‘প্রযুক্তি গ্রাম’ দেশের ৯০ হাজার গ্রামে ছড়িয়ে পড়বে: এমরান সালেহ প্রিন্স
ময়মনসিংহ সদর উপজেলার চক নজুরে প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহ স্যাটেলাইট স্টেশনের তত্ত্বাবধানে চক নজুর গ্রামকে ‘প্রযুক্তি গ্রাম’ ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গ্রামের কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এই গ্রামে প্রযুক্তির মাধ্যমে ধানের বীজ রোপণ করা হচ্ছে। এসব সহযোগিতার কারণে কৃষকের উৎপাদন ব্যয় কমেছে এবং আয় বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার পরিদর্শনকালে প্রিন্স গ্রামের কৃষিজমিতে রোপণ করা বিভিন্ন জাতের ধানের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং ধানের ফলন, জাতভিত্তিক বৈশিষ্ট্য ও কৃষকদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ময়মনসিংহ স্যাটেলাইট স্টেশন ‘প্রযুক্তি গ্রাম’ এর সার্বিক কার্যক্রম অবহিতকরণ, কৃষক-কৃষাণিদের সাথে মতবিনিময়, ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির আওতায় গ্রামের শিক্ষার্থীদের মাঝে চারা গাছ ও কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স ধান গবেষণা ইনস্টিটিউটের ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে দেশের ৯০ হাজার গ্রামে প্রযুক্তি গ্রাম ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, সুদসহ কৃষিঋণ মওকুফ, খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, তারেক রহমান কৃষি ও কৃষক বান্ধব প্রধানমন্ত্রী। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। শুধু বড় বড় অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন হবে না, প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নই প্রকৃত উন্নয়ন।
আধুনিক কৃষি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমানো, ফলন বাড়ানো এবং কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার জন্য মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে হবে। ‘প্রযুক্তি গ্রাম’ উদ্যোগের মাধ্যমে কৃষকরা সরাসরি উন্নত জাত, প্রযুক্তি ও কৃষি উপকরণের সুবিধা পাওয়ায় এর সুফল আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম এবং প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্যাটেলাইট স্টেশন, ময়মনসিংহের উপকেন্দ্র পরিচালক ও প্রধান ড. আফছানা আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও কৃষির উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে বৃক্ষরোপণ, স্থানীয় উপযোগী ধানের জাত সংরক্ষণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্যও রক্ষা করা সম্ভব হবে।
এমরান সালেহ প্রিন্স শিক্ষার্থীদের মাঝে চারা গাছ ও কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করেন এবং অনুষ্ঠানস্থলে নিম গাছের চারা রোপণ করেন।
কালের আলো/এম/এএইচ

আপনার মতামত লিখুন
Array