খুঁজুন
                               
, ,
           

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও ‘রহস্যজনক কারণে’ দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। পরে উচ্চ মহলের নির্দেশে হলেও অনুমতি দেওয়া হলেও প্রোগ্রাম বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে কলম্বো হয়ে ঢাকায় ফিরে এসেছেন তিনি।

রোববার (১৪ জুন) বিকেলে ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জাহেদ উর রহমান। কিন্তু, সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছালে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ‘রহস্যজনক কারণে’ তাকে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরেই বসিয়ে রাখে সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্র জানায়, ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের ওই অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে এই উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবারই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। কিন্তু, সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি তারা।

পরে উচ্চ মহলের নির্দেশে জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। রাতেই কলম্বোর উদ্দেশে দিল্লি ত্যাগ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এরপর সেখানে রাত যাপনের পর একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

কালের আলো/এসএকে

ইরানে নতুন করে হামলা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
ইরানে নতুন করে হামলা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

টানা ১৩ দিনের হামলার পর ইরানে নতুন করে সামরিক আক্রমণ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস।

দ্য নিউইয়র্ক টাইমস ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে এমন উদ্বেগ থেকেই প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে অ্যাক্সিওস সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলা বন্ধের নির্দেশটি সাময়িক নাকি দীর্ঘ সময়ের জন্য কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দেওয়ার ইঙ্গিত দেয়, অন্যদিকে বড় ধরনের যুদ্ধ পুনরায় শুরু না হলে বর্তমান পর্যায়ের মার্কিন হামলা কার্যকারিতার সীমায় পৌঁছে গেছে—এমন উপলব্ধিরও প্রতিফলন।

তবে সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রয়োজনে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর জন্য পরিকল্পনা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

কালের আলো/আরডি/এমডিএইচ

এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছাড় পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছাড় পেলেন মেসি

বিশ্বকাপ ফাইনাল শেষে দীর্ঘ ক্লান্তিকর মৌসুম বিবেচনায় আগামী সপ্তাহের মেজর লিগ সকার অল-স্টার গেমে লিওনেল মেসির অংশগ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে না। শনিবার (২৫ জুলাই) এমএলএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ইন্টার মায়ামির এই মহাতারকাকে অল-স্টার প্রদর্শনীতে না খেলার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

সাধারণত এমএলএস অল-স্টার গেমে মনোনীত খেলোয়াড়দের অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং চোট ছাড়া বাদ পড়ার উপায় থাকে না। তবে চলতি মৌসুমে বিশ্বকাপের কারণে সাত সপ্তাহের বিরতি থাকায় আগেভাগেই খেলোয়াড় সংস্থার সাথে চুক্তি করে নেয় এমএলএস।

এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, ২০২৬ মৌসুম শুরুর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিশ্বকাপের শেষপর্যায়ে পৌঁছানো খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ক্লাবগুলো তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেই সমঝোতার ভিত্তিতেই রদ্রিগো দে পল এবং লিওনেল মেসিকে ২০২৬ এমএলএস অল-স্টার গেম থেকে ছাড় দেওয়া হয়েছে।

গত রবিবারে নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরেছিল মেসির আর্জেন্টিনা। ওই ম্যাচে খেলেছিলেন দে পলও।

গত বছর অল-স্টার গেমে অংশ না নেওয়ার শেষ মুহূর্তে সিদ্ধান্তের কারণে মেসি এবং তাঁর তৎকালীন মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল এমএলএস, যা নিয়ে বেশ চটেছিলেন ইন্টার মায়ামির সহ-মালিক জোর্জে মাস। তবে এবার লিগ কমিশনার ডন গার্বারের প্রতিশ্রুতি অনুযায়ী নীতিতে নমনীয়তা এনে আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।

আগামী বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে আয়োজিত এই অল-স্টার গেমে এমএলএস-এর সেরা তারকারা মুখোমুখি হবেন মেক্সিকোর লিগা-এমএক্স অল-স্টারদের বিরুদ্ধে। মেসির অনুপস্থিতিতে এমএলএস দলের হয়ে মাঠে মাতাবেন লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের টমাস মুলার এবং স্বাগতিক দল শার্লটের ইউএসএ অধিনায়ক টিম রিম।

কালের আলো/আরডি/এমডিএইচ

মতিঝিল মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান, ১৫ মামলা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
মতিঝিল মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান, ১৫ মামলা ও জরিমানা

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ১৫টি মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানে স্টেশনসংলগ্ন ফুটপাত ও মেট্রোরেল এলাকার অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।

অভিযান শেষে এলাকাটি অবৈধ দখলমুক্ত হয়। এতে মেট্রোরেল ব্যবহারকারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

অভিযানে এমআরটি পুলিশ, মতিঝিল থানা পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

কালের আলো/এসকে/এমএসআইপি