খুঁজুন
                               
, ,
           

৩১ বছর পর আধুনিক গানে নতুন চমক ফেরদৌস আরার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
৩১ বছর পর আধুনিক গানে নতুন চমক ফেরদৌস আরার

নজরুলসংগীতের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা এবার হাজির হচ্ছেন নতুন এক চমক নিয়ে। দীর্ঘ ৩১ বছর পর আধুনিক গানের অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে অ্যালবামের বেশ কয়েকটি গানের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।

দীর্ঘ সংগীতজীবনে নজরুলসংগীতের পাশাপাশি বিভিন্ন সময় আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন ফেরদৌস আরা। তার গাওয়া বেশ কিছু আধুনিক গান শ্রোতাদের প্রশংসাও কুড়িয়েছে। তবে একক আধুনিক গানের অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে দীর্ঘ বিরতি ছিল তার।

নতুন অ্যালবাম প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, বিটিভিতে অডিশনের সময় তিনি নজরুলসংগীত ও আধুনিক-দুই বিভাগেই তালিকাভুক্ত হয়েছিলেন। কিন্তু শুরু থেকেই নজরুলসংগীতকে নিজের প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নেন। ফলে আধুনিক গান নিয়মিতভাবে করা হয়নি। যদিও বিভিন্ন সময়ে চলচ্চিত্র, নাটক ও টেলিভিশনের অনুষ্ঠানের জন্য আধুনিক গান গেয়েছেন।

তিনি জানান, ১৯৯৫ সালে ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি থেকে তার আধুনিক গানের অ্যালবাম ‘মনের পাখি কথা কয়’ প্রকাশিত হয়েছিল। এরপর আর কোনো আধুনিক গানের অ্যালবাম করা হয়নি।

সম্প্রতি ‘আহা কী সুন্দর খুঁটি’ শিরোনামের একটি আধুনিক গান রেকর্ড করার সময় নতুন করে অ্যালবাম করার ভাবনা আসে তার। সেই চিন্তা থেকেই শুরু হয় নতুন প্রকল্পের কাজ।

ফেরদৌস আরা জানান, নতুন অ্যালবামের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘প্রেম’। তবে প্রকাশের আগে নাম পরিবর্তন হতে পারে। অ্যালবামে মোট ১০টি গান রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাঁচটি গানের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি গানগুলোর কাজও দ্রুত সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে গানগুলোর কথা ও সুর নির্বাচন করা হয়েছে। শুধু অডিও নয়, অ্যালবামের প্রতিটি গানের ভিডিও নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ভিডিওগুলো প্রকাশ করা হবে। পাশাপাশি অডিও সংস্করণও উন্মুক্ত করা হবে শ্রোতাদের জন্য।

দীর্ঘ তিন দশকের বেশি সময় পর আধুনিক গানের অ্যালবাম নিয়ে ফেরদৌস আরার এই প্রত্যাবর্তন সংগীতাঙ্গনে নতুন আগ্রহ তৈরি করেছে। তার ভক্ত-শ্রোতারাও অপেক্ষায় রয়েছেন নতুন এই অ্যালবামের জন্য।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন ডেঙ্গু রোগী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ৬০ জন বরিশালের।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৫৭ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৬৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৫ জন ও সিলেট বিভাগে দুজন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ছয় হাজার ৮৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৫৫৭ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জুনে। এই মাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০৭ জন।

চলতি মাসে আক্রান্ত ৪৯৩ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

কালের আলো/আরডি/এমডিএইচ

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

দুপুরে জাতীয় সংসদে এসে তারা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।

এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

কালের আলো/এসএকে

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান 

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে এ তথ্য। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। এই পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন তিনি।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার, সুশাসন ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবে অত্যন্ত সুপরিচিত আইরিন খান। তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং মানবাধিকার ও আন্তর্জাতিক আইন বিষয়ে দক্ষতা বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কালের আলো/এসএকে