খুঁজুন
                               
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ়, ১৪৩৩
           

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ফি ছাড় দেওয়া হবে।

পরিষদের ভাষ্য অনুযায়ী, এই সময়ের জন্য প্রণালি ব্যবহারে যে ব্যয় সাধারণত নেওয়া হয়, তা ইরান সরকার নিজেই বহন করবে।

বিবৃতিতে বলা হয়, আগামী ৬০ দিনের জন্য আবেদনকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ট্রানজিট ফি নেওয়া হবে না। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল আরও সহজ হবে বলে আশা করছে তেহরান।

মাসের পর মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপথে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তকে তা কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পরই এই ঘোষণা আসে। জাহাজ চলাচলের আগে নিতে হবে অনুমতি

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী সব বাণিজ্যিক জাহাজকে আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আবেদন নিষ্পত্তি করতে এবং সমঝোতা স্মারকের আওতায় সেগুলোকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই কর্তৃপক্ষই জাহাজগুলোর জন্য চলাচলের অনুমতিপত্র, নির্ধারিত সময়সূচি এবং রুট নির্ধারণ করবে। নিরাপত্তার কারণে বিশেষ বিধিনিষেধ

ইরান বলেছে, সামুদ্রিক করিডোরে এখনো কিছু নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই জাহাজ চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হবে।

কর্মকর্তাদের মতে, নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চললে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ করা এবং ধীরে ধীরে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনা সহজ হবে।

এ কারণে অনুমোদন পাওয়া সব জাহাজকে নির্ধারিত সময় ও নির্দিষ্ট পথ অনুসরণ করেই হরমুজ প্রণালি অতিক্রম করতে হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক নৌপরিবহনে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সূত্র: সামা টিভি

কালের আলো/এসআর/এএএন

দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে সর্বোচ্চ সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় দলটির সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

মূলত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নিতে এই নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) এ বিষয়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়।

দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজির কাছে পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ‘সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন’ করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, সেই দিন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা হতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এসব কর্মকাণ্ডে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করা হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এ অবস্থায় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে এই বিশেষ বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, তারা এসংক্রান্ত চিঠি পেয়েছেন। তবে তিনি বলেন, ‘স্পেসিফিক কোনো থ্রেট বা আশঙ্কা নেই। আমরা সতর্ক আছি।’

তিনি আরও বলেন, ‘সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় কর্মসূচি হচ্ছে ১০ মহররমের আশুরা। পাশাপাশি ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকীও রয়েছে। তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা বহাল থাকবে বলেও জানান তিনি। নজরুল ইসলাম বলেন, ‘আমাদের নতুন পরিকল্পনা, নতুন নিরাপত্তা চেকপোস্ট ও অপারেশন কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা এবং প্রভাবশালী সংসদ সদস্যদের একে একে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের জোটসঙ্গী বিভিন্ন দলের কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। দলটির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তাদের দেখা যায় না।

আন্দোলন দমনে শত শত মানুষকে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে। বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। এসব ঘটনায় বিভিন্ন সময় ধরপাকড় চালানোর কথাও জানিয়েছে পুলিশ।

কালের আলো/এসএকে

মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত

শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যুআহতের ভাতিজা ইয়াসিন জানান, বাসার নিচে অবস্থানকালে মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন দুর্বৃত্ত নূর ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, নূর ইসলাম মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডের ৩১ নম্বর বাসার বাসিন্দা এবং তিনি ওয়াজেদ আলীর ছেলে। তার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার মহিষখালী এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় নূর ইসলামকে হাসপাতালে আনা হয়েছে। তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

ফ্রান্সে চলমান জি৭ সম্মেলনের বিভিন্ন সেশনের ফাঁকে বিশ্বনেতাদের বেশ খোশমেজাজে সময় কাটাতে দেখা গেছে। গম্ভীর রাজনৈতিক আলোচনার বাইরে বিশ্বনেতাদের পারস্পরিক রসিকতা ও বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলোই এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মূল আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার কিছু হালকা মুহূর্ত সম্মেলনজুড়ে বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে।

সম্মেলনের গ্রুপ ছবি তোলার সময় সবচেয়ে বেশি নজর কাড়ে নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির মধ্যকার সংক্ষিপ্ত এক আলাপচারিতা। মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুজনের বিপুল জনপ্রিয়তার প্রসঙ্গ তুললে মেলোনি হেসে জবাব দেন, ‘হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’

এর আগে ২০২৩ সালে বালির জি২০ সম্মেলন এবং পরবর্তীতে দুবাইয়ের কপ২৮ সম্মেলনে মেলোনির পোস্ট করা সেলফি ও ‘মেলোডি’ ক্যাপশনকে ঘিরে দুই নেতার রসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও ভিডিও আকারে ব্যাপক সাড়া ফেলেছিল। সম্প্রতি মোদির রোম সফরে মেলোনিকে ভারতের বিখ্যাত ‘মেলোডি’ টফি উপহার দেওয়ার ঘটনাটি সেই আলোচনাকে আরও উসকে দেয়।

এদিকে সম্মেলনের তৃতীয় দিনে আলোচনার কেন্দ্রে চলে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার(১৭ জুন) সকালের অধিবেশনে যোগ দিয়েই তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক চোট রসিকতা করে নেন। আয়োজক দেশ হিসেবে ম্যাখোঁ এই সম্মেলনের সভাপতিত্ব করলেও ট্রাম্প কক্ষে ঢুকেই উচ্চস্বরে বলে ওঠেন, ‘আমিই বস।’

সাবেক এই রিয়েলিটি শো উপস্থাপকের এমন চটজলদি মন্তব্যে উপস্থিত অন্য বিশ্বনেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁও বিষয়টিকে বেশ ইতিবাচক ও রসিকতা হিসেবেই গ্রহণ করেন। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তি চূড়ান্ত করার পর নিজের ৮০তম জন্মদিন উদযাপন করা ট্রাম্পের এমন চেনা মেজাজের কারণে ফ্রান্সের অবকাশ শহর এভিয়ঁ লে বেঁ-তে অনুষ্ঠিত এবারের জি৭ সম্মেলনটি প্রথাগত গাম্ভীর্য পেরিয়ে বেশ উৎসবমুখর ও হালকা মেজাজে রূপ নিয়েছে।

কালের আলো/এসএকে