খুঁজুন
                               
, ,
           

আবারও পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
আবারও পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের বাহিনী দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চারটি সাধারণ ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি।

বুধবার (১ জুলাই) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত এক বিবৃতিতে জানান, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) ঘাঁটি লক্ষ্য করে এবং তাদের সহযোগীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বিমান বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন পরিচালনা করেছে। এতে জঙ্গি গোষ্ঠীটির ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।

তবে কীভাবে এই হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি মন্ত্রণালয়।

লন্ডন-ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই ও সম্পূর্ণ কার্যকর বিমান বাহিনীও নেই, তবে তাদের কাছে অন্তত ছয়টি সামরিক বিমান এবং ২৩টি হেলিকপ্টার রয়েছে বলে জানা যায়। এছাড়াও তালেবান বাহিনীর কাছে ছোট ড্রোন রয়েছে, যা পাকিস্তানের সঙ্গে সংঘাতে আগেও ব্যবহার করেছে তালেবানরা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ঘাঁটিগুলো নির্দিষ্ট কিছু শত্রুভাবাপন্ন গোয়েন্দা চক্রের সহযোগিতায় আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমন্বয় ব্যবহৃত হতো এবং বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘাঁটি হিসেবে কাজ করেছিল।’

এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করলেও ভিন্ন দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

বুধবার এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগান তালেবান বাহিনী বেলুচিস্তানে সীমান্ত পেরিয়ে চারটি সাধারণ মানের ড্রোন উৎক্ষেপণ করেছিল… তাবে পাকিস্তানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে এই ড্রেনিগুলোকে শনাক্ত ও ভূপাতিত করে।

এই ঘটনাকে উসকানিমূলক আখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আফগান তালেবানরা যদি পাকিস্তানকে উস্কানি দিতে থাকে, তবে তারা এর উপযুক্ত জবাব পাবে, যার জন্য তাদের চরম মূল্য দিতে হবে।’

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই হামলাটি ছিল মূলত পাকিস্তানের আগের একটি সামরিক অভিযানের সরাসরি পাল্টা জবাব। গত ২৮ জুন রাতে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের ভেতরে কুনার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের সেই হামলায় অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হন, যা আফগান তালেবান সরকারকে ক্ষুব্ধ করে তোলে।

প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর প্রথম দিকে পাকিস্তান তাদের সমর্থন করলেও, পরবর্তীতে সীমান্ত দিয়ে সন্ত্রাসী অনুপ্রবেশ ও হামলা বৃদ্ধি পাওয়ায় দুই দেশের দূরত্ব বাড়তে থাকে।

পাকিস্তানের অভিযোগ, জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের মাটিতে নিরাপদ আশ্রয় পেয়ে সেখান থেকে পাকিস্তানে বড় বড় আত্মঘাতী ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করলেও এনিয়ে ২০২৫ সালের অক্টোবর থেকে বেশ কয়েকদফায় আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশে ভয়াবহ হামলা চালিয়েছে। এর জবাবে আফগান বাহিনী পাল্টা আক্রমণ করে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা, টোলো নিউজ

কালের আলো/আরডি/এমডিএইচ

দুর্যোগ সচিব সাইদুরকে দুদকে বদলি, সচিব পদে পদোন্নতি পেলেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
দুর্যোগ সচিব সাইদুরকে দুদকে বদলি, সচিব পদে পদোন্নতি পেলেন ফজলুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতির পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া অন্য আদেশে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রাশিদুল ইসলামকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ এর অতিরিক্ত সচিব আমেনা বেগম রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, সুইমিংপুল , জিমনেসিয়ামসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, সমস্ত স্থপনা সংস্কার করা খুব জরুরী। সরকার স্থাপনা নির্মাণ করবে কিন্ত তার দেখভাল করার জন্য কমিটিকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যেসব দোকান আছে তাদের নিকট  চিঠি দিয়ে ভাড়া আদাযের পদক্ষেপ নিতে হবে।

এর ব্যত্যয় ঘটলে আইনী পন্থায় দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ দোকানের বরাদ্দ বাতিল করতে হবে।

কারণ আপনাদের নিজস্ব আয়ের মাধ্যমে স্টেডিয়াম পরিচালনা করতে হবে। এ সময় তিনি জেলা ক্রীড়া অফিসারগনকে দিক নির্দেশনা দেন।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক।

জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান, নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

তিন মামলায় উচ্চ আদালতে ব্যারিস্টার সুমনের জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
তিন মামলায় উচ্চ আদালতে ব্যারিস্টার সুমনের জামিন

রাজধানীর মুগদা ও খিলগাঁও থানার পৃথক দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

একইসঙ্গে চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।

বুধবার (২৯ জুলাই) মুগদা থানার হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার একটি হত্যা মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে ব্যারিস্টার সুমনকে জামিন দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

সুমনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী এম লিটন আহমেদ। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইছা।

আইনজীবী লিটন আহমেদ জানান, ‘খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় আগে রুল জারি করা হয়েছিল। আজ সেই রুল অ্যাবসুলেট (চূড়ান্ত) করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।’

এদিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় গত ২২ জুলাই হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করলে বিচারপতি রেজাউল হকের চেম্বার আদালত আজ কোনো স্থগিতাদেশ না দিয়ে জামিন বহাল রাখার আদেশ দেন।

সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির বিষয়ে জানতে চাইলে আইনজীবী লিটন আহমেদ বলেন, ‘ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর ও চুনারুঘাট  থানার মামলাসহ দুটিতে তার জামিন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তবে বাকি আরও পাঁচটি মামলায় হাইকোর্টে রুল শুনানির অপেক্ষায় রয়েছে। ফলে এই মামলাগুলোতে জামিন না পাওয়া পর্যন্ত তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে গ্রেফতার করা হয় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে। প্রথমে তাকে মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।

পরবর্তীতে গত বছরের ২১ মে থেকে বিভিন্ন সময়ে রাজধানীর খিলগাঁও, আদাবর এবং নিজ এলাকা চুনারুঘাট থানায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়

গত ৭ এপ্রিল চুনারুঘাট থানার মামলায় সুমনের জামিন আবেদন নাকচ করেছিলেন হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত, যার প্রেক্ষিতে তিনি উচ্চ আদালতে আবেদন করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ