ প্লাস হয়, তাহলে আমি ১ হাজার ২০০ বাড়িতে গেলাম কীভাবে? ফ্যামিলিতে গেলাম কীভাবে? ওনাকে এখানে আমি এখন দেখছি না। তিনি থাকলে বলতাম যে, হিসাবটা প্রতিমন্ত্রীর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাউদ্দিন টুকু সাহেব তার বক্তব্যে নিজেই বলেছেন যে, শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গসংগঠনের লোকেরাই শহীদ হয়েছে ১ হাজারের ঊর্ধ্বে। আমি যদি তার কথাটাই সমর্থন করি, তাহলে হিসাব এখান থেকেই তিনি পাবেন। আমার কাছে কষ্ট করে আসতে হবে না।

তিনি আরও বলেন, আমি আনঅথেন্টিক কোনো কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছে। আমাদের ওয়েবসাইটে অ্যাভেইলেবল। চেক, ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরেই তালিকাগুলো করেছি। এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়; জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে, এই সংখ্যাটা ১ হাজার ৪৫১।

বিরোধীদলীয় নেতা বলেন, বিভিন্ন জায়গায় যখন যাই, কিছু মানুষ আসেন; তারা মুখের দিকে তাকিয়ে থাকেন। এরপর বলেন, আমার বাবাটার কোনো খবর আপনাদের কাছে আছে কি না? ওই যে দুই দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে গুম করা হয়েছে, তাদের হিসাব তো কেউ দিচ্ছে না। এ সংখ্যা তো আরও বেশি।

তিনি বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়।

কালের আলো/এসএকে

মার্কিন হামলার মধ্যেও ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
মার্কিন হামলার মধ্যেও ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন রুবিও

নতুন করে মার্কিন হামলা ও ভঙ্গুর যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যেও কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৬ মে) ভারতের জয়পুর সফরকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মার্কো রুবিও বলেন, নতুন মার্কিন হামলার পরও ইরানের সঙ্গে একটি চুক্তি কয়েক দিনের মধ্যেই সম্ভব হতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ কাতারে কিছু আলোচনা চলছিল, তাই দেখা যাক আমরা কোনো অগ্রগতি করতে পারি কি না। আমার মনে হয় প্রাথমিক খসড়া নথির নির্দিষ্ট ভাষা নিয়ে দফায় দফায় আলোচনা চলছে, তাই বিষয়টি শেষ হতে কয়েক দিন লাগবে।’

তিনি আরো জানান, ইরানের সঙ্গে চুক্তির আলোচনার ভাষা চূড়ান্ত করতে ‘আরও কয়েক দিন’ সময় লাগতে পারে।

মার্কো রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে চান। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, না হয় কোনো চুক্তিই হবে না।’

হরমুজ প্রণালির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনোভাবেই হোক না কেন, হরমুজ প্রণালি অবশ্যই খোলা থাকতে হবে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-সমর্থিত দেশগুলোতে হামলা চালায় এবং কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এতে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়।

৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনী যুদ্ধবিরতি মেনে চলছে। এ সময় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান, আর মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলো অবরোধের চেষ্টা করছে।

ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র গতকাল সোমবার ইরানে নতুন করে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে নতুন দফার আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানের শীর্ষ আলোচকেরা কাতারের দোহায় পৌঁছানোর পরই এসব হামলা চালানো হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

ছুটির দিনে পদোন্নতি পেয়ে সচিব হলেন ৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
ছুটির দিনে পদোন্নতি পেয়ে সচিব হলেন ৪ কর্মকর্তা

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর দিনে চার অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির–উদ–দৌলাকে।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কালের আলো/এসএকে

শাকিবের ‘রকস্টার’ দেখতে পারবে সবাই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
শাকিবের ‘রকস্টার’ দেখতে পারবে সবাই

ঈদের আনন্দ বাড়াতে প্রেক্ষাগৃহে আসছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত বহুল আলোচিত এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ’ (U) অর্থাৎ আনরেস্ট্রিক্টেড বা ‘সবার জন্য উন্মুক্ত’ সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ, সব বয়সের দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আজমান রুশো। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক হাইপ তৈরি হয়েছে।

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ কাঁপাতে প্রস্তুত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের এই নতুন প্রজেক্ট। সিনেমাটির মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, ভক্ত ও সাধারণ দর্শকদের মাঝে কৌতূহল ততটাই বাড়ছে। কেবল চিরচেনা রোমান্সই নয় সিনেমাটিতে উঠে আসবে এক রকস্টারের জীবনের গল্প।

তারকাখ্যাতির চাপ, ভেতরের চাপা আবেগ আর তীব্র মানসিক দ্বন্দ্বের মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্প রূপালি পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক আজমান রুশো। সিনেমাটির মূল আকর্ষণ শাকিব খানের তিন নায়িকা। গল্পে এই তিন নায়িকার উপস্থিতিতে রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই রহস্য আর প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘রকস্টার’-এর নতুন টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ঈদে ঢালিউড বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এই ‘রকস্টার’।

কালের আলো/এম/এএইচ