খুঁজুন
                               
, ,
           

কালো ধোঁয়ায় নগরবাসীর নিঃশ্বাস ভারী, ডিএমপির ৯১৫ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
কালো ধোঁয়ায় নগরবাসীর নিঃশ্বাস ভারী, ডিএমপির ৯১৫ মামলা

রাজধানীর সড়কে কালো ধোঁয়া ছড়ানো যানবাহনের কারণে বাড়ছে পরিবেশদূষণ। নগরবাসীর স্বস্তির নিঃশ্বাস নিশ্চিত করতে এমন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৯১৫টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, পরিবেশদূষণ রোধ এবং সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৯১৫টি মামলা করা হয়।

তিনি আরও জানান, জুলাই মাসে ট্রাফিক বিভাগের মধ্যে রমনা বিভাগে ৩৪টি, মতিঝিল বিভাগে ৩৫৪টি, লালবাগ বিভাগে ৪টি, ওয়ারী বিভাগে ১৭২টি, তেজগাঁও বিভাগে ১৩১টি, মিরপুর বিভাগে ৩৬টি, উত্তরা বিভাগে ১২৮টি এবং গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়েছে।

পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

কালের আলো/জেএন/এমএসআইপি

রাজশাহী ক্যাডেট কলেজে টানা ১৭ বছর শতভাগ জিপিএ-৫

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
রাজশাহী ক্যাডেট কলেজে টানা ১৭ বছর শতভাগ জিপিএ-৫

এসএসসি পরীক্ষায় টানা ১৭ বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার অনন্য রেকর্ড ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই ১৭ বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ৮৩২ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়।

রোববার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় ঘটেছে। পাসের হার নেমেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে, যা বোর্ড থেকে প্রকাশিত গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরও এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। এক বছরের ব্যবধানেই পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ।

তবে ভালো ফলাফলে ধারাবাহিকতা বজায় রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। ফলে টানা ১৭ বছর ধরে শতভাগ জিপিএ-৫ পাওয়ার বিরল সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

কলেজের তথ্য অনুযায়ী, ২০১০ সালে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৪ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পায়। এ ছাড়া ২০১১ সালে ৪৩, ২০১২ সালে ৫১, ২০১৩ সালে ৪৭, ২০১৪ সালে ৫২, ২০১৫ সালে ৫৬, ২০১৬ সালে ৫৫, ২০১৭ সালের ৫১, ২০১৮ সালের ৫০, ২০১৯ সালের ৪৫, ২০২০ সালের ৪৬, ২০২১ সালে ৫১, ২০২২ সালের ৪৬, ২০২৩ সালের ৫১, ২০২৪ সালে ৪৮ এবং ২০২৫ সালের ৪৭ জনের সবাই জিপিএ-৫ পান।

মাঝে তিন বছর করোনাভাইরাস মহামারির কারণে এসএসসি পরীক্ষার ধরন ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন হয়। এরমধ্যে ২০২০ সালে করোনা মহামারি শুরু হলেও এসএসসি পরীক্ষা সরাসরি অনুষ্ঠিত হয়েছিল। পরের বছর ২০২১ সালে করোনার কারণে পূর্ণাঙ্গ এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

ওই বছর শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হয়। অন্যান্য বিষয়ের ফলাফল নির্ধারণে আগের পরীক্ষার ফল ও বিষয়ভিত্তিক মূল্যায়নের পদ্ধতি অনুসরণ করা হয়। ২০২২ সালে পরিস্থিতির উন্নতি হলেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সিলেবাসে। এ সময়েও কলেজটি শতভাগ জিপিএ-৫ নিশ্চিত করে।

শিক্ষকদের ভাষায়, সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত অধ্যয়ন, অভিজ্ঞ শিক্ষক, মানসম্মত শিক্ষা, মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করা হয়। এ কারণে এমন ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হচ্ছে।

রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  এ কে এম আজিজুল হক জানান, ক্যাডেট কলেজগুলোতে শুধু লেখাপড়া নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলা অনুশীলন করা হয়। এছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘সারা দেশের বেশিরভাগ শিক্ষার্থী এবার প্রথম সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় পরীক্ষা দিয়েছে। কিন্তু আমাদের ক্যাডেটরা আরও ৮ বছর আগে থেকে এভাবে পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্রেও তাদের মধ্যে অনেকটা দূরত্ব রেখে বসানো হয়। একটা কক্ষে মাত্র ১২-১৪ জন থাকে। তাঁরা জানে, কেন্দ্রে গিয়ে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে না। তাই তাঁরা সেভাবেই প্রস্তুতি নেয়।’

কলেজের অধ্যক্ষ আরও বলেন, সামগ্রিক বিবেচনায় ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থদের শিক্ষায় সমৃদ্ধ করে নৈতিক চরিত্রে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে। ভবিষ্যতে এ ধারা যেন অব্যাহত থাকে সে জন্য তিনি কলেজের পক্ষ থেকে সবার কাছে দোয়া চান।

কালের আলো/এএইচ/এমএসআইপি

দক্ষ জনশক্তি রপ্তানিতে সুইডেনের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
দক্ষ জনশক্তি রপ্তানিতে সুইডেনের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুইডেনসহ ইউরোপের বাজারে কেয়ারগিভারসহ দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। বাংলাদেশে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, প্রশিক্ষণ জোরদার ও দক্ষ মানবসম্পদ রপ্তানিতে সুইডেন সরকারের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ সহযোগিতা চান।

বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষা ও কারিগরি সহায়তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সরকার কারিগরি শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে দক্ষ ও বিশ্বমানের মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে।

এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা ও প্রকল্প নেওয়া হচ্ছে।

বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূত জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের সঙ্গেই সুইডেনের ‘দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশল’ রয়েছে।

বাংলাদেশের সঙ্গে সুইডেনের বাণিজ্যিক সম্পর্কও ক্রমে গভীর হচ্ছে। তৈরি পোশাক ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ছে।

রাষ্ট্রদূত আরও জানান, বর্তমানে সুইডেনে প্রায় ১০ হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের একটি বড় অংশ শিক্ষার্থী।

অনিয়মিত অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিকোলাস লিনাস রাগনার উইকস বলেন, মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে কিছু নিরপরাধ মানুষ অনিয়মিত অভিবাসনের শিকার হচ্ছেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। উন্নত জীবনের প্রত্যাশা এবং পাচারকারীদের প্রলোভন এ সমস্যার অন্যতম কারণ। এ বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী গণসচেতনতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি। সুইডেন রোহিঙ্গা ডোনার গ্রুপের কো-চেয়ার হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে বিষয়টি রাখতে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা বাড়ানোর অনুরোধ জানান।

সুইডিশ রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা ও নিরাপত্তার বিষয়ে কাজ করার সুইডেনের আগ্রহের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে সম্মানজনক ও স্থায়ী প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশে সুইডিশ দূতাবাসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর প্রধানের বাসভবনে আয়োজিত চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা’র কোনো ছবি নেই। সেখানে ৭ মার্চের শেখ মুজিবের ভাষণের ইতিহাস তুলে ধরা হয়েছে। আজ খুবই চক্রান্তমূলকভাবে কোনটা বড় কোনটা ছোট এটা যাচাই করার চেষ্টা করছেন। এটাতে কোনো লাভ হবে না। এই জাতি স্বাধীনতা রক্ষা করতে জানে।

তিনি বলেন, ২০০৮ সালের পাঁতানো নির্বাচনের পর থেকে একই পন্থায় ক্ষমতা ধরে রেখেছিলো একটি বড় দল। বর্তমানে তারা পার্শ্ববর্তী দেশকে আকড়ে ধরে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

জামায়াতকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে দলটি। তাদের বীরত্বের কোন ইতিহাস নেই, আছে শুধু দালালীর ইতিহাস। ৭১ এ পাকিস্তানিদের সাথে আঁতাত ও পরবর্তীতে এরশাদের সঙ্গে যোগ দিয়ে দেশের ক্ষতি করেছে জামায়াত। ছাত্রশিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে উল্লেখ করে রিজভী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৭১-এর পাল্লাকে ছোট করে দেখাচ্ছে তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠনের দাঁড়িপাল্লা আঁকার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ৭১ কে হালকা করে দেখিয়েছে। এগুলো উদ্দেশ্যপ্রণোদিত। একাত্তরের চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানেরা ’২৪-এ শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছে।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

কালের আলো/এসএকে