খুঁজুন
                               
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩
           

১ দিনে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
১ দিনে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও নয় জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১০৫ জন। আর গত ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৭ জন। ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ২৪ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৮৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও তিন জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে।

কালের আলো/এসআর/এএএন

প্রধানমন্ত্রী তারেক রহমানর সঙ্গে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানর সঙ্গে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

Oplus_131072

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়।

সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ শিল্পসহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ওআইসি সদস্য দেশগুলোর সমর্থনকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ও জনগণের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসিভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে, ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশসমূহের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলামসহ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ-পুশইন রোধে বিজিবি সর্বদা জাগ্রত : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ-পুশইন রোধে বিজিবি সর্বদা জাগ্রত : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা নাকচ করে দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।

ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হেনস্তা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

কালের আলো/এসএকে

‘প্রশংসনীয় কাজের’ স্বীকৃতি পেলেন ৩৪১ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
‘প্রশংসনীয় কাজের’ স্বীকৃতি পেলেন ৩৪১ পুলিশ সদস্য

পুলিশের ৩৪১ জন সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ দেওয়া হয়েছে। ২০১৫ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাদের এ ব্যাজ দেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) তাদেরকে ব্যাজ পরিয়ে দেন।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের ফলাফলের ভিত্তিতে গত ১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য অর্জনকারী ইউনিটগুলোকে পুরস্কার দেওয়া হয়।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে “ক” গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও কুমিল্লা জেলা পুলিশ তৃতীয় হয়েছে। “খ” গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, কুষ্টিয়া জেলা পুলিশ দ্বিতীয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়েছে। “গ” গ্রুপে রাজবাড়ী জেলা পুলিশ প্রথম, মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় ও এপিবিএন তৃতীয় হয়েছে। “ঘ” গ্রুপে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ প্রথম, র‍্যাব-১৫, কক্সবাজার দ্বিতীয় ও র‍্যাব-২, ঢাকা তৃতীয় হয়েছে। “ঙ” গ্রুপে ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম, তেজগাঁও বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও মিরপুর বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়েছে।

২০২৫ সালে মাদকদ্রব্য উদ্ধারে “ক” গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়েছে। “খ” গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ১ম, কক্সবাজার জেলা পুলিশ ২য় এবং হবিগঞ্জ জেলা পুলিশ ৩য় হয়েছে। “গ” গ্রুপে লালমনিরহাট জেলা পুলিশ প্রথম, শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় ও গাজীপুর জেলা পুলিশ তৃতীয় হয়েছে। “ঘ” গ্রুপে র‍্যাব-১৫, কক্সবাজার প্রথম, র‍্যাব-৯, সিলেট দ্বিতীয় ও র‍্যাব-১১, নারায়ণগঞ্জ তৃতীয় হয়েছে। “ঙ” গ্রুপে ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম, তেজগাঁও বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও মতিঝিল বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়েছে। “চ” গ্রুপে হাইওয়ে পুলিশ প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং এপিবিএন তৃতীয় হয়েছে।

শীল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে যৌথ মেট্রোপলিটন দল, দ্বিতীয় স্থান লাভ করেছে এপিবিএন দল এবং তৃতীয় হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল।

অনুষ্ঠানে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার দেওয়া হয়।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছেন। তিনি পুলিশের সব সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কালের আলো/আরডি/এমডিএইচ