খুঁজুন
                               
, ,
           

বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল এখনো ব্রাজিল। পাঁচবার শিরোপা জয়ের পাশাপাশি নকআউট পর্বে সবচেয়ে বেশি বার জায়গা করে নেওয়ার রেকর্ডও নেইমারদের দখলে। তবে সেই তালিকায় এবার ব্রাজিলের আরও কাছাকাছি পৌঁছে গেছে আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে ১১তমবারের মতো শেষ ষোলোতে খেলার কৃতিত্ব অর্জন করেছে আলবিসেলেস্তেরা।

এই তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। জাপানকে ২-১ গোলে হারিয়ে সেলেসাওরা ১৩তমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান এখন মাত্র দুই আসরের।

আর্জেন্টিনা ছাড়াও স্পেনও এবার দশমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছে জার্মানি। ফলে ১০ বার শেষ ষোলোতে ওঠার রেকর্ডেই আটকে থাকল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের ইতিহাসে মাত্র একবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে নকআউটে উঠতে ব্যর্থ হয়েছিল তারা। এরপর থেকে ধারাবাহিকভাবে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের জায়গা ধরে রেখেছে আকাশি-নীলরা।

তবে বিশ্বকাপের শুরুতে ব্রাজিলের তুলনায় পিছিয়ে পড়ার একটি কারণও রয়েছে। ১৯৩৮ সালের বিশ্বকাপে অংশ নেয়নি আর্জেন্টিনা। সেই আসরে ব্রাজিল খেলায় দুই দলের নকআউটে ওঠার সংখ্যায় ব্যবধান আরও বেড়ে যায়। এখন অবশ্য সেই ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কালের আলো/জেএন/এমএসআইপি 

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানের চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানের চিঠি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জনগণকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) ট্রাম্পকে পাঠানো চিঠিতে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেছেন তারেক রহমান।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় এক মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। বিগত ৫ দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং ব্যাপক জনগণের সম্পর্ক অন্তর্ভুক্ত হয়ে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারিত্ব বিকশিত হয়েছে।

সরকারপ্রধান বলেন, বর্তমানে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়াও রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

আগামী দশকগুলোয় যুক্তরাষ্ট্র মহত্ত্বের পথে আরও এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা করে তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার ও আমি দু’দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও গভীর করতে আপনার ও মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করে যাব।

এই আনন্দময় উপলক্ষে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও অব্যাহত সাফল্য এবং যুক্তরাষ্ট্রের বন্ধুসুলভ জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করছি।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোনোরকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শনিবার (৪ জুলাই) নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নীতি “সবার আগে বাংলাদেশ”-কে প্রাধান্য দিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কেশরহাট পৌরসভার সাঁকোয়া মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সাঁকোয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালাম মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুস সালামকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ওই ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি