খুঁজুন
                               
, ,
           

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

এনডব্লিউএসের দাবি, গত ৬ বছরে অরুণাচলের সীমান্তবর্তী ৫টি এলাকা চীনের দখলে চলে গেছে। ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপের আহ্বান জানিয়ে অরুণাচলের আপার সুবানসিড়ি জেলা প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে এনডব্লিউএস।সেখানে চীনের দখলে চলে যাওয়া ৫টি এলাকার নাম উল্লেখ করা হয়েছে।

এই ৫টি এলাকাই আপার সুবানসিড়ি জেলার তাকসিং উপজেলার অন্তর্গত। এলাকাগুলো হলো, (১) ওয়িং—এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। (২) পোট্রাং (হ্রদ), এটি স্থানীয়দের কাছে একটি পবিত্র তীর্থস্থান। (৩) মারপান (মারনাফে) অঞ্চল, এখানে চিনা সেনার গতিবিধি নজরে এসেছে। (৪)পানিয়ার (চুজারতা এলাকা), স্থানীয় আদিবাসীদের ঐতিহ্যবাহী অঞ্চল এটি। (৫) টিনডিনটাং (টিজি), তাকসিং সদর দপ্তরের খুব কাছে অবস্থিত এলাকাটি।

স্মারকলিপিতে এনডব্লিউএস জানিয়েছে, চীনের সীমান্তবর্তী এসব এলাকা ২০২০ সাল পর্যন্ত স্থানীয় আদিবাসীদের দখলে ছিল এবং এসব এলাকায় বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর পৈতৃক জমি এবং পশুচারণ ভূমি ছিলো। কিন্তু চীন গত ৬ বছরে ধীরে ধীরে এসব এলাকা দখল করায় নিজেদের জমির অধিকার হারিয়েছেন আদিবাসীরা।

গতকাল সোমাবর রাজধানী ইটানগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাদর সাংবাদিকদের জানিয়েছেন, গত ১০-১৫ বছর ধরে ওই এলাকায় ধীরে ধীরে দখলদারি শুরু করেছে চীন। তবে ২০২০ সাল থেকে এই আগ্রাসন ভয়ংকরভাবে বেড়ে গিয়েছে।

“ভারতীয় সেনার উপর আমাদের ভরসা রয়েছে। এত বছর ধরে তারা আমাদের ভূমি রক্ষা করে এসেছে; কিন্তু বর্তমানে তাদের সেই চেষ্টা কোনওভাবে ব্যর্থ হচ্ছে। তাকসিং অঞ্চলে পিএলএ’র (চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি ওরফে পিএলএ) উদ্দেশ্য কোনওভাবেই সৎ নয়, বরং যা চলছে তা অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন, ইঞ্চি ইঞ্চি করে জমি হারাচ্ছি আমরা। চিন সেনা ভারতের ভিতরে ঢুকে পাকা রাস্তা, সেনা ক্যাম্প পর্যন্ত তৈরি করে ফেলেছে।”

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচল  বিধানসভার বিধায়ক নাকাপ নালো। এক বিবৃতিতে বিধায়ক নালো বলেছেন, “এটি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি বিষয়। জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর উচিত স্থানীয়দের করা অভিযোগগুলো খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা।”

এদিকে ভারতের সেনাবাহিনী এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি অরুণাচল রাজ্যে চীনা পিএলএ-র অনুপ্রবেশ এবং শিবির স্থাপনের অভিযোগ তুলে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন ভারতীয় সেনাবাহিনীর নজরে এসেছে। এই প্রতিবেদনগুলো অসঠিক এবং ভিত্তিহীন।”

উল্লেখ্য, অরুণাচল রাজ্যকে ঘিরে দীর্ঘদিন ধরে জটিল ভূরাজনৈতিক ও সীমান্ত টানাপোড়েন চলছে চীন এবং ভারতের মধ্যে।

অরুণাচলকে চীনের ভূখণ্ড থেকে পৃথককারী ম্যাকমোহন লাইনকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)  হিসেবে ভারত স্বীকৃতি দিলেও বেইজিং তা মানতে নারাজ।

চীন এই রাজ্যকে দক্ষিণ তিব্বত বা জাংনান নামে অভিহিত করে। তাদের দাবি, এই রাজ্য তিব্বতের ঐতিহাসিক বৌদ্ধ সংস্কৃতির অংশ।

অন্যদিকে  ভারত বরাবরই দাবি করে আসছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অবিসংবাদিত অঙ্গ।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

দুর্যোগ সচিব সাইদুরকে দুদকে বদলি, সচিব পদে পদোন্নতি পেলেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
দুর্যোগ সচিব সাইদুরকে দুদকে বদলি, সচিব পদে পদোন্নতি পেলেন ফজলুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতির পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া অন্য আদেশে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রাশিদুল ইসলামকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ এর অতিরিক্ত সচিব আমেনা বেগম রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, সুইমিংপুল , জিমনেসিয়ামসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, সমস্ত স্থপনা সংস্কার করা খুব জরুরী। সরকার স্থাপনা নির্মাণ করবে কিন্ত তার দেখভাল করার জন্য কমিটিকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যেসব দোকান আছে তাদের নিকট  চিঠি দিয়ে ভাড়া আদাযের পদক্ষেপ নিতে হবে।

এর ব্যত্যয় ঘটলে আইনী পন্থায় দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ দোকানের বরাদ্দ বাতিল করতে হবে।

কারণ আপনাদের নিজস্ব আয়ের মাধ্যমে স্টেডিয়াম পরিচালনা করতে হবে। এ সময় তিনি জেলা ক্রীড়া অফিসারগনকে দিক নির্দেশনা দেন।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক।

জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান, নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

তিন মামলায় উচ্চ আদালতে ব্যারিস্টার সুমনের জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
তিন মামলায় উচ্চ আদালতে ব্যারিস্টার সুমনের জামিন

রাজধানীর মুগদা ও খিলগাঁও থানার পৃথক দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

একইসঙ্গে চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।

বুধবার (২৯ জুলাই) মুগদা থানার হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার একটি হত্যা মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে ব্যারিস্টার সুমনকে জামিন দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

সুমনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী এম লিটন আহমেদ। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইছা।

আইনজীবী লিটন আহমেদ জানান, ‘খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় আগে রুল জারি করা হয়েছিল। আজ সেই রুল অ্যাবসুলেট (চূড়ান্ত) করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।’

এদিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় গত ২২ জুলাই হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করলে বিচারপতি রেজাউল হকের চেম্বার আদালত আজ কোনো স্থগিতাদেশ না দিয়ে জামিন বহাল রাখার আদেশ দেন।

সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির বিষয়ে জানতে চাইলে আইনজীবী লিটন আহমেদ বলেন, ‘ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর ও চুনারুঘাট  থানার মামলাসহ দুটিতে তার জামিন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তবে বাকি আরও পাঁচটি মামলায় হাইকোর্টে রুল শুনানির অপেক্ষায় রয়েছে। ফলে এই মামলাগুলোতে জামিন না পাওয়া পর্যন্ত তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে গ্রেফতার করা হয় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে। প্রথমে তাকে মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।

পরবর্তীতে গত বছরের ২১ মে থেকে বিভিন্ন সময়ে রাজধানীর খিলগাঁও, আদাবর এবং নিজ এলাকা চুনারুঘাট থানায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়

গত ৭ এপ্রিল চুনারুঘাট থানার মামলায় সুমনের জামিন আবেদন নাকচ করেছিলেন হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত, যার প্রেক্ষিতে তিনি উচ্চ আদালতে আবেদন করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ