খুঁজুন
                               
, ,
           

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

বগুড়ার মোকামতলা বন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৫৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এক সহকর্মীর সঙ্গে ছুটিতে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে মোকামতলা বন্দরে বাস থেকে নেমে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।

তিনি জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালের আলো/এসএ

ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন ডা. জুবাইদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন ডা. জুবাইদার

চোখে ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অপারেশনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে বিতরণ করেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারের একটি বেসরকারি হাসপাতালের অর্থায়নে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, এতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

চট্টগ্রাম রেঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, গ্রেপ্তার ১৭২

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
চট্টগ্রাম রেঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, গ্রেপ্তার ১৭২

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মোট ১৬৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ১৬ হাজার ৮১৬ পিস ইয়াবা, ৩২ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০১ লিটার চোলাই মদ, ২১৪ বোতল স্কফ সিরাপ, ৭৫০ মিলিলিটার বিদেশি মদ এবং ৭০টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার ১৭২ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে মোট ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার

আগামীকাল নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে সরে দাঁড়ান। এর একদিন আগে, বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি হিসেবে শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ শেষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক আবাসিক কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হচ্ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ