খুঁজুন
                               
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ়, ১৪৩৩
           

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

ম্যাচের প্রথমার্ধেই জমে উঠেছিল লড়াই। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে কেভিন পিনার নেওয়া ফ্রি-কিক উরুগুয়ের জাল কাঁপালে রূপকথার শুরু হয় কেপ ভার্দের। দেশের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোলের দেখা পায় তারা।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৪ মিনিটে) ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং যোগ করা সময়ে (৪৫+৫ মিনিটে) আগুস্তিন কানোপিওর ব্যাক-টু-ব্যাক গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

বিরতি থেকে ফিরে লিড ধরে রাখতে মরিয়া উরুগুয়ে আক্রমণাত্মক ধার বজায় রাখলেও কেপ ভার্দের জমাট রক্ষণভাগ আর ফাটল ধরতে দেয়নি। উল্টো ম্যাচের ৬১তম মিনিটে হেলিও ভারেলার করা গোল স্তব্ধ করে দেন লা সেলেস্তেদের। শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-২ সমতা ধরে রেখে মাঠ ছাড়ে দুদল।

প্রথম ম্যাচে ফেভারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পর উরুগুয়ের বিপক্ষে এই ড্র কেপ ভার্দেকে নকআউট পর্বের রেসে টিকিয়ে রাখল। অন্যদিকে, সৌদি আরবের পর কেপ ভার্দের সাথেও পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ পর্বে টিকে থাকার সমীকরণ কঠিন হয়ে উঠল উরুগুয়ের জন্য।

এই ড্রয়ের পর দুদলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে উরুগুয়ে, তিনে কেপ ভার্দে। এদিকে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান স্পেনের। আর তলানিতে আছে সৌদি আরব।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের রাষ্ট্রয়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই রোববার রাতে পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এ দুর্ঘটনা।

আরও বলা হয়েছে, ফায়ার সার্ভিস এবং বেসামরিক প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) বাহিনীর উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজদের সন্ধান পেতে তৎপরতা শুরু হয়েছে।কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরল জ্বালানি গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানিকারী দেশ।

রাজধানী দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান কৌশলগতভাবে কাতারের খুব গুরুত্বপূর্ণ শহর; কারণ দেশটির অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা এই শহরটিতে অবস্থিত। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও এমনই একটি এলএনজি প্রস্তুতকারী কারখানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে কারখানা ভবন থেকে বড় ও ভারী কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে।

রাস লাফফানের বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের জেরে সৃষ্ট আগুনের লেলিহান শিখা ২০ কিলোমিটার দূর থেকেও খালি চোখে দেখা যাচ্ছিল; আর বিস্ফোরণের শব্দ এত প্রকট ছিল যে রাজধানী দোহায়ও সেটির আওয়া পাওয়া গেছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানার ভেতের নতুন একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। রোববার সেই প্ল্যান্টেরকাজ শুরুর পরপরই বিস্ফোরণ ঘটে।

সূত্র : রয়টার্স, এএফপি, ফার্স্টপোস্ট

কালের আলো/এএইচ/এমএসআইপি 

দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক 

সাক্ষাতের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উভয়ের একান্ত বৈঠকের পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এর কিছুক্ষণ পর উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়েছে।

একান্ত বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম ছিলেন।

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা।

কালের আলো/এসআর/এএএন

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস 

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রোববার (২১ জুন) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

ভারী বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টায়) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টায়) বর্ষণ হতে পারে।

অন্যদিকে ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে সংস্থাটি। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া তথ্যে দেশের ১৫ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা জানা যায়।

নদীবন্দরে পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে রংপুর, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি