খুঁজুন
                               
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ়, ১৪৩৩
           

হরমুজে সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, বৈঠক কাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
হরমুজে সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, বৈঠক কাল

গত তিনদিনের পাল্টাপাল্টি হামলার পর অবশেষে হরমুজ প্রণালিতে সংঘাত বন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান।

আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) কাতারের দোহায় দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রণালি ঘিরে বিরোধ মেটানোই হবে বৈঠকের মূল আলোচ্য বিষয়।

এর মধ্যে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পরিচালনা ও পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তার সতর্কবার্তা, হরমুজ প্রণালি পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সবধরনের সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শেষে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকেই নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা।

এদিকে, সাম্প্রতিক মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান।

দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের বিরুদ্ধে ‘শিশুহত্যা’, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

জাপানের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
জাপানের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

হেক্সা মিশনের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মাঠে নামছে ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলবে সেলেসাওরা। শেষ বত্রিশে ভিনিসিয়ুসদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। রোববার (২৮ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

জাপানের বিপক্ষে ম্যাচে রক্ষণে পরীক্ষিত চার তারকার উপরই ভরসা রাখছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন অ্যালিসন বেকার। এরপর ৪-২-৩-১ ফরমেশনে রক্ষণে থাকছেন দানিলো, মার্কিনিয়োস এবং গ্যাব্রিয়েল মাগালেয়াস এবং ডগলাস সান্তোস।

মাঝমাঠের খেলা নিয়ন্ত্রণে থাকছে একপাশে ক্যাসেমিরো এবং অপরপাশে ব্রুনো গিমারেস। এ দুজনের সঙ্গে থাকবেন লুকাস পাকেতাও।

আর আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে থাকবেন মাথেউস কুনিয়া এবং তরুণ রায়ান। স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশ থেকে কোনো পরিবর্তন আনেননি আনচেলত্তি।

এদিকে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না নেইমার জুনিয়র। যথারীতি আজও তিনি বেঞ্চে থেকেই খেলতে নামবেন। স্কটিশদের বিপক্ষে ১৫ মিনিট খেললেও আজ সময় বেশি পেতে পারেন তিনি।

ব্রাজিলের একাদশ:
আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাথিয়াস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

কালের আলো/আরডি/এমডিএইচ

আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার

জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হককে ভোটদানে বিরত থাকতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলেন। অর্থ বিলের ওপর সংশোধনী প্রস্তাব ভোটে দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’

স্পিকারের এ বক্তব্যের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়।

কালের আলো/এসএকে

বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজ নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আরও দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ–সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল অঞ্চলের অন্তর্ভুক্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর। একইসঙ্গে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা।

আরেকটি পৃথক প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ রাখার অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আরও একটি পৃথক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।

কালের আলো/এসএকে