খুঁজুন
                               
, ,
           

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন দিয়ে বিদায় নিয়েছেন: ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন দিয়ে বিদায় নিয়েছেন: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে চিরজীবনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃস্থাপনকৃত ঐতিহাসিক নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাদের সেই মা, যার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আমরা প্রস্তাব করেছিলাম, উনি প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহীর আরএমপির শুভ সূচনা করছিলেন এবং সেই সময় এখানে ভিত্তিপ্রস্তর করেছিলেন। আজকের এই দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসি করুন। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজকে তার জন্য কাঁদছে। ১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন। আর এই আরএমপি রাজশাহী প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ​বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ খুব ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি, অবৈধ্যভাবে চোরাচালান করে এবং মাদকদ্রব্যের ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। মাদক এবং মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। আজকের এই শুভদিনে আমার সকল সহকর্মীদেরকে অনুরোধ করব আপনারা রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতোমধ্যে আরএমপি আস্থা অর্জন করেছে। আমরা এখানে সকল নেতারা আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদেরকে আমরা কিছু বলব না। আইনটা নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সুখী সমৃদ্ধিশীল হবে।

আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান ও প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কালের আলো/আরডি/এমডিএইচ

জ্বালানি সংকট কাটবে, তবে ধীরগতিতে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
জ্বালানি সংকট কাটবে, তবে ধীরগতিতে: অর্থমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সমস্যা এক মাসে সমাধান হওয়ার মতো সমস্যা নয়। তবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। জ্বালানি সংকট সমাধান হবে; তবে ধীরগতিতে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কোনো কিছুই করা সম্ভব নয়। এ জন্য সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘একা অর্থমন্ত্রী বা সরকার কিছু করতে পারে না। বিনিয়োগের পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এসে বারবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে।’

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কমিটি গঠন এবং ওয়েবসাইট চালু করা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীরা কোথাও আটকে গেলে তা সমাধানে সরকার বদ্ধপরিকর। তবে কোথাও বাধার মুখে পড়লে ব্যবসায়ীদেরও নিজ উদ্যোগে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এদিকে সরকারি দফতরে অযথা বারবার কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে মানুষের যে অতিরিক্ত খরচ ও ভোগান্তি হয়, তা বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

আরও পড়ুন: গ্যাস হুট করে আনার জাদু নেই, সংকট সমাধানে লাগবে ২ বছর: অর্থমন্ত্রী

তিনি বলেন, ‘এই হয়রানি জ্বালানি সংকটের মতো নয় যে সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার চাইলে এই ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে।’

কালের আলো/আরডি/এমডিএইচ

খলিলুর রহমানের ব্যস্ততা, পররাষ্ট্রে বাড়ছে দায়িত্ব ভাগাভাগি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
খলিলুর রহমানের ব্যস্ততা, পররাষ্ট্রে বাড়ছে দায়িত্ব ভাগাভাগি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। কাজের চাপ সামলানো এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতেই দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মালিবাগের একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এ সময়ে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে। পাশাপাশি অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে।

তিনি জানান, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে। এসব নতুন কার্যক্রমের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ও কাজের পরিধি আরও বেড়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তাকে অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হবে। তাই কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা টিমওয়ার্কের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য হবে। বাংলাদেশ কোনো জোটে যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত সরকারই নেবে।

তিনি আরও বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে। বিদেশি কোনো গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে বাংলাদেশ প্রভাবিত হবে না।

কালের আলো/এমএসআইপি

ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন ডা. জুবাইদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন ডা. জুবাইদার

চোখে ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অপারেশনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে বিতরণ করেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারের একটি বেসরকারি হাসপাতালের অর্থায়নে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, এতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ