খুঁজুন
                               
, ,
           

ঢাকার বায়ুদূষণ আজও অস্বাস্থ্যকর

কালের আলো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
ঢাকার বায়ুদূষণ আজও অস্বাস্থ্যকর

বায়ুদূষণের তালিকায় আজ বিশ্বের শহরগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৯ আগস্ট) সকালে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১০৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, এদিন ১৭৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, তৃতীয় দোহা, চতুর্থ কুচিং এবং পঞ্চম অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। তাই ঢাকার বর্তমান বায়ুমান জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে আলোচনা

শ্রম সহযোগিতা ও প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণে কাতারের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বিশেষ গুরুত্ব পায় শ্রম সহযোগিতা, কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা এবং দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যে শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কালের আলো/এএএন/এমএসআইপি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে নিহত ৩০

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেশটির নানা-মাম্বেরে প্রিফেকচারের আব্বা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহ্যবাহী ও অপ্রচলিত পদ্ধতিতে পরিচালিত ওই সোনার খনিটি হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা কয়েক ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করেন। আহত কয়েকজন শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে কাদা ও ধ্বংসস্তূপের মধ্য থেকে শ্রমিকদের মরদেহ উদ্ধারের দৃশ্য দেখা গেছে।

উপ-প্রশাসনিক অঞ্চলের উপমেয়র সুলেমান বি ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করে ধসে পড়া খনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট সবার কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খনি শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে বলেন, খনির আরও গভীরে অনেক শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন। তবে সময় যত গড়াচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমে আসছে।

সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারকে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সরকার কাজ করছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়া ছোট পরিসরে ও অপরিকল্পিতভাবে খননকাজ পরিচালনার কারণে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে। এবারের দুর্ঘটনাতেও খনিটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

কালের আলো/এসএ

সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫৩ ও ২১৬৫ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ার।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো– সার্প ইন্ডাস্ট্রি, ডোমিনেজ স্টিল, সমরিতা হসপিটাল, বেক্সিমকো লিমিটেড, এনভয় টেক্সটাইল, মালেক স্পিনিং, রানার অটো, সামিট পোর্ট, সায়হাম টেক্সটাইল ও এমএল ডায়িং।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৬ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ, সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দর।

কালের আলো/এএইচ/এমএসআইপি