ওসমান হাদি হত্যা: ১৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ২০ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৮তম দফায় সময় পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত আগামী ২০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান।
মামলার তথ্য অনুযায়ী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে ওসমান হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রের বিরুদ্ধে মামলার বাদী নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর থেকে মামলাটির তদন্ত করছে সিআইডি। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ১৮ দফায় সময় বাড়ল।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array