খুঁজুন
                               
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩
           

জামায়াত কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
জামায়াত কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না: ফখরুল

জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী দল, এই দলকে এদেশের মানুষ কোনো দিন ক্ষমতায় আনবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা ও স্বাগত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস দেন এবং জেলার উন্নয়নে একাধিক বড় প্রকল্পের কথাও তুলে ধরেন।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, একই মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয়। বরং জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি অভিযোগ করে বলেন, ধর্মের নামে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে কিছু রাজনৈতিক গোষ্ঠী ফায়দা নিতে চায়। তিনি বলেন, ধর্মের নামে মিথ্যাচার করে বিভ্রান্তি সৃষ্টি করে রাজনীতি করা যাবে না। জনগণের ভোট ও মর্যাদা পেতে হলে সত্য কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না।

জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। তাই এদেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন রাজনৈতিক দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, তারেক রহমান সাহেব নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবেই। আমরা সবাই হয়তো যাতায়াত করতে পারব না, কিন্তু এটা হবে আমাদের গর্ব। আমরা বলতে পারব, আমাদের একটি বিমানবন্দর আছে। প্রকল্পটি ইতোমধ্যে মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে বলেও জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, তড়িঘড়ি করে কাজ শেষ না করে স্থায়ী ও কার্যকর অবকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি বলেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। এমনভাবে করতে চাই না যে, দুদিন পর আবার বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম, সেটা রক্ষা করতে চাই। যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালুর জন্য দিনরাত পরিশ্রম করা হবে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটির কার্যক্রম চালুর চেষ্টা করা হবে।

এর আগে সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগঘন বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি সব সময় আপনাদের বলেছিলাম—এটি আমার শেষ নির্বাচন। আমি আবারও বলছি—এটি হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো রক্ষা করতে চাই।

তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমাকে কখনো বিমুখ করেননি। যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি জানান, সদর উপজেলাকে ভেঙে আরও দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এছাড়া জেলার দীর্ঘদিনের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও মিলেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুত এসব প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর ঘোষণা স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ধারণা, বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

কালের আলো/এসআর/এএএন

চট্টগ্রামে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মোরশেদ আলম চন্দনাইশ উপজেলার চাগাচর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. পেটান আলীর ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে নলুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাসার সিঁড়িঘরের লোহার রডের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মোরশেদ আলমকে ঝুলতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, মোরশেদ আলম পাশের ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন। বিকেলে খবর পাই, তিনি গলায় ফাঁস দিয়েছেন।

সাতকানিয়া ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ডালিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

জোড়া গোল করে মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
জোড়া গোল করে মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজের উপস্থিতি জোরালোভাবে জানান দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টুর্নামেন্টে ধীরগতির সূচনার পর অবশেষে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় ফিরেছেন পর্তুগিজ মহাতারকা। গ্রুপ ‘কে’-তে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক ম্যাচে দুই গোল করার নতুন রেকর্ড গড়েছেন।

এর আগে এই রেকর্ডটি ছিল লিওনেল মেসির দখলে। আর্জেন্টাইন অধিনায়ক ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে কীর্তিটি গড়েছিলেন। তবে সেই রেকর্ড মাত্র একদিন স্থায়ী হয়। উজবেকিস্তানের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে রোনালদো রেকর্ডটি নিজের করে নেন।

একই সঙ্গে  এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোলও পেয়ে যান রোনালদো। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের আরেকটি বিশেষ পরিসংখ্যানে মেসির ওপর নিজের ব্যবধান আরও বাড়িয়েছেন—যে রেকর্ডে আর্জেন্টাইন তারকার পক্ষে আর পৌঁছানো সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপে মেসি-রোনালদোর আধিপত্য

দুই দশকেরও বেশি সময় আগে বিশ্বকাপে অভিষেক হওয়া দুই কিংবদন্তি ফুটবলার এখনো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রধান আকর্ষণ। বয়স বাড়লেও তাদের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি।

বর্তমানে দুই ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে শুরুতে কিছুটা সময় নিলেও রোনালদো ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন। মেসি শুরু থেকেই দুর্দান্ত খেললেও রোনালদোর সাম্প্রতিক পারফরম্যান্স পর্তুগালের সমর্থকদের নতুন করে আশাবাদী করে তুলেছে।

এদিকে মেসি বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠে এসেছেন। তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ড ভেঙেছেন। যদিও এই দৌড়ে রোনালদো কিছুটা পিছিয়ে আছেন,

তবে উজবেকিস্তানের বিপক্ষে তার পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি এখনো গোল্ডেন বুটের লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনের মতো তারকারাও এই প্রতিযোগিতায় রয়েছেন।

আরও ইতিহাস গড়ার অপেক্ষায় দুই কিংবদন্তি

ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন ধরে মেসি ও রোনালদোকে একের পর এক অসম্ভব মনে হওয়া রেকর্ড ভাঙতে দেখেছেন। ২০২৬ বিশ্বকাপ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে টুর্নামেন্ট যত এগোবে এবং আর্জেন্টিনা ও পর্তুগাল যত দূর যাবে, ততই নতুন নতুন রেকর্ডের সাক্ষী হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে থাকা মেসি ও রোনালদো আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছেন। অনেকের ধারণা, এটি তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে। তাই দেশকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি একে অপরের রেকর্ড ভাঙার লক্ষ্যেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন এই দুই কিংবদন্তি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, এখন সময় এসেছে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার, যাতে বিশ্ব আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারে। আমরা আশা করি, কপ-৩১ এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং বাংলাদেশ তার ভূমিকা পালনে প্রস্তুত।

মঙ্গলবার (২৩ জুন) দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপে ক্লাইমেট লিডারশিপ শীর্ষক এক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বাস করে জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; আমরা এটিকে সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং একটি যৌথ ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিনিয়োগ হিসেবে দেখি। আমরা এখানে উপস্থিত সকলে মিলে একটি সবুজ, নিরাপদ, টেকসই এবং আরও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়তে পারি।

তিনি বলেন, কোনো দেশ একা জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে পারে না। এর জন্য প্রয়োজন অংশীদারত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকার। কপ-৩১ এবং কপ-৩২-এর দিকে তাকিয়ে আমরা তিনটি অগ্রাধিকারের ওপর জোর দিতে চাই। প্রথমত, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজলভ্য ও অনুমানযোগ্য সহায়তাসহ ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য, সহজসাধ্য এবং চাহিদা-সাপেক্ষ হতে হবে। এর মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর এবং বেসরকারি খাতের বিনিয়োগও ত্বরান্বিত হওয়া উচিত। এ লক্ষ্যে আমাদের গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর বৃহত্তর সংহতকরণ এবং কার্যকরীকরণ প্রয়োজন।

তৃতীয়ত, প্রশমনের পাশাপাশি অভিযোজনও অপরিহার্য। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অভিযোজন কোনো নীতিগত বিকল্প নয়; এটি একটি অপরিহার্য বিষয়। ইউএনসিটিএডি-এর মতে, ৩০০ বিলিয়ন ডলারের নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্যমাত্রা (এনসিকিউজি) উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রশমন ও অভিযোজনের প্রয়োজনীয়তা পূরণে অপর্যাপ্ত।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আজ এখানে শুধু জলবায়ু সংকটে সম্মুখসারির একটি রাষ্ট্র হিসেবেই নয়, বরং বৈশ্বিক সমাধানে আগ্রহী একটি জাতি হিসেবেও সমবেত হয়েছি।

তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে যেমনটি উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার একটি অগ্রণী জলবায়ু-সহনশীল জাতি হিসেবে গড়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং সবুজ প্রবৃদ্ধি এখন আমাদের জাতি গঠন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ভাবি এবং যার জন্য আমি সচেষ্ট থাকি। এটি জীবন, জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার বিষয়।

জলবায়ু সংক্রান্ত বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং জলাভূমি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমরা আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনা করেছি। পানি নিরাপত্তা নিশ্চিত করতে, কৃষিকে সহায়তা করতে এবং জলবায়ুগত অভিঘাত মোকাবিলায় আমাদের প্রধান নদীর ওপর পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগকে এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে একটি মহাপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা ব্যারেজ আধুনিকীকরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের অঙ্গীকার করা হয়েছে। স্কুল, সম্প্রদায় এবং তরুণদের সম্পৃক্ত করে দেশব্যাপী একটি আন্দোলনের মাধ্যমে, যেমন এক শিক্ষার্থী, এক গাছ কর্মসূচির মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য পুনরুদ্ধার, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং তাপমাত্রা হ্রাস করা হবে।

বাংলাদেশ সরকার বন, জলাভূমি, বন্যপ্রাণীর আবাসস্থল এবং ঝুঁকিপূর্ণ উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষায় কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণে বিনিয়োগ করা হচ্ছে এবং পরিবেশবান্ধব নির্মাণ মান চালু করা হচ্ছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে সৌর, বায়ু, বর্জ্য থেকে শক্তি এবং অন্যান্য সমাধানের মাধ্যমে নবায়নযোগ্য উৎস থেকে বাংলাদেশের অন্তত ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, পাটজাত পণ্য এবং বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন খাতকে উৎসাহিত করা হচ্ছে। সবুজ বিনিয়োগ এবং কার্বন ক্রেডিটের সুযোগ উন্মোচনে একটি জাতীয় কার্বন বাজার গড়ে তোলা হবে। সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার, জৈব সার উৎপাদন এবং চক্রাকার অর্থনীতি উদ্যোগের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সবুজ উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এখন বিশ্বের শীর্ষ ১০০টি লিড-প্রত্যয়িত কারখানার মধ্যে ৬৯টিই বাংলাদেশের।

তিনি বলেন, বিশ্বনেতাদের অবশ্যই মতপার্থক্য দূরে সরিয়ে রেখে লাখ লাখ মানুষের জন্য তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে, যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। কপ-৩১-এর উচিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো কনভেনশন (ইউএনএফসিসিসি) এবং প্যারিস চুক্তির লক্ষ্য ও চেতনাকে পুনঃনিশ্চিত করা। এ প্রসঙ্গে, বিশ্ব অর্থনৈতিক ফোরাম সংলাপকে উৎসাহিত করতে, ঐকমত্য গড়ে তুলতে এবং সম্মিলিত পদক্ষেপকে অনুপ্রাণিত করার জন্য একটি মূল্যবান মঞ্চ।

কালের আলো/আরডি/এমডিএইচ