পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৫ জুলাই) সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআরের কমান্ডার রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি পিজিআরের সব কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও অন্যান্য সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের সময় নিহত পিজিআরের পাঁচ সদস্যসহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী সব সদস্যকে স্মরণ করেন।
রাষ্ট্রপতি বলেন, পিজিআরের সদস্যরা নিজেদের আরও দক্ষ, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।
পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ও পিজিআরের কমান্ডার তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীকেও পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্যে পিজিআরের সদস্যদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পিজিআরের সদস্যরা একই নিষ্ঠা ও পেশাদারত্ব বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এবং সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ


আপনার মতামত লিখুন
Array